প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ম্যানিলায় ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 17 NOV 2026 1:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের আমন্ত্রণে ম্যানিলায় ২৩তম ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন। এবারের সম্মেলনের মূল ভাবনা 'সম্মিলিতভাবে আমাদের ভবিষ্যতের দিকনির্দেশ'। প্রধানমন্ত্রী আসিয়ান-এর সফল সভাপতিত্বের জন্য রাষ্ট্রপতি মার্কোসকে অভিনন্দন জানান।

শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী আসিয়ানের সঙ্গে ভারতের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের গুরুত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে শান্তি, স্থিতিশীলতা এবং পূর্বানুমানযোগ্য পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আসিয়ান ও ভারতকে একযোগে কাজ করতে হবে। ভারত এক অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতা চায়। প্রতিযোগিতার ওপর নয়,  পারস্পরিক সহযোগিতার উপরই এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভরশীল। 

আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয় ভূমিকার প্রতি ভারতের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এবং ‘বিকশিত ভারত ২০৪৭’ ভারত ও আসিয়ানের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে ভারত ও আসিয়ানের অভিন্ন মূল্যবোধ, বিশ্ব সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং গভীর সাংস্কৃতিক সম্পর্ক এই অংশীদারিত্বে এক নতুন মাত্রা যোগ করেছে। ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ (Act East) নীতি ভারত-আসিয়ান সম্পর্কে নতুন গতির সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বের ভবিষ্যৎ নির্মাণে প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ভারত ও আসিয়ানকে কেবল প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না; বরং যৌথভাবে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশ ঘটাতে হবে এবং নিজেদের জনগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৭ সাল ভারত-আসিয়ান সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। ওই বছর উভয় পক্ষের সম্পর্কের ৩৫ বছর এবং বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের ৫ বছর পূর্তি উদ্‌যাপিত হবে।

ভারত-আসিয়ান সহযোগিতা ও পারস্পরিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কয়েকটি প্রস্তাব পেশ করেন। সেগুলি হল:

- যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বৈজ্ঞানিক গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা, সামুদ্রিক ক্ষেত্র সম্পর্কে সচেতনতা এবং নাবিকদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি আসিয়ান-ভারত সামুদ্রিক সহযোগিতা পরিকল্পনা গ্রহণ।
- এই অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা বিকাশের লক্ষ্যে যৌথ সাইবার ফরেনসিক প্রশিক্ষণ কর্মসূচি চালু।
- আসিয়ান-ভারত পারমাণবিক শক্তি সংক্রান্ত প্রযুক্তিগত আদান-প্রদান।
- আসিয়ান-ভারত মহাকাশ হ্যাকাথন আয়োজন।
- খনিজ সম্পদ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আসিয়ান-ভারত সহযোগিতা জোরদার।
- যুব সম্মেলন, তরুণ সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময় এবং স্টার্ট-আপ হ্যাকাথনের মাধ্যমে আসিয়ান-ভারত যুব সংযোগ আরও সুদৃঢ় করা।
- নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিয়ানভুক্ত দেশগুলির শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি।
- WAVES ২০২৭-এ আসিয়ান-ভারত সৃজনশীল অংশীদারিত্বের প্যাভিলিয়ন স্থাপন।
- আসিয়ানভুক্ত দেশগুলির পর্যটকদের জন্য বিনামূল্যে ই-ভিসা চালু।

সম্মেলন আয়োজনের জন্য ফিলিপিন্সের রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান। পাশাপাশি আসিয়ানের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নেতৃবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা সংক্রান্ত আসিয়ান-ভারত যৌথ বিবৃতি গ্রহণ করেন। http://[https://www.mea.gov.in/bilateral-documents?dtl/41953]।

প্রধানমন্ত্রীর সূচনা ভাষণ এখানে দেখা যেতে পারে। [https://www.mea.gov.in/Speeches-Statements?dtl/41951&lang=hi]

 

 

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2337540) ভিজিটরের কাউন্টার : 14