ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
বিভ্রান্তিকর টিপিং প্রম্পট এবং ডার্ক প্যাটার্নের জন্য র্যাপিডোকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ - CCPA
প্রকাশিত:
15 SEP 2026 5:24PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুখ্য কমিশনার শ্রীমতী নিধি খারে এবং কমিশনার শ্রী অনুপম মিশ্রের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ - CCPA রাইড-হেইলিং প্ল্যাটফর্ম র্যাপিডো পরিচালনাকারী সংস্থা রোপেন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন, অন্যায় বাণিজ্য প্রথা, অন্যায্য চুক্তি এবং রাইড নিশ্চিত হওয়ার আগেই যাত্রীদের অতিরিক্ত অর্থ প্রদানে প্ররোচিত করার মতো ডার্ক প্যাটার্নের জন্য এই জরিমানা করা হয়েছে।
রাইডের আগে টিপিং এবং ডাইনামিক প্রাইসিং সম্পর্কিত কার্যকলাপ খতিয়ে দেখতে ভারতে কর্মরত ভাড়ার গাড়ি ও বাইক-ট্যাক্সি অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রভিত্তিক পর্যালোচনার পর সিসিপিএ এই পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম পর্যালোচনার সময় CCPA দেখে, কোন যাত্রী যখন বুকিং করছেন, তখন সেই প্রক্রিয়ার মধ্যেই র্যাপিডো অ্যাপে “দাম যত বেশি, রাইড পাওয়ার সম্ভাবনা তত বেশি” এবং “ক্যাপ্টেনরা ৬০ টাকায় গ্রহণ করছেন না। +১০, +২০, +৩০ যোগ করে দেখুন”-এর মতো বার্তা প্রদর্শন করা হচ্ছিল।
CCPA-এর মতে এই ধরনের প্ররোচনা জবরদস্তির শামিল
CCPA দেখেছে, Rapido-র অ্যালগরিদম প্রথমে রাইডারকে একটি ভাড়া জানায় এবং রাইডার সেই ভাড়ায় বুকিং করার পর, ক্যাপ্টেনরা আসল দামটি গ্রহণ করছেন না এই যুক্তিতে রাইডারকে আরও বেশি টাকা দিতে প্ররোচণা যোগায়। CCPA-এর মতে, এই অভ্যাসটি একটি ভুল ধারণা তৈরি করে যে, একজন রাইডারের দ্রুত রাইড পাওয়ার সম্ভাবনা অতিরিক্ত অর্থ প্রদানের উপর নির্ভর করে; এবং এটি এমন সময়ে করা হয় যখন রাইডার বুকিংটি নিশ্চিত করে ফেলেছেন এবং তাঁর দর কষাকষির সুযোগ সীমিত। এই অভ্যাসটিকে জবরদস্তি হিসেবে গণ্য করা হয়েছে, যা ‘গাইডলাইনস ফর প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস, ২০২৩’-এর অধীনে চিহ্নিত একটি ডার্ক প্যাটার্ন। এটি গ্রাহকের মধ্যে আপৎকালীন অবস্থার অনুভূতি সৃষ্টি করে, আরও বেশি টাকা দিতে রাজি না হলে রাইডটি পাওয়া যাবে না বলে তিনি মনে করতে থাকেন।
রঙের সঙ্কেতযুক্ত প্রাইসিং স্লাইডারকে দ্বিতীয় ডার্ক প্যাটার্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে
CCPA, Rapido-র “সেট ইওর প্রাইস” স্লাইডারটিও পরীক্ষা করে দেখে, সেখানে রাইডারের মূল্য নির্ধারণের সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য এটিকে রঙের সঙ্কেত ব্যবহার করা হয়েছে।
দাম বাড়ালে সবুজ রঙে “রাইড পাওয়ার সম্ভাবনা বেশি” লেখাটি প্রদর্শিত হতো।
দাম কমালে একটি লাল বা কমলা সতর্কবার্তা দেখানো হতো।
স্লাইডারটিতে দাম কমানোর চেয়ে বাড়ানোর সুযোগ বেশি ছিল।
CCPA-এর মতে, এটি একটি দ্বিতীয় ডার্ক প্যাটার্ন “ইন্টারফেস ইন্টারফারেন্স”-এর সমতুল্য ছিল, কারণ ইন্টারফেসের ডিজাইনটি সাথে গ্রাহকদের দৃশ্যতই বেশি অর্থ প্রদানে বাধ্য করত।
অগ্রিম অর্থপ্রদানকে প্রকৃত “টিপ” হিসেবে দেখানো যায় না
CCPA উল্লেখ করেছে, দূরত্ব, সময়, ট্র্যাফিক, টোল এবং চালককে প্রদেয় অর্থের মতো বিষয়গুলি বিবেচনা করেই বুকিং করার সময় একজন যাত্রীকে ভাড়া দেখানো হয়। তারপরও যাত্রা শুরু হওয়ার আগেই একই যাত্রার জন্য যাত্রীকে অতিরিক্ত অর্থ প্রদানের পরামর্শ দেওয়ার কোনো যৌক্তিকতা CCPA খুঁজে পায়নি। CCPA বলেছে, ‘টিপ’ সাধারণত পরিষেবা প্রদানের পরে স্বেচ্ছায় করা একটি অর্থপ্রদান এবং এটিকে পরিষেবা প্রদানের শর্ত হিসেবে উপস্থাপন করা উচিত নয়।
CCPA ‘মোটর ভেহিকেল অ্যাগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫’-এরও উল্লেখ করেছে, যেখানে বলা হয়েছে, টিপিং-এর সুবিধা শুধুমাত্র যাত্রা শেষ হওয়ার পরেই দেওয়া যায়, বুকিং করার সময় বা যাত্রা চলাকালীন নয়। র্যাপিডো যুক্তি দিয়েছিল, টিপিং একটি স্বেচ্ছামূলক বিষয়, যাত্রী অতিরিক্ত অর্থ প্রদান করুক বা না করুক, তাদের ম্যাচিং অ্যালগরিদম কাজ করতে থাকে এবং এই পরামর্শগুলি কেবল একজন যাত্রী ও চালকের মধ্যে অফলাইন কথোপকথনের মতো রিয়েল-টাইম দর কষাকষিকেই প্রতিফলিত করে।
CCPA এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, যখন রাইডার প্ল্যাটফর্মের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল থাকেন, প্রম্পটগুলির সময় এবং নকশা ঠিক সেই সময়েই চাপ সৃষ্টি করে। আরও উল্লেখ করা হয়েছে যে, র্যাপিডো এমন কোনো তথ্য নথিভুক্ত করেনি যা প্রমাণ করে যে অতিরিক্ত অর্থ প্রদান করলে রাইডারের রাইড পাওয়ার সম্ভাবনা আসলে বাড়ে। তাই এই দাবিটিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে গণ্য করা হয়েছে।
রাইড-হেইলিং প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রভিত্তিক নিরীক্ষা
র্যাপিডোর বিরুদ্ধে এই পদক্ষেপ, রাইড-হেইলিং এবং বাইক-ট্যাক্সি প্ল্যাটফর্ম জুড়ে অগ্রিম-টিপ এবং ডার্ক-প্যাটার্ন কার্যকলাপের উপর CCPA-র ব্যাপক নিরীক্ষার একটি অংশ। CCPA এর আগে উবার, ওলা, র্যাপিডো এবং নাম্মা যাত্রীসহ বিভিন্ন প্ল্যাটফর্মকে নোটিশ জারি করে ‘গাইডলাইনস ফর প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস, ২০২৩’ মেনে চলার এবং সম্মতি সংক্রান্ত স্ব-ঘোষণা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। এই বিষয়ে উবার এবং ওলার উপর CCPA-র তদন্ত বর্তমানে চলছে।
গ্রাহক সুরক্ষায় CCPA-র অঙ্গীকার পুনর্ব্যক্ত
গ্রাহক সুরক্ষা আইন, ২০১৯-এর আওতায় তার বিধিবদ্ধ দায়িত্ব প্রয়োগ করে, গ্রাহকদের সুরক্ষা দিতে, অন্যায্য বাণিজ্য প্রথা প্রতিরোধ করতে এবং পণ্য বা পরিষেবা সম্পর্কে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন যাতে না দেওয়া হয় তা নিশ্চিত করতে CCPA সক্রিয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। এই সম্পর্কিত কোন অভিযোগ বা অসন্তোষ থাকলে গ্রাহকরা ১৯১৫ নম্বরে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন-এর মাধ্যমে তাদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন অথবা com-ccpa[at]gov[dot]in-এ CCPA -কে জানাতে পারেন।
চূড়ান্ত আদেশটি CCPA ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2310771)
ভিজিটরের কাউন্টার : 2