গোয়া, ২৪ নভেম্বর ২০২৬
ভারতীয় চলচ্চিত্র জগতে এমন বহু চলচ্চিত্র নির্মাতার আবির্ভাব ঘটেছে, যাঁদের সৃজনশীল যাত্রা অকালেই থেমে গিয়েছে, অথচ তাঁদের কাজ আজও সমান তাৎপর্য বহন করে চলেছে। অবতার কউল ছিলেন এমনই একজন চলচ্চিত্র নির্মাতা। তাঁর একমাত্র পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ২৭ ডাউন (১৯৭৪) ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি হিসেবে বিবেচিত।
২৩ নভেম্বর IFFIতে আয়োজিত এক আলোচনাসভায় লেখক বিনোদ কউল বইটি রচনার প্রেরণা এবং অবতার কউলের জীবনকাহিনি বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি জানান, কোনও চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে বই লেখার পরিকল্পনা থেকে এই উদ্যোগের সূচনা হয়নি। বরং নিজের কাকাকে আরও ভালোভাবে জানার এক ব্যক্তিগত প্রয়াস থেকেই এর সূত্রপাত। বিনোদ কউল যখন দ্বিতীয় শ্রেণিতে পড়তেন, তখনই তাঁর কাকার মৃত্যু হয়।
তিনি স্মৃতিচারণ করে জানান, কীভাবে তিনি তাঁর কাকার ফটো, চিঠিপত্র এবং অন্যান্য নথিপত্র সংগ্রহ করতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যক্তিগত অনুসন্ধান ভারতীয় চলচ্চিত্রে অবতার কউলের জীবন ও অবদান সম্পর্কে আরও গভীরভাবে জানার এক প্রয়াসে পরিণত হয়।
বিনোদ কউল বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ২৭ ডাউন চলচ্চিত্রটির গুরুত্ব উপলব্ধি করতে পারেন। তাঁর মনে প্রায়ই প্রশ্ন জাগত, এত প্রতিভাবান একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি এমন অসাধারণ একটি ছবি তৈরি করেছিলেন, তিনি কেন বৃহত্তর জনপরিসরে তেমন পরিচিত নন? এই ভাবনাই তাঁকে অবতার কউলের জীবন সম্পর্কে গবেষণা করতে এবং নতুন প্রজন্ম ও ভবিষ্যতের চলচ্চিত্র নির্মাতাদের কাছে তাঁর কাহিনি পৌঁছে দিতে উৎসাহিত করে।দ্য (ইন)কমপ্লিট স্টোরি শিরোনামের ব্যাখ্যা দিতে গিয়ে বিনোদ কউল বলেন, অবতার কউলে এবং তাঁর কাজ সম্পর্কে খুব সামান্যই লেখা হয়েছে। এই বইয়ের মাধ্যমে তাঁর জীবনকাহিনির বিভিন্ন দিক একত্রিত করে এক অর্থে সেটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর জীবন ও সৃজনশীল যাত্রা অসমাপ্তই থেকে গিয়েছে। তাঁর দাম্পত্য জীবন ছিল স্বল্পস্থায়ী এবং তিনি মাত্র একটিই চলচ্চিত্র নির্মাণের সুযোগ পেয়েছিলেন। লেখকের অভিমত, অবতার কউল আরও কিছুদিন বেঁচে থাকলে হয়তো আরও অনেক ছবি তৈরি করতে পারতেন।
গবেষণার একটি আবেগঘন অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বিনোদ কউল বলেন, তাঁর গবেষণার সময় তিনি জানতে পারেন যে, আমেরিকা থেকে আসা তাঁর কাকিমা অ্যান কউলও প্রয়াত হয়েছেন। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়ে কিছুই জানতেন না। এই তথ্য আবিষ্কারকে তিনি এক বড় ধাক্কা বলে বর্ণনা করেন। তাঁর কথায়, গবেষণার মধ্য দিয়ে এমন বেশ কিছু অপ্রত্যাশিত ও আবেগঘন অভিজ্ঞতা সামনে এসেছে।
চলচ্চিত্র ও সাহিত্যের পারস্পরিক সম্পর্ক প্রসঙ্গে বিনোদ কউল বলেন, এই দুই শিল্পমাধ্যম বরাবরই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। বহু চলচ্চিত্রই উপন্যাস, গল্প এবং সাহিত্যের অন্যান্য রচনা থেকে অনুপ্রেরণা লাভকরেছে। এই সম্পর্ককে তুলে ধরা এবং চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র-সম্পর্কিত সাহিত্যকর্মের কাহিনি পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রকাশনা বিভাগের উদ্যোগের তিনি প্রশংসা করেন। অবতার কউলের জীবনকাহিনি বৃহত্তর পাঠকসমাজের কাছে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য তিনি প্রকাশনা বিভাগের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
অবতার কউলের জীবন থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতারা কী শিক্ষা নিতে পারেন, সেই প্রশ্নের উত্তরে বিনোদ কউল বলেন, নিজেদের সৃজনশীল ভাবনা ও পছন্দের প্রতি তাঁদের অবিচল থাকা উচিত। যখন জঞ্জির, ববি এবং ইয়াদোঁ কি বরাত-এর মতো মূলধারার চলচ্চিত্র জনপ্রিয়তা অর্জন করছিল, তখন অবতার কউল নিজের আগ্রহ ও সৃজনশীল ভাবনাকে প্রাধান্য দিয়ে একটি শিল্পধর্মী চলচ্চিত্র নির্মাণের পথ বেছে নিয়েছিলেন। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের ২৭ ডাউন ছবিটির কাহিনি বলার ধরন, নির্মাণশৈলী, বক্তব্য এবং চলচ্চিত্র নির্মাণের পদ্ধতি গভীরভাবে অধ্যয়ন করার পরামর্শ দেন বিনোদ কউল।
*একটি চলচ্চিত্র-ঐতিহ্য সংরক্ষণের প্রয়াস*
‘অবতার কউল: দ্য (ইন)কমপ্লিট স্টোরি’ কেবল একজন চলচ্চিত্র নির্মাতার জীবনের ঘটনাবলির সংকলন নয়; বরং ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্মৃতিকে পুনরায় সংযুক্ত করারও একটি প্রয়াস। নিজের কাকাকে আরও ভালোভাবে জানার উদ্দেশ্যে এক ভাইপোর যে অনুসন্ধান শুরু হয়েছিল, তা ক্রমশ অবতার কউলের জীবন ও অবদানকে জনস্মৃতিতে ফিরিয়ে আনার এক উদ্যোগে পরিণত হয়েছে।
এই প্রকাশনার মাধ্যমে প্রকাশনা বিভাগ অবতার কউলের মতো চলচ্চিত্র নির্মাতাদের অবদান নথিবদ্ধ করার পাশাপাশি তাঁদের সৃজনশীল ঐতিহ্য নতুন প্রজন্মের পাঠক, শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীদের কাছে তুলে ধরতে সচেষ্ট হয়েছে।
IFFILOID পড়ুন এখানে:
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026
SC