গ্রাম উন্নয়ন মন্ত্রক
azadi ka amrit mahotsav

গ্রামাঞ্চলে পেনশন পরিষেবা এবং প্রয়োজনীয় সচেতনতা প্রসারের লক্ষ্যে হাত মেলালো গ্রামোন্নয়ন দপ্তর এবং পিএফআরডিএ- তৈরি হবে ‘পেনশন সখী’ ব্যবস্থাপনা

পোস্ট করার দিনক্ষণ: 15 SEP 2026 8:54AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

গ্রামীণ পরিবারগুলির জন্য পেনশন পরিষেবা এবং প্রয়োজনীয় সচেতনতা প্রসারের লক্ষ্যে গ্রামোন্নয়ন দপ্তর এবং পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) আজ একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর আওতায় গড়ে উঠবে ‘পেনশন সখী’ ব্যবস্থাপনা। গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব শ্রী অমিত শুক্লা এবং পিএফআরডিএ-র কার্যনির্বাহী অধিকর্তা শ্রীমতী সুমিত কৌর কাপুর এতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব শ্রী রোহিত কানসাল।

এই সমঝোতা অনুযায়ী দীনদয়াল অন্ত্যোদয় যোজনা- ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (ডিএওয়াই-এনআরএলআই)-এর আওতায় ব্যাঙ্ক সখী এবং সংশ্লিষ্ট অন্য প্রশিক্ষিত কর্মীগোষ্ঠীর আদলে গড়ে উঠবে ‘পেনশন সখী’ ব্যবস্থাপনা। এঁরা গ্রামীণ পরিবারের সদস্যদের দরজায় দরজায় হাজির হয়ে পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁদের সচেতন করে তুলবেন। ‘আর্থিক সাক্ষরতা’ অর্থাৎ ফিনানসিয়াল লিটারেসি, নাম নথিভুক্তিকরণ কিংবা তার পরবর্তী কর্মকাণ্ডেও গ্রামীণ পেনশন প্রাপকদের সহায়তাও করবেন তাঁরা।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব শ্রী রোহিত কানসাল বলেন, গ্রামীণ মানুষের সঞ্চয় সংক্রান্ত প্রবণতার একটি বিশেষ ধরণ রয়েছে। তাঁদের জীবনচক্রও শহুরে মানুষের তুলনায় কিছুটা ভিন্ন। ধারাবাহিক সমৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে এনআরএলএম-এর কর্মসূচির অন্যতম স্তম্ভ হয়ে উঠবেন পেনশন সখীরা। সামাজিক নিরাপত্তার ধারণা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সহায়তার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। ধারাবাহিক আর্থিক বিকাশের ক্ষেত্রে গ্রামীণ পরিবারগুলিকে আরও সক্রিয় ও প্রত্যয়ী করে তুলতে হবে। ফিনানশিয়াল লিটারেসির ক্ষেত্রে স্বচ্ছতা এবং আস্থা নিশ্চিত হওয়া প্রাথমিক এক শর্ত বলে তিনি উল্লেখ করেন। একমাত্র তবেই গ্রামের মানুষ তাঁদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার পক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সক্ষম হবেন বলে মনে করেন তিনি।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310558) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Tamil , Kannada , Malayalam