অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

কোনও ব্যক্তি অপর কোনও ব্যক্তিকে ইউপিআই-মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে এবং বাণিজ্যিক সংস্থাগুলির ৯৬% আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে

প্রকাশিত: 15 SEP 2026 6:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫  সেপ্টেম্বর  ২০২৬

 

নতুন যে ইউপিআই ব্যবস্থাপনার সূচনা  হয়েছে, এর ফলে কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে টাকা পাঠানোর ক্ষেত্রে  আর্থিক লেনদেনের ওপর কোনো প্রভাব পড়বে না। লেনদেন করা অর্থের পরিমাণ যা-ই হোক না কেন, কোন ব্যক্তি অন্য কাউকে ব্যক্তিগতভাবে  আর্থিক লেনদেন করলে সে ক্ষেত্রে ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় না।

বিক্রেতাদের ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন এবং ছোট ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য 'জিরো- মার্চেন্ট  ডিস্কাউন্ট রেট এমডিআর' ব্যবস্থার আওতাভুক্ত লেনদেনগুলিও বিনামূল্যে থাকবে। এর ফলে, সমস্ত বাণিজ্যিক  লেনদেনের প্রায় ৯৬ শতাংশই কোনো পরিবর্তনের আওতায় আসবে না। শুধুমাত্র ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই এমডিআর প্রযোজ্য হবে।      

এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, এমডিআর কোনো কর বা এনপিসিআই -এর নির্ধারিত কোনো চার্জ নয়। ইউপিআই ব্যবস্থাপনার পরিচালনা ও ধারাবাহিক সম্প্রসারণে সহায়তা করার লক্ষ্যে ব্যাংক এবং পেমেন্ট অ্যাপ্লিকেশন প্রদানকারীসহ এই ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পক্ষের মধ্যে এই অর্থ বণ্টন করা হয়।    

ইউপিআই স্টিয়ারিং কমিটির বিস্তারিত আলোচনার পর 'পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭'-এর অধীনে প্রবর্তিত এই কাঠামোর লক্ষ্য হলো—ব্যক্তি ও ছোট ব্যবসায়ীদের বাড়তি খরচের বোঝা থেকে রক্ষা করার পাশাপাশি ইউপিআই -এর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা।  

কোন কোন ক্ষেত্রে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে-

কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তিকে টাকা পাঠানোর ক্ষেত্রে  : স্থানান্তরিত অর্থের পরিমাণ যা-ই হোক না কেন, কোন ব্যক্তি যদি অন্য কাউকে ইউপিআই-এর মাধ্যমে লেনদেন করেন, তাহলে সেটি সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। ইউপিআই-এর মাধ্যমে অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে কোনো ব্যক্তির ওপর আর্থিক লেনদেন বাবদ ফি, প্ল্যাটফর্ম ফি বা অন্য কোনো চার্জ নেওয়া যাবে না। ফলে, মোট লেনদেনের মূল্যের ৭০ শতাংশ জুড়ে থাকা ইউপিআই লেনদেনগুলি এমডিআর ব্যবস্থার সম্পূর্ণ বাইরে থাকবে।     

বাণিজ্যিক ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক লেনদেন : কোন ব্যক্তি যদি বাণিজ্যিক কারণে ২,০০০ টাকা পর্যন্ত আর্থিক  লেনদেন করেন, তাহলে তা  এমডিআর-এর আওতামুক্ত বা বিনামূল্যে থাকবে। ইউপিআই-এর মাধ্যমে এই ধরনের আর্থিক লেনদেন করার সময় গ্রাহকদের কোনো মাসুল দিতে হবে না।

ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রাপ্ত পেমেন্ট: কোনও ব্যক্তি অপর কোনও ব্যক্তিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ইউপিআই-মাধ্যম ব্যবহার করে টাকা পাঠান সে ক্ষেত্রে  ইউপিআই-এর কিউআর কোডের মাধ্যমে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থ গ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ী ও রাস্তার হকাররা সমস্ত লেনদেনের ক্ষেত্রে এমডিআরবিহীন সুবিধা পাবেন। এই ব্যবস্থা রাস্তার হকার, পাড়ার দোকান এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসাকে অতিরিক্ত পেমেন্ট খরচ থেকে সুরক্ষা দেবে।


মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা বানিজ্যিক লেনদেনের ছাড়ের হার কোথায় প্রযোজ্য হবেঃ- 

বাণিজ্যিক ক্ষেত্রে ২,০০০ টাকার অধিক মূল্যের আর্থিক লেনদেন: উপভোক্তা যখন বাণিজ্যিক কারণে ২,০০০ টাকার বেশি মূল্যের অর্থ লেনদেন করবেন, তখন শূন্য দশমিক চার শতাংশ হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর)  প্রযোজ্য হবে। এই এমডিআর-এর অর্থ আর্থিক লেনদেনের বিভিন্ন অংশীদার—যেমন ব্যাংক, পেমেন্ট পরিষেবা প্রদানকারী এবং UPI অ্যাপ্লিকেশন ব্যবস্থাপকদের মধ্যে ভাগ করা হবে। ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে, প্রতি লেনদেনে এমডিআর-এর সর্বোচ্চ সীমা (ক্যাপ) ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

অপরিহার্য খাতের লেনদেন: রেল, টেলিযোগাযোগ, বীমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো অপরিহার্য ও স্বল্প-লাভের ক্ষেত্রের জন্য ২,০০০ টাকার বেশি মূল্যের লেনদেনের জন্য প্রতি লেনদেনে ৫ টাকা হারে নির্দিষ্ট এমডিআর প্রযোজ্য হবে। এই নির্দিষ্ট মাসুলটি গুরুত্বপূর্ণ জন পরিসেবা এবং স্বল্প লাভের ভিত্তিতে পরিচালিত ব্যবসাগুলোর জন্য ব্যয় সংক্রান্ত নিশ্চয়তা দেবে। 

মুলধন বাজার সংক্রান্ত লেনদেন: মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টকব্রোকার এবং ডিলার সংক্রান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে ০.০২% হারে এমডিআর প্রযোজ্য হবে, যার সর্বোচ্চ সীমা প্রতি লেনদেনে ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংগঠিত আর্থিক বাজারে খুচরা বিনিয়োগকারীদের অংশগ্রহণ বজায় রাখার জন্যই হার কম নির্ধারণ করা হয়েছে।  

গ্রাহকদের এমডিআর দিতে হবে না
বাণিজ্যিক কারণে বা বিক্রেতা-কেন্দ্রিক আর্থিক লেনদেন ব্যবস্থার একটি মাশুল হল এমডিআর। ইউপিআই-এর মাধ্যমে যে গ্রাহকরা টাকা দেবেন, তাঁদের ওপর এই মাশুল ধার্য করা হয় না। 

বিক্রেতারা যেন এমডিআর-এর খরচ গ্রাহকদের ওপর চাপিয়ে না দেয় সেটি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।  ইউপিআই  অ্যাপ্লিকেশন ব্যবস্থাপকদের প্ল্যাটফর্ম ফি বা কোনো গোপন মাশুল আরোপ করা থেকে স্পষ্টভাবে বিরত রাখা হয়েছে।
 
ব্যক্তিগত ব্যবহারকারীরা কোনো মাসিক কোটা, লেনদেনের পরিমাণের সীমাবদ্ধতা বা ধাপ-ভিত্তিক বিধিনিষেধ ছাড়াই ইউপিআই-এর মাধ্যমে অবাধে বিনামূল্যে লেনদেন চালিয়ে যেতে পারবেন। 

ব্যাংক ও এনপিসিআই -এর নির্ধারিত দৈনিক লেনদেনের সীমা  সাধারণত লেনদেনের ধরন অনুযায়ী ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। এটি মূলত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার একটি সুরক্ষামূলক ব্যবস্থা, যা প্রকৃত পক্ষে কোনো মাশুল ধার্য করার সীমা নয়। 

ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ইউপিআই-এর ব্যবহার প্রসারের লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠন করা হবে। মোট এমডিআর সংগ্রহের ৫ শতাংশের সমপরিমাণ অর্থ এই তহবিলে জমা করা হবে।

এই তহবিলের অর্থ ইউপিআই-এর গ্রহণযোগ্যতা ও নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে এবং ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ক্ষুদ্র ব্যবসাগুলিকে যুক্ত করতে সহায়তা করবে।


 

SC/CB/NS….


(রিলিজ আইডি: 2310747) ভিজিটরের কাউন্টার : 6