পোস্ট করার দিনক্ষণ:
20 NOV 2026 9:01AM by PIB Agartala
নয়াদিল্লী, ২০ নভেম্বর ২০২৬: কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পানীয় জল ও স্যানিটেশন বিভাগ (ডিডিডব্লুএস) গতকাল, ২০২৬ সালের বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর (এসবিএমজি) অধীনে ‘স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্যৎ’ প্রচারাভিযান শুরু করেছে। এই অভিযানের পাশাপাশি এর অগ্রগতি সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য একটি রিপোর্টিং মডিউলও আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর যুগ্মসচিব তথা জাতীয় মিশন অধিকর্তা ঐশ্বর্যা সিং ই-লঞ্চের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পানীয় জল ও স্যানিটেশন বিভাগের উপসচিব স্বাগত ভাষণের মাধ্যমে অভিযানের প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর বিভাগের ডিরেক্টর স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর অগ্রগতি নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করেন। সেখানে জানানো হয়, দেশের প্রায় ৮৯.৯ শতাংশ গ্রাম ইতিমধ্যেই ‘ওডিএফ প্লাস (মডেল)’ মর্যাদা অর্জন করেছে। পাশাপাশি মিশনের অন্যান্য ক্ষেত্রেও সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়।
এরপর যুগ্মসচিব তথা জাতীয় মিশন অধিকর্তা ‘স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্যৎ’ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন। একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই অভিযানের অগ্রগতি সংক্রান্ত তথ্য জমা দেওয়ার জন্য পানীয় জল ও স্যানিটেশন বিভাগ প্রস্তুত রিপোর্টিং মডিউলটিও চালু করা হয়।
২০২৬ সালের বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘের নির্ধারিত থিম হল, ‘নিরাপদ শৌচাগার, সমান ভবিষ্যৎ’। এই থিমের মাধ্যমে স্যানিটেশন ব্যবস্থার সঙ্গে লিঙ্গসমতার বিষয়টিকে যুক্ত করা হয়েছে। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্যৎ’ অভিযানে গ্রামীণ এলাকার স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে নজর দেওয়া হবে মহিলা, ছাত্রী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চাহিদার দিকে।
অভিযানের মূল উদ্দেশ্যগুলি হল—
- কমিউনিটি স্যানিটেশন কমপ্লেক্স ও প্রাতিষ্ঠানিক শৌচাগারের অবস্থা মূল্যায়ন: স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত ভবন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শৌচাগারগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী মেরামতি, রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারের ব্যবস্থা করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শৌচাগারগুলির এই কাজ করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত গৃহস্থালির শৌচাগারগুলিও মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য পরিবারগুলিকে উৎসাহিত করা হবে।
- শৌচাগারের ধরন মূল্যায়ন ও আধুনিকীকরণ: গ্রামের শৌচাগারগুলির ধরন পর্যালোচনা করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, যেখানে সম্ভব, একক পিটযুক্ত শৌচাগারকে দ্বৈত পিটযুক্ত শৌচাগারে রূপান্তরিত করা হবে। একইভাবে সোক পিটবিহীন সেপটিক ট্যাঙ্কের পরিবর্তে সোক পিট-সহ সেপটিক ট্যাঙ্ক তৈরির উদ্যোগ নেওয়া হবে।
- যান্ত্রিক পদ্ধতিতে বর্জ্য অপসারণের পরিকল্পনা: যেখানে এই ব্যবস্থা চালু রয়েছে অথবা ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট-এর নিয়ম মেনে চলার জন্য প্রয়োজন, সেখানে যান্ত্রিক পদ্ধতিতে শৌচাগারের বর্জ্য অপসারণের ব্যবস্থা মূল্যায়ন ও পরিকল্পনা করা হবে।
- রক্ষণাবেক্ষণ ব্যবস্থার মূল্যায়ন ও শক্তিশালীকরণ: কমিউনিটি স্যানিটেশন কমপ্লেক্স এবং প্রাতিষ্ঠানিক শৌচাগারগুলির নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যমান ব্যবস্থার মূল্যায়ন করে তা আরও শক্তিশালী করা হবে।
- শৌচাগারকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তোলা: কমিউনিটি স্যানিটেশন কমপ্লেক্স ও বিভিন্ন প্রতিষ্ঠানের শৌচাগারগুলিকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ব্যবহারবান্ধব করে তুলতে স্থানীয় দেওয়ালচিত্র, নির্দেশিকা এবং পারিপার্শ্বিক পরিবেশের উন্নয়নে সাধারণ মানুষকে উৎসাহিত করা হবে। একইভাবে ব্যক্তিগত গৃহস্থালির শৌচাগারগুলিকেও পরিচ্ছন্ন ও সুন্দর করে তোলার জন্য পরিবারগুলিকে উদ্বুদ্ধ করা হবে।
- ওডিএফ (খোলা জায়গায় মলত্যাগমুক্ত) মর্যাদা বজায় রাখা: গ্রামের ওডিএফ স্থায়িত্বের পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এই মর্যাদা বজায় রাখতে নিবিড় আচরণগত পরিবর্তনমূলক প্রচার এবং সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শৌচাগারের নিয়মিত ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
- স্বচ্ছ সেবা আঙ্কলন-এর অগ্রগতি পর্যালোচনা: গ্রাম বা গ্রাম পঞ্চায়েতের স্বচ্ছ সেবা আঙ্কলনের বর্তমান অবস্থা মূল্যায়ন করা হবে। ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মূল্যায়ন জমা দেওয়া হয়ে থাকলে চিহ্নিত ঘাটতিগুলি দূর করার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
- সচেতনতা বৃদ্ধি: স্যানিটেশনের গুরুত্ব, বিশেষত মহিলা, ছাত্রী এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চাহিদা, ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা বজায় রাখা, সাবান দিয়ে হাত ধোয়া, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট-এর নিয়ম মেনে চলা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি ২০২৬ অনুসরণ, বর্জ্যকে চারটি পৃথক ভাগে বিভক্ত করা এবং স্বচ্ছ সেবা আঙ্কলন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে।
- এই অভিযানের মাধ্যমে গ্রামীণ স্যানিটেশন ব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শৌচাগারের নিয়মিত ব্যবহার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এরপর বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং অভিযান বাস্তবায়নের জন্য তাদের প্রস্তাবিত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানায়। গুজরাট, মধ্যপ্রদেশ, সিকিম ও কর্ণাটকের স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) দল অভিযানে তাদের পরিকল্পিত কর্মসূচিগুলি তুলে ধরে।

ই-লঞ্চ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর যুগ্মসচিব তথা জাতীয় মিশন অধিকর্তা ঐশ্বর্যা সিং বলেন, ‘স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্যৎ’ অভিযানটি সকলের মর্যাদা ও সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, এই অভিযানে ভবিষ্যতে পরিচ্ছন্নতা অভিযানের দায়িত্বভার গ্রহণ করবে এমন স্কুলপড়ুয়া পড়ুয়াদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব এবং শৌচাগারগুলিকে পরিচ্ছন্ন ও সকলের ব্যবহারোপযোগী করে রাখতে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের সচেতন করে তোলাই এর অন্যতম লক্ষ্য।
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)-এর যুগ্মসচিব তথা জাতীয় মিশন অধিকর্তা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশ্লিষ্ট দলগুলিকে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে স্কুলের পরিচ্ছন্নতা সংক্রান্ত অডিট-সহ এই অভিযানের বিভিন্ন কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর তিনি জোর দেন।

এছাড়াও দেশের পর্যটনকেন্দ্র-সহ জনসমাগম বেশি হয় এমন এলাকায় পরিচ্ছন্ন ও সচল কমিউনিটি স্যানিটেশন কমপ্লেক্স গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই ধরনের শৌচাগারের পরিচ্ছন্নতা ও কার্যকারিতা পর্যটকদের সামগ্রিক অভিজ্ঞতাকে সরাসরি প্রভাবিত করে। পাশাপাশি তা পরোক্ষভাবে স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিভিন্ন স্তরের অংশীদারদের সক্রিয়ভাবে এই অভিযানে যুক্ত করার আহ্বান জানানো হয়। ‘জন-অংশীদারিত্বের' মাধ্যমে ‘সম্পূর্ণ স্বচ্ছতা’ নিশ্চিত করে এই অভিযানকে সফল করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
*****
PS/SG/AL