প্রকাশিত:
11 NOV 2026 5:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১৩-১৪ নভেম্বর কর্ণাটক ও গুজরাট সফর করবেন।
১৩ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী প্রশান্তি কুটিরমের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেবেন। এই উপলক্ষে তিনি ভাষণও দেবেন। দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে তিনি বেঙ্গালুরু মেট্রোর তাভারেকেরে থেকে আইআইএম বেঙ্গালুরু মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রার সূচনা করবেন এবং নিজেও মেট্রোতে সফর করবেন। প্রধানমন্ত্রী প্রায় ৩,৪৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেঙ্গালুরু মেট্রোর পিঙ্ক লাইনের কালেনা অগ্রহারা থেকে তাভারেকেরে পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। এই নতুন অংশ চালু হলে শহরের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, প্রতিদিনের যাতায়াত সহজ হবে, ভ্রমণের সময় কমবে এবং বেঙ্গালুরুতে গণপরিবহণ ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
দুপুর প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ তিনি বেঙ্গালুরুতে ১৫,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। তিনি সমাবেশে ভাষণও দেবেন। নগর পরিবহণ, বিদ্যুৎ সঞ্চালন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পেট্রোলিয়াম পরিকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও রেলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সঙ্গে প্রকল্পগুলি সম্পর্কিত।
প্রধানমন্ত্রী স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থান (এস-ভ্যাসা)-এর আবাসিক সদর দপ্তর প্রশান্তি কুটিরমের সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নেবেন। এই উপলক্ষে তিনি সুবর্ণজয়ন্তী প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কেরলের তিরুবনন্তপুরমে এস-ভ্যাসার অফ-ক্যাম্পাসেরও সূচনা করবেন।
প্রতিষ্ঠান গঠন ও সমাজসেবার পাঁচ দশক পূর্তিকে স্মরণীয় করে তুলতেই এই উদযাপন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত প্রশান্তি কুটিরমের মূল লক্ষ্য ছিল আধুনিক বিজ্ঞানের সঙ্গে ভারতের আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞার সমন্বয় ঘটানো। এস-ভ্যাসা,২০০২ সালে বিশ্ববিদ্যালয়-সম মর্যাদা লাভ করে। যোগশিক্ষা ও যোগবিষয়ক গবেষণার প্রসারে প্রতিষ্ঠানটি নিবেদিত।
অনুষ্ঠানে বিশিষ্ট চিন্তাবিদ, লেখক ও সংগঠক শ্রী হোঙ্গাসান্দ্রা ভেঙ্কটরামাইয়া শেষাদ্রি-র জন্মশতবর্ষও উদযাপন করা হবে। তিনি ১৯৪৬ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন। এস-ভ্যাসা প্রতিষ্ঠায় যাঁরা দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, তিনি ছিলেন তাঁদের অন্যতম। তাঁর অনুপ্রেরণা ও নির্দেশনায় প্রশান্তি কুটিরমের বিকাশ এবং কয়েক দশক ধরে এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী প্রায় ৪,৪৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কোপ্পাল-২ ও গদগ-২ পুনর্নবীকরণযোগ্য শক্তি অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করবেন।
ম্যাঙ্গালুরুতে ৮৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ভারতের বৃহত্তম ভূগর্ভস্থ এলপিজি সংরক্ষণাগারটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই সংরক্ষণাগারের ধারণক্ষমতা ৮০ হাজার মেট্রিক টন। এর ফলে দেশে এলপিজি সংরক্ষণের পরিকাঠামো উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। এই প্রকল্পের আওতায় নিউ ম্যাঙ্গালোর বন্দর থেকে মূল টার্মিনাল পর্যন্ত ৯.৪ কিলোমিটার দীর্ঘ এলপিজি পাইপলাইনও নির্মাণ করা হয়েছে। এর ফলে এলপিজি পরিবহণ ও সংরক্ষণের কাজ আরও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।
এছাড়াও, প্রায় ১,৩৭০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত বিদর সৌরশক্তি অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পে ৩,৪৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। এছাড়াও, দাভানাগেরে ও বল্লারিতে অতিরিক্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পে বিনিয়োগ করা হবে ১,১০০ কোটি টাকারও বেশি।
এছাড়াও, বেঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) দেবনগোন্ডি মার্কেটিং টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ৩৩০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই অত্যাধুনিক পরিকাঠামো কর্ণাটকে পেট্রোলিয়ামজাত পণ্যের সংরক্ষণ ও বণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
বেঙ্গালুরুর হারালাকুন্টেতে গেইলের কমপ্রেসড বায়োগ্যাস (সিবিজি) প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্ল্যান্টে প্রতিদিন প্রায় ৩০০ টন পুরসভার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ করে ১২.৬ টন পরিচ্ছন্ন কমপ্রেসড বায়োগ্যাস উৎপাদন করা হবে। এই প্রকল্প বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনায় উৎসাহ জোগাবে, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং পরিচ্ছন্ন ও আরও সুস্থায়ী পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুনর্নির্মিত চারটি রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি হল—চামরাজনগর, চিক্কামাগালুরু, সাকলেশপুর ও সুব্রহ্মণ্য রোড। পুনর্নির্মিত এই স্টেশনগুলিতে যাত্রীদের জন্য উন্নততর সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি, এগুলি সংশ্লিষ্ট শহরের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় বাণিজ্যিক কর্মকাণ্ড ও পর্যটনের প্রসারে সহায়তা করবে।
গদগ-হোতগি রেলপথের ২৮৪ কিলোমিটার দীর্ঘ ডবলিং প্রকল্পের অন্তর্গত ৪৫ কিলোমিটার দীর্ঘ বাগলকোট-ভান্ডাল রেলপথ ডবলিং-এর কাজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এতে যাত্রী ও পণ্য পরিবহণ আরও উন্নত হবে, স্থানীয় বাণিজ্যের প্রসার ঘটবে এবং কুডগি এনটিপিসি বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সহজতর হবে।
এছাড়াও, ৫৫ কিলোমিটার দীর্ঘ সাকলেশপুর-সুব্রহ্মণ্য রোড ঘাট রেলপথের বৈদ্যুতিকীকরণের কাজ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এটি ভারতের অন্যতম দুর্গম রেলপথ নির্মাণে এটি এক বিরাট কারিগরি সাফল্য। এই কাজ সম্পূর্ণ হওয়ার ফলে বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু রেলপথের সম্পূর্ণ অংশই এখন বৈদ্যুতিকীকরণের আওতায় এসেছে।
বেঙ্গালুরু-ম্যাঙ্গালুরু-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেসেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
এরপর প্রধানমন্ত্রী মহীশূর যাবেন। সেখানে বিকেল ৩টা ৩০ মিনিট নাগাদ তিনি কসমস-মহীশূর প্ল্যানেটেরিয়ামের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে তিনি ভাষণও দেবেন। এই উদ্যোগ দেশে প্ল্যানেটেরিয়াম প্রযুক্তি এবং জ্যোতির্বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ নির্মিত কসমস-মহীশূর ভারতের প্রথম এলইডি ডোম প্ল্যানেটেরিয়াম। প্রতিষ্ঠানটি চামুণ্ডি পাহাড়ের পাদদেশে মহীশূর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত।
এই অত্যাধুনিক কেন্দ্রের অন্যতম আকর্ষণ ১৫ মিটার ব্যাসের একটি হেলানো গম্বুজ। প্রায় ৬,১৫০টি প্যানেল দিয়ে তৈরি এই গম্বুজে রয়েছে ৪.২ কোটি পৃথক এলইডি। প্রচলিত প্ল্যানেটেরিয়ামগুলিতে যেখানে প্রজেক্টরের সাহায্যে একটি নিষ্ক্রিয় গম্বুজের ওপর ছবি প্রদর্শন করা হয়, সেখানে এই প্ল্যানেটেরিয়ামের এলইডি প্যানেলগুলি সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব। ফলে দর্শকরা বাস্তবসম্মত দৃশ্য-অভিজ্ঞতা লাভ করবেন এবং জ্যোতির্বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।
এখানকার স্কাই থিয়েটারে পেশাদারভাবে নির্মিত জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান আয়োজিত হবে। পাশাপাশি, মহীশূরের ইতিহাসের সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক নিয়ে নির্মিত একটি নিজস্ব চলচ্চিত্রও দেখানো হবে। অনুষ্ঠানগুলি কন্নড়, ইংরেজি ও হিন্দি ভাষায় দেখা যাবে।
দেশের বিভিন্ন স্থানে ভবিষ্যতের জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য উন্নত পরিকাঠামো নির্মাণ এবং জাতীয় স্তরে বিজ্ঞান প্রসারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৪ নভেম্বর দুপুর ১২টা নাগাদ প্রধানমন্ত্রী গুজরাটের বনসকাঁঠায় আম্বাজি মন্দিরে দর্শন ও পূজা দেবেন। আম্বাজি মন্দির ৫১টি পবিত্র শক্তিপীঠের অন্যতম।
SC/AB/SG/