57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

“একজনের ছুটি কাটানোর জায়গা, অন্যজনের ঘর” : ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আ ফিউ ডেজ ইন দ্য সান’ ছবিতে দুই ভিন্ন জগতের সংঘাত

মেক্সিকোর রিভিয়েরা মায়ার পটভূমিতে তৈরি এই থ্রিলারে উঠে এসেছে আর্থিক সুবিধাভোগী ও জীবনসংগ্রামে থাকা মানুষের সম্পর্কের নানা দিক

প্রকাশিত: 26 NOV 2026 5:48PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342457Views: 12

গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬

 

গোয়ায় ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘আ ফিউ ডেজ ইন দ্য সান’ ছবির পরিচালক মাউরো মুলার, চিত্রনাট্যকার হোসে ডেভিড ফিগুয়েরোয়া গার্সিয়া এবং প্রযোজক লেসলি হলেরান ছবিটির নির্মাণ ও ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশ্বের চলচ্চিত্র বিভাগে নির্বাচিত এই দ্বিভাষিক ছবিটি নিয়ে তাঁদের আলোচনায় উঠে আসে ছবির প্রেক্ষাপট, নির্মাণের অভিজ্ঞতা এবং সামাজিক বার্তা।

 

মেক্সিকোর রিভিয়েরা মায়ার পটভূমিতে তৈরি এই ছবির গল্পে এক ধনী ইউরোপীয় দম্পতি বেআইনিভাবে স্থানীয় একটি জনসমাজকে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। অন্যদিকে, শ্রমজীবী মেক্সিকান পরিবারের এক দম্পতি এক কিশোরকে জেল থেকে বাঁচাতে দুর্নীতিগ্রস্ত এক পুলিশ আধিকারিকের সঙ্গে ঝুঁকিপূর্ণ চুক্তি করে। দুই পরিবারের পথ এক জায়গায় মিলে গেলে তারা হিংসাত্মক অপহরণের ঘটনায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কঠিন পরিবেশে আটকে পড়ে প্রত্যেককেই নিজের কাজের পরিণতির মুখোমুখি হতে হয়। আর্থিক ও সামাজিক সুবিধা এবং বেঁচে থাকার লড়াই কীভাবে দুই ভিন্ন জগতের মানুষকে প্রত্যাশার চেয়েও কাছাকাছি নিয়ে আসতে পারে, সেই প্রশ্নই তুলে ধরেছে ছবিটি।

 

মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড, এই পাঁচ দেশের যৌথ প্রযোজনায় ছবিটি তৈরি হয়েছে। ইংরেজি ও স্প্যানিশ, দুটি ভাষায় নির্মিত এই ছবির মূল ভাবনা হল, একজনের কাছে যে জায়গা ছুটি কাটানোর জন্য, অন্যজনের কাছে সেটিই ঘর ও প্রতিদিনের জীবন। এই দুই জগতের সংঘাত হলে কী ঘটে, ছবিটি সেই প্রশ্নের উত্তর খোঁজে।

 

পরিচালক মাউরো মুলার জানান, তাঁর নিজের জীবনের অভিজ্ঞতা ছবির গল্প ও দৃষ্টিভঙ্গিকে অনেকটাই প্রভাবিত করেছে। তিনি সুইজারল্যান্ডে বড় হয়েছেন। মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রেও থেকেছেন। তাঁর মতে, বিভিন্ন দেশে ভ্রমণ ও বসবাস মানুষের মধ্যে সহমর্মিতা গড়ে তুলতে সাহায্য করে। এর মাধ্যমে বোঝা যায়, জীবনযাপনের কোনও একটিমাত্র ধরন নেই। কোনও একটি জীবনযাপন পদ্ধতিকে অন্যটির চেয়ে ভালো বা খারাপ বলা যায় না। বিভিন্ন ভাষা জানা এবং নানা দেশে ভ্রমণ করলে মানুষের ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কারণ বোঝা সহজ হয়। পাশাপাশি, সামাজিক ব্যবস্থা ও প্রতিষ্ঠান কীভাবে সেই সিদ্ধান্তের পরিণতি নির্ধারণ করে, তা-ও উপলব্ধি করা যায়।

 

IFFI-তে মুলার এর আগেও এসেছেন। তাঁর আগের ছবি ‘দ্য জানিটর’ (এল কনসের্জে)-এর বিশ্ব প্রিমিয়ার হয়েছিল ২০২৫ সালের নভেম্বর মাসে গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

 

চিত্রনাট্যকার গার্সিয়া ছবিতে সংস্কৃতি ও সামাজিক শ্রেণির সংঘাতের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, একই ধরনের সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও ধনী ইউরোপীয় চরিত্রগুলিকে সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হয় না। কিন্তু শ্রমজীবী দম্পতির জীবনে তার প্রভাব পড়ে অনেক বেশি। প্রযোজক হলেরানও এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন। তাঁর মতে, দরিদ্র মানুষের ক্ষেত্রে সামান্য ভুলও জীবনে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। ছবিতে অপহরণকারীরা এবং অপহৃত ব্যক্তিরা, উভয়েই নিজেদের পরিস্থিতির কাছে এক অর্থে বন্দি।

 

সমাজের প্রতিটি স্তরে দুর্নীতির উপস্থিতি নিয়েও গার্সিয়া আলোচনা করেন। তাঁর মতে, নিচু স্তরে ঘুষের মতো দুর্নীতি সরাসরি চোখে পড়ে। অন্যদিকে, ধনী দম্পতির জমি থেকে একটি জনসমাজকে বেআইনিভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা ক্ষমতা ও রাজনীতির সঙ্গে যুক্ত উচ্চস্তরের দুর্নীতির উদাহরণ। এই ধরনের দুর্নীতি অনেক সময় সমাজে স্বাভাবিক ঘটনা হিসেবেই মেনে নেওয়া হয়। ছবিতে দুই ধরনের দুর্নীতিকেই সমান গুরুত্ব দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে। মুলার ও গার্সিয়া বিশ্বজুড়ে বাড়তে থাকা বৈষম্য এবং আর্থ-সামাজিক শ্রেণির ভিত্তিতে মানুষের পরিচয় নির্ধারণের প্রবণতা নিয়েও আলোচনা করেন।

 

মুলার জানান, মানুষের নৈতিকতার ধূসর দিক এবং কঠিন পরিস্থিতিতে কেন তাঁরা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হন, তা বোঝার জন্য দর্শকদের মধ্যে সহমর্মিতা তৈরি করাই ছবির লক্ষ্য। সাধারণ ড্রামার তুলনায় আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে তিনি থ্রিলারধর্মী আঙ্গিক বেছে নিয়েছেন। তাঁর ভাষায়, ছবিটি এক ‘চরিত্রনির্ভর থ্রিলার’, যেখানে আর্টহাউস ও বাণিজ্যিক চলচ্চিত্রের মেলবন্ধন ঘটেছে।

 

হলেরান জানান, ছবিটির গল্পে নারীদের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই পরিবারের নারীরা কী সিদ্ধান্ত নিচ্ছেন, কীভাবে সেই সিদ্ধান্ত নিচ্ছেন এবং একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করছেন, তার উপরেই গল্পের অনেকটা অংশ নির্ভর করছে। গার্সিয়া আরও বলেন, বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের সংঘাতের গল্প সকলের কাছেই প্রাসঙ্গিক। কারণ সমাজের প্রত্যেকেই কোনও না কোনও শ্রেণির অংশ। ছবিতে দুই পক্ষকেই একই ধরনের সংকটের মুখোমুখি হতে দেখা যায়। এর মাধ্যমে দর্শকদের অন্য সামাজিক শ্রেণির মানুষকে দূরে সরিয়ে না রেখে তাঁদের পরিস্থিতি বোঝার আহ্বান জানানো হয়েছে।

 

হলেরান জানান, নিজের আবেগের সঙ্গে মেলে এমন কোনও অভিজ্ঞতা বা পরিস্থিতি অন্য কারও জীবনে দেখলে, অথচ নিজে তার অংশ না হলে, সেই বিষয়ে জানার আগ্রহ তৈরি হয়। ছবিতে বহিরাগতদের কোনও জনসমাজে প্রবেশের বিষয়টি এই ভাবনা থেকেই এসেছে। পাঁচ দেশের যৌথ প্রযোজনার কাজ সামলানোর অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন। তাঁর মতে, নতুন জায়গা আবিষ্কার, বিভিন্ন দেশের চিত্রনাট্যকার ও পরিচালকদের সঙ্গে কাজ করা এবং বিশ্বের নানা প্রান্তের মানুষের সঙ্গে পরিচিত হওয়াই প্রযোজনার কাজের সবচেয়ে আকর্ষণীয় দিক। মুম্বইয়ের বৈচিত্র্য ও প্রাণচাঞ্চল্যের সঙ্গে নিজের শহর নিউইয়র্কের মিল খুঁজে পেয়েছেন বলেও জানান তিনি।

 

হলেরান আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সমতা, স্বীকৃতি ও প্রতিনিধিত্বের সুযোগ চান। বৈচিত্র্যকে গ্রহণ করার মধ্য দিয়ে ন্যায়বিচার ও সাম্যের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন ভাষা শোনা, অন্য সংস্কৃতির স্বাদ ও গন্ধ অনুভব করার গুরুত্বও তিনি তুলে ধরেন। তাঁর মতে, মানুষ আরও বেশি ভ্রমণ করলে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।

 

সাংবাদিক সম্মেলনটি পরিচালনা করেন শ্রী লাভ জৈন।

 

IFFILOID পড়ুন :  

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342457
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026