57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

IFFI 2026-এর মাস্টারক্লাসে অভিনয় ও কাস্টিংয়ের রহস্য উন্মোচন করলেন মুকেশ ছাবরা

প্রকাশিত: 26 NOV 2026 4:45PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342385Views: 10

গোয়া, ২৬ নভেম্বর ২০২৬

 

খ্যাতনামা কাস্টিং পরিচালক মুকেশ ছাবরা আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অফ ইন্ডিয়া (IFFI)-এ ‘The Casting Magic: Auditions Unplugged’ শীর্ষক এক মাস্টারক্লাসে অভিনয়প্রত্যাশীদের মূল্যবান অভিজ্ঞতা ও বাস্তবসম্মত পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে অভিনয়প্রত্যাশী, অভিনয় জগতে প্রবেশ করতে আগ্রহী মধ্য-ক্যারিয়ারের পেশাদার, চিত্রনাট্যকার, উদীয়মান চলচ্চিত্র নির্মাতা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি প্রাণবন্ত ও বৈচিত্র্যময় দর্শকসমাগম হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীদের পাশাপাশি গোয়ার স্থানীয় দর্শকরাও সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। একজন ভালো অভিনেতার বৈশিষ্ট্য, অডিশনে সফল হওয়ার উপায় এবং কাস্টিং জগতের নানা দিক নিয়ে তাঁরা মুকেশ ছাবরাকে বিভিন্ন প্রশ্ন করেন।

 

মুকেশ ছাবরা সম্পর্কে উৎসব পরিচালক আশুতোষ গোয়ারিকর বলেন, “মুকেশের চরিত্র অনুধাবন করার অসাধারণ ক্ষমতা রয়েছে। উপযুক্ত অভিনেতা খুঁজে বের করতে তিনি যে কোনও পর্যায়ে যেতে পারেন।”

 

৩ শতাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে ছাবরা কাস্টিংয়ের বিস্তৃত এবং অনেক সময় অত্যন্ত শ্রমসাধ্য প্রক্রিয়ার একটি ঝলক তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, সঠিক অভিনেতাকে খুঁজে পাওয়া কেবল ডেটাবেস বা পরিচিত মুখের মধ্যে অনুসন্ধান করার বিষয় নয়। তিনি বলেন, “আমাদের দেশে অসংখ্য প্রতিভা রয়েছে। আগে যখন কাস্টিং পরিচালক ছিলেন না, তখন কাজটি কঠিন ছিল। প্রতিভা খুঁজে বের করতে আমি আমার দলকে সর্বত্র পাঠাই। প্রতিভার সন্ধানে শিকড়ের কাছে যেতে হয়। আমাদের দেশে এত সাংস্কৃতিক শিল্পকলা ও উপসংস্কৃতি রয়েছে, যেখানে প্রচুর স্বতঃস্ফূর্ত প্রতিভা দেখা যায়।”

 

কাস্টিংয়ের পদ্ধতি ব্যাখ্যা করতে গিয়ে মুকেশ ছাবরা বলেন, চিত্রনাট্য তৈরি হওয়ার পর প্রায়শই পরিচালক প্রথমে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি প্রথমে সম্পূর্ণ চিত্রনাট্য মনোযোগ দিয়ে পড়েন এবং চরিত্র ও পরিচালকের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও চরিত্রের জন্য প্রতিষ্ঠিত অভিনেতা প্রয়োজন, নাকি নতুন মুখ। তারপর গল্পের পটভূমি যে অঞ্চলে, সেখানে গিয়ে স্থানীয় মানুষের মধ্যে প্রতিভার সন্ধান করা হয়। তাঁর কাজ হল চরিত্রটি বুঝে নেওয়া, উপযুক্ত ব্যক্তিত্বকে চিহ্নিত করা এবং পরিচালকের ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিনেতার সুপারিশ করা। তিনি বলেন, “পরিচালকরা আমাকে আমার মতামত ও ভাবনার জন্য নিয়োগ করেন, তথ্যের জন্য নয়।” তিনি নিজেকে অভিনেতা ও পরিচালকের মধ্যে একটি সেতু হিসেবে বর্ণনা করেন।

 

এই প্রক্রিয়ার ব্যাপকতা অত্যন্ত বড় হতে পারে। ‘দঙ্গল’ চলচ্চিত্রের কাস্টিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে ছাবরা জানান, এই কাজ প্রায় দুই বছর ধরে চলেছিল এবং চরিত্রগুলির জন্য প্রায় ১৪,০০০ মেয়ে অডিশন দিয়েছিল। ‘রামায়ণ’-এর কাস্টিং প্রক্রিয়া ছয় বছর ধরে বিস্তৃত ছিল বলেও তিনি জানান। ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ চলচ্চিত্রের জন্য ৩৮৪ জনকে কাস্ট করার কথাও তিনি স্মরণ করেন। এই চলচ্চিত্র তাঁর কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় ছিল। তিনি বলেন, “গ্যাংস অফ ওয়াসেপুর আমার জীবন বদলে দিয়েছিল।”

 

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে ছাবরা বলেন, প্রত্যেক পরিচালকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও কাজের পদ্ধতি রয়েছে। তাঁর দায়িত্ব হল, চলচ্চিত্র নির্মাতার কল্পনায় যে চরিত্রগুলি রয়েছে, তার সঙ্গে অভিনেতাদের যথাযথ সামঞ্জস্য নিশ্চিত করা। কখনও কখনও কাস্টিং প্রক্রিয়া চিত্রনাট্যের লেখাকেও প্রভাবিত করতে পারে। ‘কাই পো চে!’ চলচ্চিত্রের উদাহরণ দিয়ে তিনি জানান, গাট্টু চরিত্রটি রাজকুমার রাওকে মাথায় রেখেই লেখা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও মনোজ বাজপেয়ীর মতো প্রতিভাবান অভিনেতারা তাঁদের নিজস্ব দক্ষতা ও বৈশিষ্ট্যের মাধ্যমে চরিত্রকে সমৃদ্ধ করেন এবং কখনও কখনও পরিচালকদের চরিত্র নতুন করে ভাবতে ও পরিবর্তন করতে অনুপ্রাণিত করেন।

 

দুই দশকেরও বেশি সময়ের যাত্রার দিকে ফিরে তাকিয়ে ছাবরা বলেন, অভিনেতা আমির খানই প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন, যিনি তাঁর কাজ লক্ষ্য করেছিলেন। তিনি জানান, নতুন প্রতিভা আবিষ্কারের প্রতি তাঁর দীর্ঘস্থায়ী আগ্রহই তাঁর যাত্রাকে চালিত করেছে। আগামী দুই থেকে তিন বছরে প্রায় ১০০টি চলচ্চিত্রের কাজ হাতে থাকলেও তিনি কাস্টিং প্রক্রিয়ার প্রতি গভীরভাবে নিবেদিত রয়েছেন।

 

কাস্টিং পরিচালকের বৃহত্তর দৃষ্টিভঙ্গি

 

ছাবরা স্বীকার করেন, কাস্টিং একটি পরিবর্তনশীল সৃজনশীল প্রক্রিয়া এবং প্রতিটি চলচ্চিত্র ও চিত্রনাট্যের সঙ্গে প্রয়োজনীয়তা বদলে যায়। কখনও কখনও কোনও চরিত্রের জন্য আরও উপযুক্ত অভিনেতা পাওয়া গেলে শেষ মুহূর্তেও আগের অভিনেতাকে পরিবর্তন করতে হয়। তাঁর মতে, এই ধরনের সিদ্ধান্ত সৃজনশীল প্রক্রিয়ার অংশ এবং চলচ্চিত্রের প্রয়োজনীয়তার ভিত্তিতেই নেওয়া হয়।

 

ছাবরার কাছে কাস্টিং কেবল একটি পেশা নয়, বরং জীবনযাপনের একটি অংশ। তিনি বলেন, “কাস্টিং আমার কাছে শুধু একটি কাজ নয়। আমি এর মাধ্যমে জীবিকা নির্বাহ করি, এটাই আমার জীবন। এই দেশের জন্য একটি অস্কার নিয়ে আসাই আমার লক্ষ্য। আমি সততার সঙ্গে কাজ করি।”

 

“প্রত্যাখ্যানও যাত্রার একটি অংশ”

 

অভিনয়প্রত্যাশীদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় প্রত্যাখ্যান বা ব্যর্থতার প্রসঙ্গে ছাবরা খোলাখুলি বক্তব্য রাখেন। তিনি বলেন, “এটি জীবনেরই একটি অংশ, আপনাকে এর মোকাবিলা করতে হবে। আমাদের কেবল একটি চরিত্রের জন্য উপযুক্ত প্রতিভা খুঁজে বের করতে হয়। আপনি যদি সবসময় প্রত্যাখ্যাত বোধ করেন এবং দুঃখে থাকেন, তাহলে অনেক সুযোগ হারিয়ে ফেলবেন।”

 

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, চলচ্চিত্র শিল্পে তাঁর যাত্রা মোটেই সহজ ছিল না। তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং প্রথমদিকে মূলত কাস্টিংয়ের কাজ করতেন। নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে তাঁকে বহু বছর পরিশ্রম করতে হয়েছে। কর্মজীবনের শুরুর দিকে অনেক পরিচালক তাঁকে প্রত্যাখ্যান করেছিলেন। তবে তাঁদের মধ্যে কয়েকজন পরিচালক বর্তমানে তাঁর সঙ্গে কাজ করেন। তিনি বলেন, “জীবনে প্রত্যেককেই সংগ্রাম করতে হয়। আমি আমার দুঃখের গল্প বলতে চাই না, কিন্তু সত্যিই আমার সময়টা খুব কঠিন ছিল।”

 

“অভিনয়ের সঙ্গে বয়সের কোনও সম্পর্ক নেই, প্রতিভাই একমাত্র বিষয়”

 

অভিনয়প্রত্যাশীদের উদ্দেশে তাঁর পরামর্শ ছিল, কর্মজীবনের অগ্রগতির গতি নিয়ে হতাশ না হয়ে ধৈর্যশীল, ইতিবাচক এবং নিজের শিল্পের প্রতি নিবেদিত থাকতে হবে। তিনি বলেন, “আপনি যদি মনে করেন অভিনয় করতে পারেন, তাহলে কাজটি করুন। এগিয়ে যান।” তিনি আরও বলেন, প্রতিভার কোনও বয়সসীমা নেই। “অভিনয়ের সঙ্গে বয়সের কোনও সম্পর্ক নেই, প্রতিভাই একমাত্র বিষয়।” ৪০, ৫০ ও ৬০ বছর বয়সীদেরও অভিনয় করার জন্য উৎসাহিত করেন তিনি। তাঁর মতে, চলচ্চিত্র শিল্পে বিভিন্ন প্রজন্মের অভিনেতাদের প্রয়োজন রয়েছে।

 

একজন অভিনেতাকে কীভাবে অন্যদের থেকে আলাদা করে চেনা যায়?

 

ছাবরার মতে, কোনও চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা নির্বাচন করার ক্ষেত্রে প্রতিভাই একমাত্র বিবেচ্য বিষয় নয়। ব্যক্তিত্ব, সততা, সরলতা এবং পরিচালকের নির্দেশ অনুসরণ করার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “অভিনেতার নির্দেশ অনুযায়ী কাজ করার ক্ষমতাও থাকা উচিত। নির্দেশ অনুসরণ করা গুরুত্বপূর্ণ। সততা এবং নির্দেশ মেনে চলা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “আপনি যদি জীবন এবং মানুষের আবেগ বুঝতে পারেন, তাহলে অভিনয়ও বুঝতে পারবেন।”

 

অডিশনে কীভাবে সফল হওয়া যায়?

 

অডিশনে অংশ নিতে যাওয়া অভিনয়প্রত্যাশীদের ছাবরা পরামর্শ দেন, প্রথমেই চরিত্রটি এবং তার পটভূমি সম্পর্কে যথাযথভাবে বুঝে নিতে হবে। তিনি বলেন, “মনে মনে দৃশ্যটি সাজিয়ে নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা অভিনেতার বুদ্ধিমত্তা ও উপলব্ধি বুঝতে চাই। অনুগ্রহ করে প্রস্তুতি নিয়ে আসুন।”

 

সেলফ-টেপ অডিশনের ক্ষেত্রে তিনি পরিষ্কার ও অগোছালো জিনিসপত্রমুক্ত পটভূমি রাখার পরামর্শ দেন। অপ্রয়োজনীয় মেকআপ এড়িয়ে অভিনয়কেই মূল গুরুত্ব দিতে বলেন। অভিনেতার সঙ্গে সংলাপ পাঠকারী ব্যক্তির যথাযথ সংকেত দেওয়া উচিত। ক্যামেরার ফ্রেমে এমন ক্লোজ শট রাখা উচিত, যাতে চোখ ও মুখের অভিব্যক্তি স্পষ্টভাবে ধরা পড়ে।

 

তিনি তরুণ অভিনেতাদের সামাজিক মাধ্যমে ক্রমাগত স্বীকৃতি বা প্রশংসা খোঁজার প্রবণতা থেকেও সতর্ক করেন। এর পরিবর্তে তাঁদের নিজের অভিনয় দক্ষতা উন্নত করা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দেওয়া উচিত। তাঁর মতে, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং অভিনয় দক্ষতা পরিমার্জনের জন্য থিয়েটার একটি অত্যন্ত ভালো মাধ্যম। তিনি অভিনয়প্রত্যাশীদের বয়স বা পূর্ব অভিজ্ঞতা নির্বিশেষে থিয়েটার গ্রুপে যোগ দিতে এবং মঞ্চে অভিনয় করার জন্য বিশেষভাবে উৎসাহিত করেন।

 

অভিনয়প্রত্যাশীদের নিজেদের স্বাভাবিকতা, সততা ও শেখার আগ্রহ বজায় রাখার পাশাপাশি ধৈর্যহীনতা বা তাৎক্ষণিক স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষাকে নিজেদের যাত্রার বাধা হতে না দেওয়ার পরামর্শ দেন তিনি। ছাবরা বলেন, “এটি ধৈর্য ও ইতিবাচক মনোভাবের খেলা। যদি কোনও কিছু আপনার জন্য নির্ধারিত থাকে, তবে তা আপনার কাছে আসবেই।” উদীয়মান অভিনেতাদের জন্য তাঁর আরেকটি মন্ত্র হল, “স্বাভাবিক ও সরল থাকুন।”

 

তাঁর মাস্টারক্লাস একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরে—পর্দায় স্মরণীয় চরিত্রের পিছনে থাকে প্রতিভা আবিষ্কার, নিবিড় প্রস্তুতি এবং সহযোগিতার এক দীর্ঘ প্রক্রিয়া। আর প্রত্যেক অভিনয়প্রত্যাশীর যাত্রা শুরু হয় মানুষকে বোঝা, অভিনয়শিল্পের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং উপযুক্ত চরিত্রের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার মধ্য দিয়ে।

 

*****************

 

SC/PK


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342385
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026