নীতিআয়োগ
azadi ka amrit mahotsav

সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তিতে ‘লিডারশিপ অ্যাজ এ মিশন’ বিষয়ে নীতি আয়োগের প্রথম জাতীয় কর্মশালা

প্রকাশিত: 17 NOV 2026 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ নভেম্বর, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রধান হিসেবে ২৫ বছরের  অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, নীতি আয়োগ নয়াদিল্লির ভারত মণ্ডপমে আজ লিডারশিপ অ্যাজ মিশন বিষয়ে একটি জাতীয় কর্মশালার আয়োজন করে। ২০০১ সালের অক্টোবর মাসে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ২০১৪ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রী মোদী নিরবচ্ছিন্নভাবে রাজ্য ও কেন্দ্রীয় পর্যায়ে সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন। এই দীর্ঘ সময়জুড়ে তিনি সরকারি দায়িত্ব পালনকে একটি সেবার মিশন হিসেবে দেখেছেন। নিজেকে প্রধান সেবক হিসেবে অভিহিত করার মাধ্যমে তিনি সরকারি প্রতিটি কর্মকাণ্ডের কেন্দ্রে রেখেছেন নাগরিক স্বার্থকে। অন্ত্যোদয়, জনভাগিদারী এবং সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস - এই নীতিগুলিই রাজ্য ও কেন্দ্রীয় উভয় পর্যায়েই তাঁর শাসনব্যবস্থার লক্ষ্য স্থির করেছে। 
পাঁচটি জাতীয় কর্মশালার একটি সিরিজের প্রথম কর্মশালা হিসেবে এটি আয়োজিত হয়। এই সিরিজ চলাকালীন যে আলোচনা হবে তদুপরি যে প্রত্যক্ষ অভিজ্ঞতাসমূহ  উঠে আসবে, তা ভবিষ্যতে সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য কেস স্টাডি এবং শিক্ষামূলক উপকরণ হিসেবে তৈরি করা হবে। এই সিরিজের মাধ্যমে গত ২৫ বছরের অর্জিত শিক্ষাকে গবেষণা ও পাঠ্য উপকরণের আকারে তুলে ধরা হবে, যা বিকশিত ভারত @২০৪৭-এর লক্ষ্য অর্জনের পথে নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমের দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
কর্মশালায় ৯০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ২৫০ জন সরাসরি আলোচনায় অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সচিব ও বরিষ্ঠ কর্মকর্তারা,উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলির জেলা কালেক্টররা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সঙ্গে যুক্ত অংশীদার ও সুবিধাপ্রাপকরা। পুরো অনুষ্ঠানটি ‘আইগট কর্মযোগী’ প্ল্যাটফর্মে এবং কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
কর্মশালাটি জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র-এর মাধ্যমে শুরু হয়। এরপর নীতি আয়োগের সিইও অনুরাগ জৈন বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রীর ২৫ বছরের নেতৃত্ব থেকে প্রাপ্ত শিক্ষাকে নথিবদ্ধ করা এবং সেগুলিকে ভবিষ্যতের জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞানে রূপান্তরিত করা। তিনি নেতৃত্বের যাত্রা থেকে চারটি মূল শিক্ষা তুলে ধরেন। প্রথমত, পদমর্যাদার চেয়ে লক্ষ্য বা উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিতে হবে; অর্থাৎ ব্যক্তিগত নেতৃত্বের পরিবর্তে সম্মিলিত লক্ষ্যের ওপর মনোযোগ নিবদ্ধ করতে হবে। দ্বিতীয়ত, আদেশ দেওয়ার মানসিকতার বদলে সেবার মনোভাব থাকতে হবে, যেখানে শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকবে সমাজের শেষ প্রান্তে থাকা মানুষটির কাছে পৌঁছানো। তৃতীয়ত, গভীর অভ্যন্তরীণ বিশ্বাস মানুষের মধ্যে সহনশীলতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি তৈরি করে, যা প্রতিকূলতাকে সামাজিক পরিবর্তনের সুযোগে রূপান্তর করতে সাহায্য করে। চতুর্থত, প্রকৃত ক্ষমতায়ন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল না হয়ে শক্তিশালী প্রতিষ্ঠান, দক্ষ দল এবং সুস্থায়ী ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠা পায়।
নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ী বলেন, ভারতের উন্নয়নের যাত্রায় শক্তিশালী রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত তথা উন্নত রাষ্ট্রে পরিণত করার জাতীয় আকাঙ্ক্ষায় এক বড় পরিবর্তনের সূচনা করেছে। এটি ভারতকে একটি উন্নত, সমৃদ্ধ এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতামূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যাত্রাকে প্রতিফলিত করে।
তিনি ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০-৪০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে নীতি আয়োগের রোডম্যাপ তুলে ধরেন। এই পরিকল্পনায় মাথাপিছু আয় ১৫,০০০ থেকে ১৮,০০০ মার্কিন ডলারে উন্নীত করার পাশাপাশি বার্ষিক ৭-১০ শতাংশ হারে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখার কথা বলা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রধান সচিব ডঃ পি. কে. মিশ্র বলেন,ভারতের শাসনব্যবস্থার যাত্রায় এমন কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে, যা সুনিশ্চিত নেতৃত্বের শক্তি এবং দূরদর্শী চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার সক্ষমতাকে প্রমাণ করে। ২০০১ সালের কচ্ছের ভূমিকম্পের সময় দ্রুত সাড়া দেওয়া থেকে শুরু করে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ, বিশ্ব মহাকাশ অর্থনীতিতে ভারতের অবস্থান শক্তিশালী করা কিংবা লাখপতি দিদি উদ্যোগের মতো রূপান্তরমূলক কার্যক্রম - এসবই প্রমাণ করে যে, শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা, দায়িত্বশীল প্রশাসন এবং লক্ষ্যভিত্তিক শাসনব্যবস্থা কীভাবে মানুষের জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটাক বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই উদ্যোক্তা মনোভাবকে অর্থনৈতিক বিকাশ ও রাষ্ট্র গঠনে মূল চালিকাশক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
নীতি আয়োগের সদস্য ডঃ আ বালাসুব্রহ্মণ্যম কর্মশালার রূপরেখা ও কাঠামো ব্যাখ্যা করেন। তিনি জানান, এই কর্মশালায় নেতৃত্বকে এমন সব সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয়েছে, যেখানে নেতৃত্বের প্রকাশ ঘটে। কর্মশালার কার্যক্রম এমনভাবে সাজানো হয়েছিল যাতে অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা থেকে বিশ্লেষণের দিকে এবং বিশ্লেষণ থেকে প্রয়োগের দিকে অগ্রসর হতে পারেন। তিনি বলেন, সিদ্ধান্ত ও প্রতিষ্ঠানিক সক্ষমতার ভিত্তিতে  জননেতৃত্ব বিষয়ক একটি নিজস্ব ভারতীয় জ্ঞানভাণ্ডার গড়ে তোলাও এর লক্ষ্য।
গুজরাট সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ও প্রধান সচিব  রাজীব টোপনো ২০০১ সালের ভূমিকম্পের পর কচ্ছ পুনর্গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, ২০০১ সালের কচ্ছের ঘটনা কেবল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার গল্প ছিল না; বরং এটি ছিল জনঅংশীদারিত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সম্মিলিত সংকল্পের মাধ্যমে একটি নতুন স্বাভাবিক অবস্থা গড়ে তোলার গল্প।  ইউপিএসসি’র প্রাক্তন চেয়ারম্যান এবং প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স-এর জন্য গঠিত স্বাধীন প্যানেলের প্রাক্তন সদস্য, প্রীতি সুদান  বলেন  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতে কোভিড-১৯ মোকাবিলার প্রক্রিয়াটি কেবল সরকারি স্তরের প্রচেষ্টার গণ্ডি পেরিয়ে একটি সামগ্রিক সামাজিক আন্দোলনে পরিণত হয়েছিল। ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির মাধ্যমে আমাদের দেশ বিশ্ব সংহতির প্রতি তার দায়বদ্ধতা আরও প্রসারিত করেছে এবং ১০০টিরও বেশি দেশে প্রায় ৩০ কোটি টিকার ডোজ সরবরাহ করেছে।

ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রাক্তন সচিব শৈলেশ কুমার সিং বলেন,লাখপতি দিদি এমন এক উদ্যোগ যা দেখায়, কীভাবে একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গিকে অভূতপূর্ব মাত্রায় বাস্তবে রূপ দেওয়া যায়।

ইসরো’র প্রাক্তন চেয়ারম্যান এবং ভারত সরকারের মহাকাশ বিভাগের প্রাক্তন সচিব ড. এস. সোমনাথ তুলে ধরেন যে, কীভাবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নিয়মাবলি উদারীকরণের ফলে বেসরকারি খাতের অংশগ্রহণের নতুন পথ উন্মোচিত হয়েছে, যা মহাকাশ খাতকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি  বলেন স্পেস ভিশন ২০৪৭ আমাদের বৈজ্ঞানিক সক্ষমতাকে আরও উন্নত করবে এবং বিশ্বমঞ্চে একটি মহাকাশ শক্তি হিসেবে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
এই অধিবেশনের পর অংশগ্রহণকারীরা ‘কেস ক্লিনিক’-এ অংশ নেন। সেখানে প্রতিটি দল তাদের জন্য নির্ধারিত পর্ব থেকে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। প্রতিটি দলে সরকারি আধিকারিক, সামাজিক অংশীদার এবং শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিলেন। পুরো প্রক্রিয়াটিতে তাদের পথপ্রদর্শক হিসেবে ছিলেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশন-এর অমৃত জ্ঞান কোষ উদ্যোগের আওতায় প্রশিক্ষিত একজন কেস রাইটার। দলগত আলোচনা এবং বক্তাদের শেয়ার করা প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণগুলিকে ক্যাপাসিটি বিল্ডিং কমিশন কেস স্টাডি হিসেবে প্রস্তুত করবে। পরবর্তীতে এগুলি আইগট কর্মযোগী প্ল্যাটফর্মে আপলোড করা হবে, যাতে সরকারি কর্মচারী, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলি তা ব্যবহার করতে পারে।

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2337537) ভিজিটরের কাউন্টার : 14