তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

তরুণ সংগীত প্রতিভাদের জাতীয় মঞ্চে জায়গা দিতে আকাশবাণী ‘এআইআর রাইজিং স্টার্স’ উদ্যোগ চালু করছে

প্রকাশিত: 15 NOV 2026 8:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৬ 

 

ভারতের তরুণ সঙ্গীত প্রতিভাকে উৎসাহিত করতে এবং দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সঙ্গীত ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আকাশবাণী এবারই প্রথম চালু করতে চলেছে ‘এআইআর রাইজিং স্টার্স’ শীর্ষক এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানমালা। দেশব্যাপী এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানগুলিতে ৩০ বছরের কম বয়সী তরুণ শিল্পীরাই অংশগ্রহণ করতে পারবেন। এই সঙ্গীতানুষ্ঠানমালার প্রথম সেশন আগামী ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের ২৬টি স্থানে আয়োজিত হবে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ ও উদীয়মান সঙ্গীতশিল্পীরা তাঁদের প্রতিভা প্রদর্শনের পাশাপাশি বৃহত্তর শ্রোতৃমণ্ডলীর সঙ্গে সংযোগ স্থাপনে এক মর্যাদাপূর্ণ জাতীয় মঞ্চও পাবেন।

আকাশবাণীর ৯০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীত প্রতিভার সন্ধান, পরিচর্যা ও প্রসারে আকাশবাণীর নিরবচ্ছিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়। ‘এআইআর রাইজিং স্টার্স’ উদ্যোগের মূল লক্ষ্য হলো আকাশবাণীর এই গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী দিনের সঙ্গীত প্রতিভাকে বিশেষভাবে তুলে ধরা। দেশের তরুণ প্রজন্মের শিল্পীদের জাতীয় স্তরে পরিচিতি ও প্রতিষ্ঠা লাভের সুযোগ করে দিতেই এই উদ্যোগের পরিকল্পনা। কোনও নির্দিষ্ট সঙ্গীত বিভাগে গ্রেডপ্রাপ্ত তরুণ শিল্পী পাওয়া না গেলে, নির্ধারিত নির্দেশিকা এবং সংশ্লিষ্ট আকাশবাণী কেন্দ্রের নির্বাচনের ভিত্তিতে যোগ্য গ্রেডবিহীন তরুণ শিল্পীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার সংস্থান থাকছে।
এই সঙ্গীতানুষ্ঠানগুলিতে ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সঙ্গীত ঐতিহ্যের বিভিন্ন ধারাকে তুলে ধরা হবে। এর মধ্যে থাকবে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত (কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত), কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত (কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত), লঘু সঙ্গীত ও লোকসঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত এবং অন্যান্য আঞ্চলিক সঙ্গীতের ধারা। সংশ্লিষ্ট আকাশবাণী কেন্দ্রের অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গীতের ধারা মাফিক তা নির্দিষ্ট হবে।

সঙ্গীতানুষ্ঠানগুলি দেশের ২৬টি আকাশবাণী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হবে। কেন্দ্রগুলি হল — সিমলা, দেরাদুন, দিল্লি, লখনউ, বারাণসী, জয়পুর, জলন্ধর, সুরতগড়, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ধারওয়াড়, বেঙ্গালুরু, মহীশূর, মাদুরাই, তিরুবনন্তপুরম, তিরুচিরাপল্লি, কলকাতা, ইম্ফল, মুম্বই, আমেদাবাদ, সাংলি, নাগপুর, পুদুচেরি, জম্মু, গুয়াহাটি এবং রামপুর।

এই সঙ্গীতানুষ্ঠানগুলি আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রের নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচারিত হবে। পাশাপাশি দূরদর্শন, আকাশবাণীর ‘রাগম’ ইউটিউব চ্যানেল, ২৬টি আকাশবাণী কেন্দ্রের নিজস্ব ইউটিউব চ্যানেল, ‘নিউজ অন এয়ার’ মোবাইল অ্যাপ এবং প্রসার ভারতীর ‘ওয়েভস ওটিটি’ প্ল্যাটফর্মেও এই অনুষ্ঠানগুলির দেখানোর ব্যবস্থা থাকছে।

সম্প্রচারের এই উদ্যোগের ফলে অংশগ্রহণকারী শিল্পীরা রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল — এই তিনটি মাধ্যমেই বৃহত্তর দর্শক ও শ্রোতাদের কাছে পৌঁছনোর সুযোগ পাবেন। এর মাধ্যমে তরুণ শিল্পীদের প্রতিভা ও পরিচিতি জাতীয় স্তরে আরও বিস্তৃত হবে।

তরুণ শিল্পীদের উৎসাহিত করা এবং ডিজিটাল মাধ্যমে তাঁদের পরিবেশন ও দর্শক সংযোগ বাড়ানোর লক্ষ্যে একটি বিশেষ পুরস্কার প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ১৫ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ইউটিউবে যে তিনজন অংশগ্রহণকারী শিল্পীর পরিবেশনা সর্বাধিক ভিউ পাবে, তাঁদের নগদ পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হবে। শিল্পীদের প্রথম পুরস্কার বাবদ ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার বাবদ ১৫,০০০ টাকা এবং তৃতীয় পুরস্কার বাবদ ১০,০০০ টাকা প্রদান করা হবে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ শিল্পীদের প্রতিভার স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ভারতীয় সঙ্গীতের জনপ্রিয়তা ও প্রসার বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আকাশবাণীর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সঙ্গীতানুষ্ঠান ‘আকাশবাণী সঙ্গীত সম্মেলন’ আয়োজনের এক গৌরবময় ইতিহাস রয়েছে। ইতিমধ্যেই এই সঙ্গীত সম্মেলনের ৬৭টি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘এআইআর রাইজিং স্টারস’ হল একটি বিশেষ উদ্যোগ, যার মূল লক্ষ্য তরুণ গ্রেডপ্রাপ্ত শিল্পীদের জন্য একটি স্বতন্ত্র মঞ্চ তৈরি করা। আকাশবাণীর উদ্যোগে আয়োজিত এই ধরনের মর্যাদাপূর্ণ সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করার সুযোগ সাধারণত তরুণ শিল্পীদের জন্য সীমিত থাকে। এই উদ্যোগের মাধ্যমে সেই সীমাবদ্ধতা দূর করে তাঁদের নিজেদের প্রতিভা তুলে ধরার বিশেষ সুযোগ করে দেওয়া হবে। ভারতের চিরায়ত সঙ্গীত ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগ আরও সুদৃঢ় করে তোলার এটি একটি প্রয়াস।

 

 

SC/AB/DM..


(রিলিজ আইডি: 2336899) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Khasi , Urdu , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam