57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

“গঙ্গার ধারায় পুষ্ট হাজার বছরের জীবনলব্ধ অভিজ্ঞতা”: আইএফএফআই ২০২৬-এ 'বেনারস’ ছবিতে ভরত বালা এবং এ. আর. রহমানের পুনর্মিলন

প্রকাশিত: 22 NOV 2026 7:29PMby PIB Kolkataরিলিজ আইডি: 2340283Views: 3

গোয়া, ২২ নভেম্বর, ২০২৬ 

 


'বেনারস’ ছবিতে আবারও জুটি বাঁধলেন চলচ্চিত্র নির্মাতা ভরত বালা এবং সুরের জাদুকর এ. আর. রহমান। বাবা ও মেয়ের সম্পর্কের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।ছবিটিতে অভিনয় করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাহানা গোস্বামী, নীরজ কবি, ছায়া কদম, ইন্দিরা তিওয়ারি এবং অ্যান্টনিথাসান জেসুথাসান সহ আরও অনেকে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাংস্কৃতিক ও সুরময় পটভূমিতে নির্মিত ‘বেনারস’ চলচ্চিত্রটি বাবা ও মেয়ের সম্পর্ক, সঙ্গীতের উত্তরাধিকার এবং প্রজন্মের পর প্রজন্মের মধ্যে টিকে থাকা গভীর বন্ধনের গল্প। পরিচালক ভরত বালার ভাষায়, এই গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে “গঙ্গার শাশ্বত চেতনাকে” কেন্দ্র করে।
চলচ্চিত্রটির সঙ্গীত প্রসঙ্গে এ. আর. রহমান জানান, হিন্দুস্তানি ও কর্ণাটকি – উভয় ধারার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতই তাঁর সৃজনশীল যাত্রায় সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাঁর মতে, বিভিন্ন রাগ এবং সেগুলির সঙ্গে জড়িয়ে থাকা আবেগগুলি আজও তাঁর সঙ্গীত প্রকাশের ধরনকে রূপ দেয়।


ছবির আবহ সঙ্গীত তৈরির প্রক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে রহমান জানান, তিনি এর সুর বিন্যাসে বিভিন্ন রাগের প্রয়োগ করেছেন। ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি সবসময়ই তাঁর সঙ্গীত অন্বেষণকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, “আমি প্রতিটি সংস্কৃতিকেই উপভোগ করি।” তাঁর মতে, প্রতিটি ভাষারই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যেমন – পাঞ্জাবি ভাষার বলিষ্ঠতা কিংবা বাংলা ভাষার মাধুর্য।
দীর্ঘ বিরতির পর পূর্ণদৈর্ঘ্য সিনেমায় ফিরে আসা প্রসঙ্গে ভরত বালা জানান, এই সময়ের মধ্যে তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। তাঁর কাছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হল, সৃজনশীল প্রক্রিয়ারই একটি ধারাবাহিকতা।


যদিও পর্দায় বেনারস শহরটিকে নানাভাবে তুলে ধরা হয়েছে, তবুও ভরত বালার মতে, এই শহরে এখনও অনেক কিছু অন্বেষণ করার বাকি রয়েছে। তিনি শহরটিকে এমন একটি স্থান হিসেবে বর্ণনা করেছেন, যা “গঙ্গার জলে পুষ্ট হাজার বছরের অভিজ্ঞতার আলোয়” গড়ে উঠেছে।


সিনেমাটোগ্রাফার মার্ক কনিঙ্কস জানান যে, আলো, ক্যামেরার কোণ, ফ্রেমিং এবং কম্পোজিশনের ব্যবহারের মাধ্যমে অভিনেতাদের মুখের ‘আবেগ ফুটিয়ে তোলাই’ ছিল তাঁর মূল লক্ষ্য। তিনি চেয়েছিলেন, দর্শকরা যেন কেবল বাইরের দর্শক হয়ে না থেকে বরং চলচ্চিত্রের একটি অংশ হয়ে ওঠেন।


অভিনেতা নীরজ কবি তাঁর অভিনীত চরিত্রগুলির দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে জানান, চরিত্রগুলি প্রায়ই তাঁর বাস্তব জীবনের সঙ্গে মিশে যায় এবং তাঁর সত্তার অংশ হয়ে ওঠে। ‘বেনারস’ চলচ্চিত্রে তাঁর অভিনীত চরিত্রটি ডিমেনশিয়ায় (স্মৃতিভ্রংশ রোগ) আক্রান্ত। তিনি জানান, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর নিজের শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল - এমন এক অবস্থা, যেখানে ভবিষ্যৎ বলে কিছু নেই এবং বর্তমানও যেন অনুপস্থিত।
অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহা কুম্ভমেলায় সরাসরি চিত্রগ্রহণের চ্যালেঞ্জ ও স্বতঃস্ফূর্ততার কথা তুলে ধরেন, যা স্টুডিওয় নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করার চেয়ে সম্পূর্ণ আলাদা। তিনি জানান, বিশাল জনসমাগমের মাঝে অভিনয় করার ক্ষেত্রে অনেক অনিশ্চয়তা থাকে, আর এমন পরিস্থিতিতে অভিনেতা ও পরিচালকের মধ্যকার পারস্পরিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই অভিজ্ঞতা তাঁকে কলেজ জীবনে ফিরে নিয়ে গিয়েছিল, যখন তিনি ‘নুক্কড় নাটক’ (পথনাটক) করতেন। এই চিত্রগ্রহণ প্রক্রিয়াকে তিনি ‘স্ট্রিট সিনেমা’ হিসেবে অভিহিত করেন এবং বলেন যে, এটি তাঁকে একজন অভিনেতা ও মানুষ – উভয় দিক থেকেই বদলে দিয়েছে।

 

SC/MP/SB


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2340283
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026