গ্রামোন্নয়নমন্ত্রক
অক্টোবর ২০২৬ থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে DDU-GKY ২.০-এর অধীনে দক্ষতা প্রশিক্ষণ শুরু করবেন ৭০,০০০ গ্রামীণ যুবক-যুবতী
প্রকাশিত:
25 SEP 2026 9:31AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আগামী অক্টোবর মাস থেকে অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দীনদয়াল উপাধ্যায়–গ্রামীণ কৌশল্য যোজনা (DDU-GKY) ২.০-এর প্রশিক্ষণ ব্যাচ শুরু করতে চলেছে।
DDU-GKY ২.০ পোর্টাল অনুযায়ী, ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই প্রকল্প রূপায়ণকারী সংস্থাগুলির জন্য ১,২০০টিরও বেশি প্রকল্পের আওতায় মোট ৫.৬ লক্ষ প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা বরাদ্দ করেছে। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও লক্ষ্যমাত্রা বরাদ্দের প্রক্রিয়া চলছে। সারা দেশে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৭০,০০০ গ্রামীণ যুবক-যুবতীকে নিয়ে ২,০১৫টি প্রশিক্ষণ ব্যাচ অক্টোবর ২০২৬-এ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত প্রকল্প, DDU-GKY-এর মাধ্যমে দরিদ্র গ্রামীণ যুবক-যুবতীদের কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মেয়াদ ৩ মাস থেকে ১২ মাস পর্যন্ত হয়ে থাকে।
DDU-GKY ২.০-এর অধীনে ২০২৬-২৮—এই দুই বছরের জন্য অংশগ্রহণকারী ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯ লক্ষেরও বেশি প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা বরাদ্দ করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গ্রামীণ যুবক-যুবতীদের চিহ্নিত ও সংগঠিত করে তাঁদের চাহিদা অনুযায়ী সরকারি-বেসরকারি অংশীদারিত্বমূলক মডেলে কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের উপযোগী দক্ষতা ও সক্ষমতা যাতে গড়ে ওঠে, সেজন্য এই প্রশিক্ষণ হবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কোর্সে।
প্রশিক্ষণ ব্যাচগুলি যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু করা যায় এবং এই প্রক্রিয়ায় গতি আসে, তা নিশ্চিত করতে গ্রামোন্নয়ন মন্ত্রক ধাপে ধাপে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পর্যালোচনা বৈঠক করছে।
SC/SD/SG
(রিলিজ আইডি: 2314787)
ভিজিটরের কাউন্টার : 5