যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কমনওয়েল্থ এবং এশিয়ান গেমস-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ক্রীড়া মন্ত্রক ১৯০ কোটি টাকা ব্যয় করবে ; ভারতীয় দলের সদস্য বাছাই করার প্রক্রিয়াটি সহজ করার জন্য জাতীয় ক্রীড়া সংগঠনগুলির স্বীকৃতির পুনর্নবীকরণ করা হয়েছে
প্রকাশিত:
04 APR 2022 4:12PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৪ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক ৩৩টি খেলার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার জন্য ২০২২-২৩ অর্থবর্ষে ২৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থের মাধ্যমে বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থাগুলিকেও সাহায্য করা হবে। তবে এ বছরের কমনওয়েল্থ গেমস এবং এশিয়ান গেমস-এ খেলোয়াড়দের দেশে-বিদেশে প্রশিক্ষণ, তাদের বিভিন্ন সরঞ্জাম সহ অন্যান্য ব্যয় বাবদ ১৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগস্ট মাসে বৃটেনের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েল্থ গেমস এবং সেপ্টেম্বরে চীনের গোয়াংঝাও-এ এশিয়ান গেমস প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য ৩৩টি জাতীয় ক্রীড়া সংগঠনকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছিল। মন্ত্রক প্রতিটি সংগঠনের সঙ্গে আলোচনার পর তাদের জন্য অর্থ বরাদ্দ করেছে। এই ৩৩টি সংস্থা ছাড়াও আরও তিনটি জাতীয় স্তরের ক্রীড়া সংগঠনের সঙ্গে প্রতিযোগিতা ও প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানান, এ বছরে অনুষ্ঠিতব্য কমনওয়েল্থ গেমস, এশিয়ান গেমস এবং প্যারা এশিয়ান গেমস-এর ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য অর্থ কখনই বাধা হয়ে দাঁড়াবে না। মন্ত্রী খেলোয়াড় এবং জাতীয় দলের সদস্যদের তাদের প্রস্তুতির দিকে মনোনিবেশের দিকে পরামর্শ দেন।
জাতীয় স্তরের প্রতিযোগিতার কথা বিবেচনা করে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত, অগ্রাধিকারপ্রাপ্ত, প্রচলিত খেলাধুলা এবং সাধারণ খেলাধুলা ౼ এই চারটি ভাগে অর্থ বরাদ্দ করা হচ্ছে। প্রথম তিনটি বিভাগে সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৫১ লক্ষ টাকা করা হয়েছে। সাধারণ খেলাধুলা যা আগে অন্যান্য বিভাগ হিসেবে চিহ্নিত ছিল তার জন্য সাহায্যের পরিমাণ ২২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে। জাতীয় শিবিরে প্রশিক্ষণের জন্য স্পোর্টস কিট বাবদ খেলোয়াড় পিছু ২০ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বিভিন্ন জাতীয় ক্রীড়া সংগঠনগুলি দেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চাইলে তাদের সাহায্য বাবদ ১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে এর পরিমাণ ছিল ৩০ লক্ষ টাকা। দলের সঙ্গে থাকা চিকিৎসক এবং হেড ফিজিওথেরাপিস্টদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা করা হয়েছে।
জাতীয় স্তরের ক্রীড়া সংগঠনগুলির কোনো খেলোয়াড়কে প্রতিযোগিতার জন্য তৈরি করার ক্ষেত্রে যাতে কোনো ধরণের সমস্যায় পরতে না হয় তার জন্য সরকার সক্রিয়। ৩৮টি এ ধরণের সংস্থার বিভিন্ন তথ্য যাচাই করে সেগুলির স্বীকৃতির মেয়াদ বাড়ানো হয়েছে। বাকি সংস্থাগুলির মেয়াদ বৃদ্ধির বিষয়টিও বিবেচনাধীন।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1813429)
ভিজিটরের কাউন্টার : 150