গোয়া, ২৩ নভেম্বর, ২০২৬
গোয়ায় ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) মিডিয়া সেন্টারে আরবি ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ব্ল্যাক সি-র নির্মাতারা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। পরিচালক আলাদিন মোস্তাফার এটি প্রথম ছবি। তিনি, প্রযোজক হামদি সামেহ এবং চলচ্চিত্র সম্পাদক ও নির্বাহী প্রযোজক মোতাজ নাশি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ছবিটির নির্মাণের প্রেক্ষাপট, সর্বজনীন প্রাসঙ্গিকতা এবং সচেতন সম্পাদনাশৈলী সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।
দ্য ব্ল্যাক সি নির্মাণের অনুপ্রেরণা এবং প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয় নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে পরিচালক আলাদিন মোস্তাফা আইএফএফআই-তে ছবিটি প্রদর্শনের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে আরবী সংস্কৃতির একটি কাহিনি তুলে ধরার সুযোগকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন। ছবির মূল ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষ যখন যে কোনও মূল্যে নিজের লক্ষ্য অর্জন করতে চায়, তখন লাগামহীন আকাঙ্ক্ষা কীভাবে ক্রমশ চরম পরিণতির দিকে এগিয়ে যেতে পারে, এই চলচ্চিত্রে তা তুলে ধরা হয়েছে। উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে, এমনকি কতটা চরম পদক্ষেপ নিতে পারে—ছবিটি সেই প্রশ্নও উত্থাপন করে।
উৎসবে ভারতীয় ও আন্তর্জাতিক দর্শকদের সামনে একটি মিশরীয় চলচ্চিত্র তুলে ধরার অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্নের উত্তরে প্রযোজক হামদি সামেহ ছবিটির আন্তঃসাংস্কৃতিক আবেদন তুলে ধরেন। তিনি বলেন, দ্য ব্ল্যাক সি আরবি ভাষায় নির্মিত একটি মিশরীয় চলচ্চিত্র হলেও এর আবেদন কোনও নির্দিষ্ট সংস্কৃতি বা ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ নয়। এই ছবি বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে অভিন্ন অনুভূতি রয়েছে, তারই কথা বলে। পৃথিবীর সর্বত্র মানুষ একই মৌলিক আকাঙ্ক্ষা অনুভব করেন। সেই কারণেই ছবিটি ভারতসহ বিশ্বের নানা প্রান্তের দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।
ছবিটির কারিগরি ও আখ্যান নির্মাণের পদ্ধতি সম্পর্কে বলতে গিয়ে চলচ্চিত্র সম্পাদক ও নির্বাহী প্রযোজক মোতাজ নাশি জানান, ছবির কাহিনি এমন কিছু চরিত্রকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা একটি আবদ্ধ স্থানের মধ্যে আটকে পড়ে এবং একটি অন্ধকার মনস্তাত্ত্বিক অ্যাপের জগতে জড়িয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্য দিয়ে উত্তেজনা ও বন্দিত্বের অনুভূতি ফুটিয়ে তুলতে ছন্দ ও দৃশ্যের গতির ব্যবহারের কথা তিনি ব্যাখ্যা করেন। তাঁর মতে, ছবির গভীরতর ভাবনাগুলি যাতে সব দর্শকের কাছে যথাযথভাবে পৌঁছয়, সেটাই ছিল প্রধান চ্যালেঞ্জ। দ্রুত দৃশ্য পরিবর্তনের পথে না হেঁটে নির্মাতারা সচেতনভাবেই ধীর ও সংযত গতির সম্পাদনাশৈলী বেছে নিয়েছেন। এর ফলে দর্শকরা চরিত্রগুলির অভিজ্ঞতার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন এবং নির্মাতারা যে মূল বার্তা পৌঁছে দিতে চেয়েছেন, তা অনুভব করার সুযোগ পান।
সাংবাদিক সম্মেলনের শেষে চলচ্চিত্র নির্মাতারা উৎসবের আয়োজক এবং ভারতীয় দর্শকদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলনটি সঞ্চালনা করেন সৃষ্টি সুরেশ কুল্যে।
মিশরীয় সংস্কৃতির শিকড়ে প্রোথিত হলেও বিভিন্ন সমাজের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক বিষয়গুলির অনুসন্ধান করেছে দ্য ব্ল্যাক সি। এই দিক থেকে ছবিটি আইএফএফআই ২০২৬-এর ‘স্টোরিজ উইদাউট বর্ডার্স’ বা ‘সীমানাহীন কাহিনি’ শীর্ষক ভাবনার প্রতিফলন ঘটিয়েছে। মানুষের আকাঙ্ক্ষার সর্বজনীন অনুসন্ধান এবং স্বতন্ত্র গল্প বলার পদ্ধতির মধ্য দিয়ে ছবিটি দেখিয়েছে, কীভাবে ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে চলচ্চিত্র অভিন্ন মানবিক অভিজ্ঞতার সূত্রে বিশ্বের নানা প্রান্তের দর্শকদের একসূত্রে বাঁধতে পারে।
আইএফএফআই লয়েড পড়ুন:
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48
SC/SD/SKD