গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬: চলতি ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইফি)-এ সিনেমার পর্দার বাইরেও দর্শকদের জন্য অপেক্ষা করছে এক ভিন্ন অভিজ্ঞতা। গোয়ার পানাজিতে উৎসবের প্রাঙ্গণ হয়ে উঠেছে সৃজনশীল প্রতিষ্ঠান, সাংস্কৃতিক উদ্যোগ, আঞ্চলিক খাবার, স্থানীয় পণ্য, নানা ধরনের পণ্য সামগ্রী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক উদ্যোগের এক প্রাণবন্ত মিলনক্ষেত্র। এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্র উৎসবে আসা প্রতিনিধি, পরিচালক, শিক্ষার্থী এবং দর্শকরা ভারতের সমৃদ্ধ সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

সকলের জন্য সমান সুযোগ, বিশেষভাবে সক্ষমদের অন্তর্ভুক্তিতে জোর
উৎসব প্রাঙ্গণের অন্যতম আকর্ষণ হল ‘স্বয়ম’-এর সচেতনতামূলক উদ্যোগ। শারীরিক চলাচলে অসুবিধার সম্মুখীন ব্যক্তিদের মর্যাদা ও সহজ চলাচলের অধিকার নিশ্চিত করতে কাজ করে এই সংস্থা। দ্বিতীয়বারের মতো ইফি-তে অংশ নিয়ে স্বয়ম জনসাধারণের জন্য সহজে ব্যবহারযোগ্য পরিকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরছে।
উৎসব প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় সহজে যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগের পাশাপাশি এই প্রচার কর্মসূচি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সকলের কাছে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার বার্তা দিচ্ছে।
সৃজনশীলতা, শিক্ষা ও প্রযুক্তির মেলবন্ধন
উৎসব প্রাঙ্গণটি সৃজনশীল প্রযুক্তি, চলচ্চিত্র, পারফর্মিং আর্টস এবং ডিজাইন নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিজেদের উদ্যোগ তুলে ধরার পাশাপাশি দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মঞ্চ হয়ে উঠেছে।
মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস (আইআইসিটি), অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি (এভিজিসি-এক্সআর) ক্ষেত্রে ভারতের জাতীয় উৎকর্ষ কেন্দ্র হিসেবে পরিচিত। উৎসব প্রাঙ্গণে তাদের আয়োজিত অ্যানিমেশন চরিত্র তৈরির প্রতিযোগিতা দর্শকদের আকর্ষণ করছে। পাশাপাশি বিভিন্ন পণ্যের প্রদর্শনীর মাধ্যমে সৃজনশীল প্রযুক্তি ক্ষেত্রে ক্রমবর্ধমান সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কেও দর্শকদের পরিচিত করানো হচ্ছে।

অন্যদিকে, ডিরেক্টরেট অফ পাবলিকেশন্স ডিভিশন (ডিপিডি) ভারতীয় চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন প্রকাশনার পাশাপাশি তাদের পরিচিত গান্ধীবাদী গ্রন্থমালাও প্রদর্শন করছে। নির্বাচিত কিছু বইয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকায় দর্শকদের মধ্যে প্রকাশনাগুলি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।
এছাড়াও চেন্নাইয়ের এসএ ফিল্ম একাডেমি, হরিয়ানার রোহতকের দাদা লক্ষ্মীচাঁদ স্টেট ইউনিভার্সিটি অফ পারফর্মিং অ্যান্ড ভিজ্যুয়াল আর্টস এবং জেডি ইন্সটিটিউট অব ফ্যাশন টেকনোলজি-র অংশগ্রহণ ভারতের ক্রমবর্ধমান সংবাদমাধ্যম, বিনোদন ও সৃজনশীল শিল্পক্ষেত্রে শিক্ষা এবং পেশাদার প্রশিক্ষণের বিস্তৃত পরিসরকে তুলে ধরছে।
খাবারের স্বাদে আঞ্চলিক বৈচিত্র্যের ছোঁয়া
উৎসব প্রাঙ্গণের খাবারের স্টলগুলিও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খাবার থেকে বিরিয়ানি, দোসা, কফি এবং বেকারির নানা সামগ্রী—সব মিলিয়ে এখানে রয়েছে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবারের সম্ভার। এর পাশাপাশি গোয়ার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যবৈচিত্র্যের পরিচয় তুলে ধরতে গোয়া ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড স্থানীয়ভাবে সংগৃহীত কাজুবাদাম প্রদর্শন ও বিক্রি করছে। এর মাধ্যমে গোয়ার নিজস্ব উৎপাদন এবং স্থানীয় পণ্যের বৈশিষ্ট্যও তুলে ধরা হচ্ছে।

সব মিলিয়ে, ইফি প্রাঙ্গণ এখন শুধুমাত্র চলচ্চিত্র উৎসবের প্রাঙ্গণ নয়, বরং ভারতের শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি, শিক্ষা ও আঞ্চলিক বৈচিত্র্যের এক মিলনমেলা। উৎসবের স্মারক ও সৃজনশীল সামগ্রীর সম্ভার নিয়ে রয়েছে বিভিন্ন মার্চেন্ডাইজের স্টল। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) পোশাক ও বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী প্রদর্শন করছে। পাশাপাশি এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া (ইএসজি)-এর নিজস্ব সংগ্রহের বিভিন্ন সামগ্রীও দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে।
বড় পর্দার বাইরেও বিনোদনের নানা আয়োজন
ডিজিটাল ও সম্প্রচার মাধ্যমেও উৎসবের অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে অংশ নিয়েছে প্রাইম ভিডিও, স্টোরি টিভি অ্যাপ এবং বিগ এফএম। নিজ নিজ স্টলের মাধ্যমে এই সংস্থাগুলি দর্শকদের সামনে বিনোদনের বিভিন্ন মাধ্যম ও নতুন ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। পরিবর্তনশীল সংবাদমাধ্যম ও বিনোদন জগতের নানা দিকও উঠে আসছে এই আয়োজনের মধ্য দিয়ে।
উৎসবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রক, এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এনএফডিসি) সহযোগিতার প্রশংসা করেছেন স্টল পরিচালকেরা।
সৃজনশীল প্রতিষ্ঠান, আঞ্চলিক খাবার, স্থানীয় পণ্য, বিনোদনের নানা ডিজিটাল মাধ্যম এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ—সব মিলিয়ে ইফি প্রাঙ্গণ হয়ে উঠেছে ভারতের সাংস্কৃতিক ও সৃজনশীল বৈচিত্র্যকে জানার এক অনন্য মঞ্চ। এখানে দর্শকরা শুধু নতুন কিছু দেখার সুযোগই পাচ্ছেন না, বরং বিভিন্ন প্রতিষ্ঠান, উদ্যোগ ও সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগও পাচ্ছেন।

****
PS/SG