উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

ভুবনেশ্বরে সপ্তদশ ওড়িশা বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত অভিযোজন কর্মসূচিতে ভাষণ দিলেন উপরাষ্ট্রপতি

পোস্ট করার দিনক্ষণ: 16 NOV 2026 12:39PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৬ নভেম্বর, ২০২৬

 


উপরাষ্ট্রপতি শ্রী সি. পি. রাধাকৃষ্ণন আজ ভুবনেশ্বরে সপ্তদশ ওড়িশা বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত অভিযোজন কর্মকূচিতে ভাষণ দেন। বিধায়কদের ভারতের সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ক্ষেত্রে গঠনমূলক বিতর্ক, তথ্যসমৃদ্ধ আলোচনা, আইন প্রণয়নের দক্ষতা এবং জনকেন্দ্রিক শাসনের গুরুত্বের ওপর জোর দেন।

উপরাষ্ট্রপতি এই অভিযোজন কর্মসূচিটি আয়োজন করার জন্য অধ্যক্ষ শ্রীমতী সুরমা পাঢ়ির প্রশংসা করেন এবং এই ধরনের উদ্যোগকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে ও বিধায়কদের তাঁদের সাংবিধানিক দায়িত্ব কার্যকরভাবে পালনে সক্ষম করার ক্ষেত্রে সহায়ক বলে বর্ণনা করেন।

ভারতের প্রাচীন গণতান্ত্রিক ঐতিহ্যের কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি বৈশালীর গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং চোল-যুগের কুড়াভোলাই ব্যবস্থার কথা উল্লেখ করেন এবং বলেন, ভারতের সভ্যতার ইতিহাসে গণতন্ত্রের গভীর শিকড় রয়েছে। তিনি বলেন, ভারত ‘গণতন্ত্রের জননী’ হিসেবে যথার্থই গর্ববোধ করে এবং ওড়িশার বিধায়কদের এই গৌরবময় ঐতিহ্যকে সমুন্নত রাখার আহ্বান জানান।

নির্বাচনী বিজয়কে অবশ্যই অর্থবহ জনসেবায় রূপান্তরিত করতে হবে-এই কথার ওপর জোর দিয়ে উপরাষ্ট্রপতি বলেন, “আমরা ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হই, কিন্তু জনগণের শ্রদ্ধা অর্জন করতে পারি কেবল আমাদের সেবার মাধ্যমেই।” তিনি বলেন, বিধানসভা কেবল বিতর্কের একটি মঞ্চ নয়, বরং তার চেয়েও অনেক বেশি কিছু; কারণ এখানে প্রণীত প্রতিটি নীতি, উত্থাপিত প্রতিটি প্রশ্ন এবং প্রণীত প্রতিটি আইনের মধ্যেই অগণিত নাগরিকের জীবনযাত্রার মানোন্নয়নের সম্ভাবনা নিহিত থাকে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ব্যক্ত ‘বিকশিত ভারত ২০৪৭’ ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারতের অগ্রগতির কেন্দ্রবিন্দুতে থাকবে ওড়িশার অগ্রগতি। ২০৩৬ সালে প্রদেশ হিসেবে ওড়িশার গঠনের শতবর্ষ পূর্তি আসন্ন হওয়ায়, তিনি রাজ্যটিকে একটি উন্নত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক রাজ্যে রূপান্তরিত করার ক্ষেত্রে ‘ভিশন ওড়িশা ২০৩৬’-এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, যুবকদের জন্য সুযোগ সৃষ্টি করতে এবং প্রতিটি গ্রাম ও প্রতিটি পরিবারে উন্নয়ন পৌঁছে দেওয়া নিশ্চিত করতে বিধায়করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তাঁর বিশ্বাস।

আইনসভার কার্যক্রমে বিঘ্ন ঘটানোর বিষয়টি উল্লেখ করে উপরাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, জনগণের প্রতি এবং সংবিধানের প্রতি বৃহত্তর অঙ্গীকারের পথে মতপার্থক্য যেন বাধা হয়ে না দাঁড়ায়। তিনি মন্তব্য করেন, “গণতন্ত্রে আমরা ভিন্নমত পোষণ করতে পারি, কিন্তু একটি বিষয়ে আমাদের সকলের একমত হওয়া উচিত – তা হলো জনগণ এবং সংবিধানের প্রতি আমাদের অঙ্গীকার।” “বিতর্ক, আলোচনা বা এমনকি কখনও কখনও বিঘ্ন ঘটানোর মাধ্যমেও একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে” – এই কথাটি পুনর্ব্যক্ত করে তিনি গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জাতীয় উন্নয়নকে এগিয়ে নিতে সুস্থ বিতর্ক ও গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান।

নিরন্তর শিক্ষা ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে উপরাষ্ট্রপতি সদস্যদের আইনগত বিধি ও পদ্ধতি, বাজেট প্রণয়ন প্রক্রিয়া, কমিটি ব্যবস্থা, সংসদীয় প্রথা এবং নীতিশাস্ত্রের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানান।

তিনি বিশেষ করে প্রশ্নোত্তর পর্ব এবং শূন্য পর্বের গুরুত্ব তুলে ধরেন এবং এগুলিকে স্বতন্ত্র সদস্যদের জন্য তাদের নির্বাচনী এলাকা-সম্পর্কিত উদ্বেগ ও গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় উত্থাপনের অপরিহার্য সুযোগ হিসেবে বর্ণনা করেন। এই গুরুত্বপূর্ণ সংসদীয় ব্যবস্থাগুলি যাতে কোনো বাধা ছাড়াই কার্যকর থাকে, তা নিশ্চিত করতে সভাপতির সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি সদস্যদের আহ্বান জানান।

উপরাষ্ট্রপতি সভার কার্যবিবরণী বিষয়ে ঐকমত্য তৈরিতে কার্য উপদেষ্টা কমিটির ভূমিকার ওপরও জোর দেন। তিনি বলেন, কমিটির মধ্যে বৃহত্তর ঐকমত্য আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও মসৃণ ও ফলপ্রসূ করতে সাহায্য করবে।

আইন প্রণয়ন কার্যক্রমে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করে উপরাষ্ট্রপতি জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশনের অধীনে ওড়িশা বিধানসভায় ডিজিটাল হাউসের উদ্বোধনকে স্বাগত জানান। রাজ্যসভায় ডিজিটাল প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় সংসদীয় কাগজপত্র, প্রশ্ন এবং বিতর্ক এখন একাধিক ভাষায় পাওয়া যাচ্ছে। তিনি আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বিধায়কদের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং-সহ উদীয়মান প্রযুক্তি গ্রহণ করার আহ্বান জানান।

সব শেষে উপরাষ্ট্রপতি বিধায়কদের তাঁদের পদের অপরিমেয় দায়িত্ব এবং রূপান্তরমূলক সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, একটি সুচিন্তিত হস্তক্ষেপ নীতিতে পরিবর্তন আনতে পারে, অন্যদিকে একটি সহানুভূতিশীল সিদ্ধান্ত অগণিত নাগরিকের জীবনে আশা ফিরিয়ে আনতে পারে। তিনি সপ্তদশ ওড়িশা বিধানসভার সকল সদস্যকে একটি ফলপ্রসূ অভিযোজন কর্মসূচি এবং একটি সমৃদ্ধ আইন প্রণয়ন যাত্রার জন্য শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ওড়িশার রাজ্যপাল শ্রী ব্রজমোহন রাম; ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি; ওড়িশা বিধানসভার অধ্যক্ষ শ্রীমতী সুরমা পাঢ়ি; ওড়িশা বিধানসভার উপ অধ্যক্ষ শ্রী ভবানী শঙ্কর ভৈ; এবং সপ্তদশ ওড়িশা বিধানসভার সদস্যবৃন্দ।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2337041) ভিজিটরদের কাউন্টার : 13
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Malayalam