তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
মিজোরামে সড়ক দুর্ঘটনায় তিন তথ্য ও সম্প্রচার আধিকারিকের মর্মান্তিক মৃত্যু
তিন আধিকারিকের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের
পোস্ট করার দিনক্ষণ:
02 OCT 2026 6:58PM by PIB Agartala
নয়াদিল্লি, ২ অক্টোবর,২০২৬: মিজোরামে সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তিন আধিকারিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ১লা অক্টোবর, বৃহস্পতিবার মিজোরামে একটি গাড়ি খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের আধিকারিক তথা প্রেস ইনফরমেশন ব্যুরো ও সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন, ইম্ফলের অতিরিক্ত মহাপরিচালক ড. এনগাম পামে, দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী, আইজলের সংবাদ বিভাগের অধিকর্তা নামপিবৌ মারিনমাই ও সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের আইজল ফিল্ড অফিসের এম.টি.এস - এইচ. লিয়ানভেলা।
মন্ত্রক জানিয়েছে, তিন সহকর্মীর মর্মান্তিক মৃত্যু তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির জন্য অপূরণীয় ক্ষতি। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি তথ্য ও জনসংযোগের কাজে যুক্ত আধিকারিক ও পেশাদারদের বৃহত্তর পরিবারের কাছেও এই মৃত্যু গভীর শোকের।
৫৮ বছর বয়সি ড. এনগাম পামে ১৯৯৪ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোশ্যাল সায়েন্সেস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ করার পর ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে যোগ দেন। তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি দিল্লি, ইম্ফল, পুণে ও শিলংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারি যোগাযোগ, সংবাদমাধ্যমের সঙ্গে সমন্বয় এবং জনসংযোগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পিআইবি ইম্ফলের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে ড. পামে উত্তর-পূর্বাঞ্চলের সংবাদমাধ্যম এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা দীর্ঘদিনের কর্মরত ইনফরমেশন সার্ভিস গ্রুপ ‘এ’-এর আধিকারিকদের অন্যতম ছিলেন তিনি। এই অঞ্চলের বৈচিত্র্যময় যোগাযোগ ব্যবস্থার বিষয়ে তাঁর দীর্ঘ ক্ষেত্র-অভিজ্ঞতা ছিল। মণিপুরের তামেংলং জেলার জেমে নাগা সম্প্রদায়ের ড. পামে স্ত্রী অজুনা পামে এবং এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।
নামপিবৌ মারিনমাই ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের আধিকারিক হিসেবে দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী, আইজলের সংবাদ বিভাগের অধিকর্তার দায়িত্বে ছিলেন। তিনি ইন্টার মিডিয়া পাবলিসিটি কো-অর্ডিনেশন কমিটির (আই.এম.পি.সি.সি) চেয়ারম্যানও ছিলেন। এর আগে তিনি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিরক্ষা সংক্রান্ত জনসংযোগ, সংবাদ প্রতিবেদন এবং যোগাযোগের কাজে তিনি যুক্ত ছিলেন।
সংবাদ ও জনসম্প্রচারের সঙ্গে দীর্ঘদিনের কর্মজীবনে শ্রী নামপি তথ্য ও জনসংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রতিরক্ষা জনসংযোগ এবং সম্প্রচারের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের মধ্যে যোগাযোগ সহজতর করতে সহায়তা করেছে। তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্বশীল সেবা এবং সহকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন।
সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের আইজল ফিল্ড অফিসের এম.টি.এস এইচ. লিয়ানভেলা ১৯৯৮ সালে সরকারি চাকরিতে যোগ দেন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক কন্যা রেখে গেছেন।
দুর্ঘটনায় সিবিসি-র আইজল ফিল্ড অফিসের গাড়িচালক গজেন্দ্র দে-ও আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর জ্ঞান রয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
এই গভীর শোকের সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রক নিহত তিন আধিকারিকের শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও বন্ধুদের পাশে রয়েছে। সরকারি কাজে তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ সেবা এবং জনসাধারণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
*****
PS/PKS/AL
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2318550)
ভিজিটরদের কাউন্টার : 7