প্রকাশিত:
28 OCT 2026 6:41PM by PIB Kolkata
নয়া দিল্লি, ২৮ অক্টোবর ২০২৬
কেন্দ্রের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের (MNRE) উদ্যোগে এবছর ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হতে চলেছে ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো (BRESE) ২০২৬। আগামী ২ নভেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
আজ এখানে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে ভারত সরকারের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব শ্রী সন্তোষ সারঙ্গী বলেন, “ভারতের পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে। জীবাশ্ম জ্বালানিবহির্ভূত উৎস থেকে বর্তমানে আমাদের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৩০৮ গিগাওয়াট। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট ক্ষমতা অর্জনের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে চলেছি। এই লক্ষ্য পূরণে ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি, শক্তি বা বিদ্যুৎ সঞ্চয় ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ, উন্নততর বিদ্যুৎ সঞ্চালন পরিকাঠামো এবং দেশীয় উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন হবে। ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো ২০২৬ বিশ্বব্যাপী পুঁজি, প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান পরিচ্ছন্ন শক্তির সম্ভাবনাকে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এর সাহায্যে বিনিয়োগের সম্ভাবনাকে বাস্তব প্রকল্প, অংশীদারিত্ব এবং অগ্রগতিতে রূপান্তরিত করা সম্ভব হবে।”
‘*বিনিয়োগ করুন, উদ্ভাবন করুন, অনুপ্রেরণা জোগান*’—এই মূল ভাবনাকে সামনে রেখে চার দিনব্যাপী এই সম্মেলনে ১৩০টিরও বেশি দেশ থেকে মন্ত্রী, নীতিনির্ধারক, শিল্পক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উৎপাদক, উদ্ভাবক, গবেষক এবং বহুপাক্ষিক সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই সম্মেলনের পাশাপাশি, অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সৌর জোটের (ISA) নবম অধিবেশন এবং চতুর্থ আন্তর্জাতিক গ্রীন হাইড্রোজেন সম্মেলন (ICGH)। এই তিনটি অনুষ্ঠান পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা, উদীয়মান প্রযুক্তি এবং পরিচ্ছন্ন শক্তির ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে আলোচনার একটি অভিন্ন মঞ্চ পরিবেশন করবে।
অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য অংশীদার হিসেবে এই সম্মেলনে অংশ নেবে। পুনর্নবীকরণযোগ্য শক্তিতে অর্থায়ন, গ্রীন হাইড্রোজেন, শক্তি সঞ্চয়, পরিচ্ছন্ন শক্তি উৎপাদন এবং প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সুযোগ খতিয়ে দেখতে আরও কয়েকটি দেশের প্রতিনিধিদলও সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
ভারতের ১৩টি রাজ্য এই সম্মেলনে অংশ নেবে। তারা নিজেদের পুনর্নবীকরণযোগ্য শক্তির সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, নীতিগত উদ্যোগ এবং উৎপাদন সক্ষমতা তুলে ধরবে। এ ছাড়াও, অন্যান্য অংশগ্রহণকারী রাজ্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করবে।
পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সৌরবিদ্যুতের স্থাপিত ক্ষমতার নিরিখে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। বায়ুশক্তি উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে ভারতের অবস্থান চতুর্থ। ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট ক্ষমতা অর্জনের লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। BloombergNEF-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ৬৩.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।
এই অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সম্মেলনটি বিশ্বব্যাপী নীতিনির্ধারক, বিনিয়োগকারী, শিল্পক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব এবং উদ্ভাবকদের একত্রিত করবে। এর লক্ষ্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং বিশেষত উদীয়মান অর্থনীতি ও গ্লোবাল সাউথের দেশগুলিতে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার ও প্রসার ত্বরান্বিত করা।
চার দিনব্যাপী এই সম্মেলনে উচ্চপর্যায়ের পূর্ণাঙ্গ অধিবেশন, মন্ত্রী পর্যায়ের আলোচনা, মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের (CEO) গোলটেবিল বৈঠক এবং দেশ ও রাজ্যভিত্তিক অধিবেশনের আয়োজন করা হবে। অর্থায়ন, নীতি, প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়নের মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরিচ্ছন্ন শক্তিতে বিনিয়োগ, উদীয়মান প্রযুক্তি, উৎপাদন, শক্তি সঞ্চয় এবং কর্মীবাহিনীর দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, প্রযুক্তির আদান-প্রদান, বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধান এবং বিশ্বব্যাপী শক্তি ক্ষেত্রে রূপান্তরের প্রক্রিয়ায় মহিলাদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
একই সময়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সৌর জোটের নবম অধিবেশন সৌরশক্তির প্রসারে ভারতের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে। এই উদ্যোগের মাধ্যমে গ্লোবাল সাউথের বিভিন্ন দেশে ভারতের সফল নীতি, প্রযুক্তি এবং বাস্তবায়ন মডেল সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক সৌর জোটের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে এই অধিবেশনে সদস্য ও স্বাক্ষরকারী দেশগুলির মন্ত্রী এবং প্রতিনিধিরা অংশ নেবেন। সৌরশক্তির ব্যবহার ও প্রসার, অর্থায়ন এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ ও যৌথ উদ্যোগের পথনির্দেশ করাই হবে এই অধিবেশনের অন্যতম উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী কিষান উর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান (PM-KUSUM) ও প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সৌর জোট বিভিন্ন দেশকে পরীক্ষিত সমাধান নিজেদের প্রয়োজন অনুযায়ী, গ্রহণ ও বৃহত্তর পরিসরে বাস্তবায়নে সহায়তা করছে। দেশভিত্তিক কর্মসূচি, বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সাফল্যকে বিশ্বজুড়ে বাস্তব সুফলে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে এই জোট।
এই সম্মেলনের পাশাপাশি, আয়োজিত প্রদর্শনীতে ভারত ও বিদেশের ৪০০-রও বেশি অগ্রণী উৎপাদক, প্রকল্প উন্নয়নকারী সংস্থা, প্রযুক্তি সরবরাহকারী, সরকারি ও বেসরকারি সংস্থা, স্টার্টআপ এবং গবেষণা প্রতিষ্ঠান অংশ নেবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের উদীয়মান প্রযুক্তি ও সমাধানগুলি প্রদর্শনের পাশাপাশি, ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগও তৈরি করবে এই প্রদর্শনী।
সম্মেলনে *ভারত রিনিউয়েবল এনার্জি হ্যাকাথন ২০২৬*-এর বিজয়ীদেরও স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হবে। সম্মেলনের আগে আয়োজিত এই উদ্যোগে ছাত্রছাত্রী, স্টার্টআপ, গবেষক এবং উদ্ভাবকরা অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিক পর্যায় (Early Stage) এবং বিকাশ পর্যায় (Growth Stage)—এই দুটি বিভাগে পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রের বাস্তব সমস্যার সমাধানে দশটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করা হয়।
দেশজুড়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে আয়োজিত *RE ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কুইজ ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ভারত মণ্ডপমে। অন্যদিকে, **REGen প্যাভিলিয়ন* ছাত্রছাত্রী, তরুণ উদ্ভাবক, উদ্যোগপতি এবং গবেষকদের নিজেদের ধারণা তুলে ধরা এবং শিল্পক্ষেত্রের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের জন্য একটি বিশেষ মঞ্চ প্রদান করবে।
এই সম্মেলনে ব্যবসায়িক প্রতিষ্ঠান-থেকে-প্রতিষ্ঠান (B2B), ব্যবসায়িক প্রতিষ্ঠান-থেকে-সরকার (B2G) এবং সরকার-থেকে-সরকার (G2G) পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও আলোচনার সুযোগ থাকবে। এর মাধ্যমে বিনিয়োগকারী, উৎপাদক, প্রযুক্তি সরবরাহকারী এবং সরকারি প্রতিনিধিরা বিনিয়োগের সম্ভাবনা, অংশীদারিত্ব এবং প্রকল্পের উন্নয়ন নিয়ে আলোচনা করতে পারবেন।
বিশদ তথ্যের জন্য দেখুন: http://www.bresummit.in
*******
SSS/PK/Kol