প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাজ্যসভার সদস্যদের বিদায় সংবর্ধনায় প্রধানমন্ত্রীর ভাষণের মূল অংশ

প্রকাশিত: 31 MAR 2022 1:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২


মাননীয় সভাপতি মহাশয়,

আপনি বক্তাদের জন্য সময় বেঁধে দিয়েছেন। আমি এই নির্দিষ্ট সময়ে আমার মনের কথা জানানোর চেষ্টা করছি।

আমরা একটি বিদায় সংবর্ধনায় উপস্থিত হয়েছি। আমাদের কয়েকজন সহকর্মীর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। বাংলায় যেমন বলা হয় ‘আমি আসছি’ বা গুজরাটি ভাষায় আমরা বলি ‘আউজো’, ‘কাম এগেইন’। যদিও ‘বাই-বাই’ বলার সময়, তবুও আমরা বলবো ‘কাম এগেইন’ – আবার আসবেন। তাই, আমরা আপনাদের আবারও আসতে বলছি। এইমাত্র সভাপতি মহাশয় বললেন, এখানে আপনাদের অনেকেই পাঁচবার, চারবার বা তিনবার সাংসদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে।  এই মহান ব্যক্তিত্বরা এখান থেকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন। কখনও জ্ঞানের থেকেও অভিজ্ঞতা আরও বেশি শক্তিশালী হয়।  

শিক্ষায় অর্জিত জ্ঞানে অনেক সীমাবদ্ধতা থাকে। এই জ্ঞান বিভিন্ন সম্মেলনে কাজে দেয়। কিন্তু, যখন অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জিত হয়, তখন তার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। মহত্বের সঙ্গে অভিজ্ঞতা যুক্ত হলে কাজ নির্ভুল হয়। এভাবেই অভিজ্ঞতার একটি আলাদা তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারি। সদন থেকে যখন এই ধরনের অভিজ্ঞ সহকর্মীরা বিদায় নেন, তখন  সদন এবং রাষ্ট্রের ক্ষতি হয়।  অভিজ্ঞ মানুষেরা সিদ্ধান্ত গ্রহণের সময় উপস্থিত না থাকলে আগামী প্রজন্মের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখে দিতে পারে। আর তাই, যাঁরা সেই সময় সদনে থাকবেন, তাঁদের উপর আরও বেশি দায়িত্ব বর্তায়। বিদায়ী অভিজ্ঞ সদস্যদের কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সদনের বর্তমান সদস্যদের উপর ন্যস্ত হয়। আর যখন তাঁরা সেই দায়িত্ব পালন করেন, তখন সদনের ক্ষমতা আগের মতোই বজায় থাকে। আসুন, আমরা আজ একটি সিদ্ধান্ত নিই যে, যাঁরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছেন, তাঁদের ভালো দিকগুলোকে আমরা গ্রহণ করি। নিশ্চিতভাবে অর্জিত জ্ঞান এই পবিত্র স্থানে ব্যবহার করলে তা যথেষ্ট লাভজনক হবে এবং দেশের সমৃদ্ধির পক্ষে সহায়ক হবে।

এই চার দেওয়ালের মধ্যে আমরা অনেকটা সময় কাটিয়েছি। ভারতের প্রতিটি কোণের আবেগের প্রতিফলন, বেদনার অভিব্যক্তি – এ সবকিছুই এখানে অনুভূত হয় এবং আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখবো। কখনও আমাদের মনে হয়, আমরা এই সদনকে অনেক কিছু দিয়েছি। এটা সত্যি। কিন্তু, একই সঙ্গে এই সদনও আমাদের জীবনে অনেক কিছুই দিয়েছে। আমরা সদনকে যা না দিয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি। ভারতের বৈচিত্র্যময় সামাজিক ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেক ধরনের ওঠা-পড়ার থেকে অর্জিত অভিজ্ঞতা আমরা এই সংসদে প্রতিদিন অনুভব করি।

আর তাই আজ আমি বলবো, যদিও আমরা এই সদন ছেড়ে চলে যাচ্ছি— কিন্তু, দেশের স্বার্থে এখানকার অভিজ্ঞতাকে আমরা চতুর্দিকে ছড়িয়ে দেব। এই চার দেওয়ালের মধ্যে যা আমরা অর্জন করেছি, তা চারদিকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা নেব। আমাদের কার্যকালে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবদান রেখেছি, যা দেশের অগ্রগতির পক্ষে সহায়ক হয়েছে, সেগুলিকে নথিভুক্ত করা প্রয়োজন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লাভজনক হবে।

আমরা এই সদনের যে কোনও জায়গায় বসতেই পারি। কিন্তু, প্রত্যেকে এখানে কিছু না কিছু গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, যা দেশকে চলার পথে দিশা দেখিয়েছে। আমরা যদি এগুলিকে লিপিবদ্ধ করি, তা হলে সেটি একটি মূল্যবান সম্পদ হবে বলে আমি মনে করি – যা ভবিষ্যৎ প্রজন্ম কাজে লাগাতে পারবে। একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার স্বার্থে ভবিষ্যতে এগুলি ব্যবহার করা যেতে পারে।

স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে আমরা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছি। আমাদের দেশের মহান ব্যক্তিত্বরা দেশ গঠনের কাজে অনেক অবদান রেখেছেন। আর এখন আমাদের দায়িত্ব হ’ল – দেশের জন্য কিছু করা। যেহেতু, আপনারা সদন থেকে বিদায় নিচ্ছেন, তাই আপনাদের কাছে একটু বেশি সময় থাকবে কারণ, সভাপতি মহোদয় কোনও সময়ের গণ্ডী আপনাদের জন্য বেঁধে দেবেন না। আপনারা বৃহৎ মঞ্চে প্রসারিত মনে আজাদি কা অমৃত মহোৎসবের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অংশ নিন, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি মনে করি, দেশ এর ফলে আরও শক্তিশালী হবে এবং দেশ লাভবান হবে।

আমি সমস্ত বন্ধুদের নাম আলাদা-আলাদাভাবে উল্লেখ করছি না। সভাপতি মহোদয় আমাকে বলেছেন, ব্যক্তিগতভাবে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করতে। আমি অবশ্যই চেষ্টা করবো, আপনাদের সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে এবং মন খুলে কথা বলতে। আপনাদের প্রত্যেকের ভালো বিষয়গুলি আমার নজরে এসেছে।

আরও একবার আমি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই!

ধন্যবাদ!


CG/CB/SB


(রিলিজ আইডি: 1816461) ভিজিটরের কাউন্টার : 155