57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ভারতীয় চলচ্চিত্রের গৌরবময় শতবর্ষ উদ্‌যাপন: IFFI 2026-এ সম্মানিত সাত কিংবদন্তি

প্রকাশিত: 21 NOV 2026 2:46PMby PIB Kolkataরিলিজ আইডি: 2339825Views: 5

গোয়া, ২১ নভেম্বর ২০২৬

 

১৯২৬ সাল ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অসাধারণ বছর। দেশের বিভিন্ন প্রান্তের নানা পরিবার ও সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্ম নিয়েছিলেন সাত বিশিষ্ট ব্যক্তিত্ব। পরবর্তী সময়ে রুপোলি পর্দায় তাঁরা রেখে গিয়েছেন স্থায়ী কৃতিত্বের স্বাক্ষর। তাঁরা হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি ‘মহানায়ক’ উত্তম কুমার; হিন্দি চলচ্চিত্রের একাধিক স্মরণীয় ছবির স্রষ্টা বিশিষ্ট পরিচালক শক্তি সামন্ত; সংগীতের জাদুকর ও. পি. নায়ার, যাঁর কালজয়ী সুর আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে; পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সূর্যকান্ত মন্ধারে, যাঁর স্মরণীয় অভিনয় গ্রামীণ জীবন, ইতিহাস ও পৌরাণিক কাহিনিনির্ভর চরিত্রের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছে মারাঠি চলচ্চিত্রকে; মালয়ালম চলচ্চিত্রের চিরসবুজ রোমান্টিক নায়ক প্রেম নাজির; স্বতন্ত্র কণ্ঠস্বর ও অভিনয়ের নিজস্ব ভঙ্গির জন্য বলিউডে বিশেষ পরিচিত অভিনেতা রাজ কুমার; এবং চৌধবিন কা চাঁদ, গুমরাহ, ওয়াক্ত ও হামরাজ-এর মতো কালজয়ী ছবির সংগীত স্রষ্টা প্রতিভাবান সুরকার রবি (বম্বে রবি)।

 

একশো বছর পর ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)-এ চারটি ভাষার পাঁচটি পুনরুদ্ধার করা ছবির মাধ্যমে এই সাত শিল্পীর জন্মশতবর্ষ উদ্‌যাপন করা হচ্ছে। ভাষাগুলি হল হিন্দি, বাংলা, মালয়ালম ও মারাঠি। ছবিগুলি তাঁদের শিল্পজীবনের অন্যতম স্মরণীয় সৃষ্টি। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ National Film Heritage Mission-এর অধীনে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এই ছবিগুলি পুনরুদ্ধার করেছে। ভারতের সমৃদ্ধ চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, ডিজিটাইজেশন এবং পুনরুদ্ধার করাই এই মিশনের লক্ষ্য।

 

চৌরঙ্গী ছবিতে উত্তম কুমার

 

১৯৬৫ সালের বাংলা ছবি ‘চৌরঙ্গী’ বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় সমবেত অভিনয়ের নজির তৈরি করেছিল। বাংলা চলচ্চিত্রের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা উত্তম কুমার তাঁর জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় এই ছবিতে সত্যসুন্দর ‘সাটা’ বোসের চরিত্রে অভিনয় করতে সম্মত হন। ১৯৪৮ সালে অভিনয়জীবন শুরু করেন উত্তম কুমার। পরবর্তী তিন দশকে তিনি ২০০-রও বেশি ছবিতে অভিনয় করেন। উপহার দেন ‘সপ্তপদী’, ‘হারানো সুর’, ‘নায়ক’, ‘চিড়িয়াখানা’ ও ‘অমানুষ’-এর মতো একাধিক কালজয়ী ছবি। বাংলা চলচ্চিত্রের অভিনয়কে মঞ্চনির্ভর ভঙ্গি থেকে আধুনিক নাগরিক রোমান্টিকতার ধারায় নিয়ে যেতে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

 

পরিচালক শক্তি সামন্ত ও সংগীত পরিচালক ও. পি. নায়ারের ‘কাশ্মীর কি কলি’

 

‘কাশ্মীর কি কলি’ পরিচালক শক্তি সামন্ত এবং সংগীত পরিচালক ও. পি. নায়ার, দু’জনেরই কর্মজীবনকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল। শক্তি সামন্ত পূর্ণ রঙিন ছবির মাধ্যমে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য চলচ্চিত্রপ্রেমীদের সামনে তুলে ধরেন। অন্যদিকে, ও. পি. নায়ার এমন সব সুর সৃষ্টি করেন, যা আজও শ্রোতাদের মুগ্ধ করে।

 

১৯৪৮ সালে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন শক্তি সামন্ত। ১৯৫৫ সালে ‘বাহু’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন। নিজের প্রযোজনা সংস্থা Shakti Films-এর ব্যানারে তিনি মোট ৪৩টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে ৩৭টি হিন্দি এবং ৬টি বাংলা ছবি। হিন্দি চলচ্চিত্রকে তিনি উপহার দিয়েছেন ‘হাওড়া ব্রিজ’, ‘চায়না টাউন’, ‘অ্যান ইভনিং ইন প্যারিস’, ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘অমর প্রেম’ ও ‘অনুরাগ’-এর মতো কালজয়ী ছবি।

 

ওমকার প্রসাদ নায়ার ১৯৫২ সালে ‘আসমান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের জগতে যাত্রা শুরু করেন। পরে ‘আর পার’, ‘মিস্টার অ্যান্ড মিসেস ৫৫’, ‘সিআইডি’, ‘নয়া দৌড়’ ও ‘হাওড়া ব্রিজ’-এর মতো ছবিতে সংগীত পরিচালনা করেন। মহম্মদ রফি, আশা ভোঁসলে ও গীতা দত্তের সঙ্গে তাঁর কাজ হিন্দি চলচ্চিত্রের সংগীতজগতে একাধিক কালজয়ী গান উপহার দিয়েছে। ঘোড়ার খুরের ছন্দ এবং ঢোলকের তাল মিলিয়ে তাঁর সৃষ্ট স্বতন্ত্র সংগীতশৈলী শ্রোতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছিল।

 

Sadhi Manase ছবিতে সূর্যকান্ত মন্ধারে

 

শৈশবেই পথপ্রদর্শক ভালজি পেঢ়ারকরের নজরে পড়েন সূর্যকান্ত মন্ধারে। শিশুশিল্পী হিসেবে শুরু হয় তাঁর অভিনয়জীবন। পাঁচ দশকের কর্মজীবনে শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘সাংত্যে ঐকা’, ‘কন্যাদান’, ‘মোহিত্যাঞ্চি মঞ্জুলা’ ও ‘মালহারি মার্তণ্ড’-সহ একাধিক ছবিতে গ্রামীণ, ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রের মধ্য দিয়ে মারাঠি চলচ্চিত্রে স্মরণীয় সব চরিত্র উপহার দিয়েছেন তিনি।

 

১৯৬৫ সালের কালজয়ী ছবি ‘সাধি মানসে’-তে শঙ্কর নামে এক কামারের চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রে ফুটে উঠেছে দৃঢ় ব্যক্তিত্ব, অহংকারহীন আত্মমর্যাদা, শ্রমের মর্যাদা এবং ভুল বোঝাবুঝির যন্ত্রণা। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন জয়শ্রী গডকর। একাধিক ছবিতে তাঁরা জুটি বেঁধেছেন। ছবিটির আর একটি উল্লেখযোগ্য দিক হল, কিংবদন্তি লতা মঙ্গেশকর ‘আনন্দঘন’ ছদ্মনামে এর সংগীত পরিচালনা করেছিলেন। মারাঠি চলচ্চিত্রে নিজের কাজের ক্ষেত্রে তিনি প্রায়ই এই ছদ্মনাম ব্যবহার করতেন।

 

Thulabharam ছবিতে প্রেম নাজির

 

মালয়ালম চলচ্চিত্রের চিরসবুজ রোমান্টিক নায়ক প্রেম নাজিরের ছবিতে গান এবং প্রাণবন্ত কাহিনি বিশেষ গুরুত্ব পেত। ‘থুলাভারম’ ছবিতে তিনি রামা নামে এক কারখানার শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কর্মীর চরিত্রে অভিনয় করেন। রোমান্টিক নায়কের ভূমিকায় বিশেষ পরিচিত এই কিংবদন্তি অভিনেতা ছবিটিতে নিজের গ্ল্যামারনির্ভর পর্দার পরিচিতি থেকে বেরিয়ে এসে সংযত অভিনয়ের নজির রাখেন। তাঁর কর্মজীবনের অন্যতম সেরা অভিনয়গুলির মধ্যে এই চরিত্রটি উল্লেখযোগ্য।

 

‘ইরুটিন্তে আত্মাভু’, ‘মুরাপ্পেন্নু’ ও ‘নাধি’ থেকে ‘কাল্লিচেল্লাম্মা’, ‘বিদা পারায়ুম মুনপে’ এবং ‘পদয়োত্তম’, প্রেম নাজিরের অভিনয়জীবনে রোমান্টিক চরিত্রের পাশাপাশি পৌরাণিক কাহিনি ও সমাজসংস্কারমূলক বিষয়ও বিশেষ স্থান পেয়েছে। ৭০০-রও বেশি ছবিতে নায়ক হিসেবে অভিনয় এবং শীলা-র বিপরীতে ১৩০টি ছবিতে জুটি বাঁধার জন্য তাঁর নামে রয়েছে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ১৯৮৩ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।

 

Waqt ছবিতে অভিনেতা রাজ কুমার ও সংগীত পরিচালক বম্বে রবি

 

স্বতন্ত্র পর্দা-উপস্থিতি, গভীর গম্ভীর কণ্ঠস্বর, সংলাপ বলার নিজস্ব ভঙ্গি এবং ব্যতিক্রমী ব্যক্তিত্বের জন্য কিংবদন্তি অভিনেতা রাজ কুমার বিশেষ পরিচিত ছিলেন। যশ চোপড়ার বহু-তারকাখচিত ছবি ‘ওয়াক্ত’-এ তিনি বিশিষ্ট সংগীত পরিচালক রবির সঙ্গে কাজ করেন। ছবিতে রাজ কুমারের অভিনীত রাজা নামে এক চোরের চরিত্র এবং রবির সুরে জনপ্রিয় গান ‘অ্যায় মেরি জোহরা জবীন’ আজও দর্শক-শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল।

 

১৯৫২ সালে ‘রঙ্গিলি’ ছবির মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন রাজ কুমার। ‘নৌশেরওয়ান-এ-আদিল’ এবং ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন। পরে ‘দিল এক মন্দির’ (১৯৬৩) ছবিতে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘হীর রাঞ্ঝা’, ‘পাকিজা’ ও ‘তিরঙ্গা’-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে।

 

মালয়ালম চলচ্চিত্রে বম্বে রবি নামে পরিচিত রবি শঙ্কর শর্মা ১৯৫৫ সালে ‘বচন’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে সংগীত পরিচালনা শুরু করেন। ‘চৌধবিন কা চাঁদ’, ‘গুমরাহ’, ‘ওয়াক্ত’ ও ‘হামরাজ’ ছবির সংগীতের জন্য তিনি বিশেষ পরিচিত। ‘পরিণয়ম’ ও ‘সুকৃতম’ ছবির জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালনার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

 

এই বিশেষ শতবর্ষের শ্রদ্ধার্ঘ্যের মাধ্যমে ৫৭তম IFFI শুধু সাত বিশিষ্ট ব্যক্তিত্বকেই সম্মান জানাচ্ছে না, তাঁদের রেখে যাওয়া সৃজনশীল ঐতিহ্যকেও উদ্‌যাপন করছে। তাঁদের কাজ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং ভারতীয় চলচ্চিত্রের কালজয়ী সমৃদ্ধিকে উজ্জ্বল করে রেখেছে।

 

জন্মের এক শতাব্দী পরেও এই সাত কিংবদন্তির সৃষ্টি ভারতীয় চলচ্চিত্রের অসাধারণ বৈচিত্র্য, সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা এবং শৈল্পিক উৎকর্ষের সাক্ষ্য বহন করছে। পুনরুদ্ধার করা এই কালজয়ী ছবিগুলির মাধ্যমে ৫৭তম IFFI দর্শকদের সামনে শুধু স্মরণীয় অভিনয়, সুর ও গল্প ফিরে দেখার সুযোগই এনে দিচ্ছে না, সেই সঙ্গে তাঁদের গড়ে তোলা চলচ্চিত্রের ঐতিহ্য ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

 

সাত কিংবদন্তির ব্যক্তিগত কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এই শতবর্ষ উদ্‌যাপন ভারতের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা সহজলভ্য করে রাখার গুরুত্বও নতুন করে তুলে ধরছে।

 

****

SM/SS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2339825
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026