মহাকাশদপ্তর
azadi ka amrit mahotsav

ড. জিতেন্দ্র সিং এবং ফরাসি মন্ত্রী ফিলিপ ব্যাপটিস্টের ভার্চুয়াল বৈঠক; আসন্ন 'আন্তর্জাতিক মহাকাশ শীর্ষ সম্মেলন' ও 'বেঙ্গালুরু স্পেস এক্সপো'-তে ফ্রান্সের অংশগ্রহণ নিয়ে আলোচনা

প্রকাশিত: 04 SEP 2026 4:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

 

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, কর্মী, জন-অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী অধ্যাপক ফিলিপ ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ মানববাহী মহাকাশ অভিযান, উন্নত মহাকাশ প্রযুক্তি এবং দুই দেশের মহাকাশ সংস্থা ও শিল্পের মধ্যে বৃহত্তর সহযোগিতাসহ মহাকাশ ক্ষেত্রে ভারত-ফ্রান্সের পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে।

 চলতি বছরের ৭-৯ সেপ্টেম্বর 'বেঙ্গালুরু স্পেস এক্সপো' এবং প্যারিসে ৯-১০ সেপ্টেম্বর 'আন্তর্জাতিক মহাকাশ শীর্ষ সম্মেলন' অনুষ্ঠিত হতে চলেছে। উভয় পক্ষ প্যারিস শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহণ এবং বেঙ্গালুরু স্পেস এক্সপোতে ফ্রান্সের অংশগ্রহণের পাশাপাশি অধ্যাপক ব্যাপটিস্টের চলতি মাসের শেষের দিকে ভারত সফরের বিষয়েও আলোচনা করে।

ড. জিতেন্দ্র সিং বলেন, ভারত আন্তর্জাতিক মহাকাশ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের এবং ফ্রান্সের সঙ্গে দীর্ঘদিনের মহাকাশ অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অপেক্ষায় রয়েছে। মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগ, মহাকাশ অর্থনীতি এবং নিরাপদ মহাকাশ ব্যবস্থার ওপর এই শীর্ষ সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সম্মেলন মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক আলোচনা ও সহযোগিতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ প্রদান করবে।

বহির্বিশ্বের সুস্থিত ব্যবহার, মহাকাশ-ভিত্তিক বৈজ্ঞানিক তথ্যের সহজলভ্যতা ও অখণ্ডতা এবং ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনার ক্ষেত্রে 'ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন'-এর নিয়ন্ত্রণমূলক কাঠামোয় সমর্থনের বিষয়ে প্রস্তাবিত শীর্ষ সম্মেলনের লক্ষ্যগুলিকে ভারত স্বাগত জানিয়েছে। ড. জিতেন্দ্র সিং এই উদ্যোগগুলির চূড়ান্ত রূপদানের সময় ফরাসি পক্ষের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে ভারতের প্রস্তুতির কথা জানান।

আলোচনার একটি মূল বিষয় ছিল প্যারিস সম্মেলনে ভারতের অবদান। 'লো আর্থ অরবিট' বা পৃথিবীর নিম্ন কক্ষপথে ভারতের ভবিষ্যৎ মানব-মহাকাশ কার্যক্রমের ওপর উদ্বোধনী মূল বক্তব্য রাখার জন্য ইসরো-র চেয়ারম্যান তথা মহাকাশ বিভাগের সচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। ড. জিতেন্দ্র সিং আরও জানান যে, ফরাসি পক্ষ প্রয়োজনীয় মনে করলে, ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা মহাকাশ-সংক্রান্ত নকশা ও উৎপাদন প্রযুক্তি, মহাকাশ-ভিত্তিক সংযোগ ব্যবস্থা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে মহাকাশ অভিযানের মতো অতিরিক্ত বিষয়গুলোর ওপর উপস্থাপনা পেশ করতে পারেন।

অধ্যাপক ফিলিপ ব্যাপটিস্ট মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতাকে আরও জোরদার ও ত্বরান্বিত করার বিষয়ে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেন। তিনি সম্মেলন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত ভিডিও বার্তার জন্য ভারতকে ধন্যবাদ জানান।

উভয় পক্ষ বেঙ্গালুরু স্পেস এক্সপোতে ফ্রান্সের অংশগ্রহণ এবং দুই দেশের মহাকাশ সংস্থা, শিল্পক্ষেত্র ও উদীয়মান মহাকাশ-পরিমণ্ডলের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করে।

অধ্যাপক ব্যাপটিস্টের চলতি বছরের ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ভারত সফরের কথা রয়েছে এবং তিনি বেঙ্গালুরুতে ইসরোর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন ও ড. জিতেন্দ্র সিংয়ের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র এবং প্যারিস সম্মেলনের জন্য প্রস্তাবিত অতিরিক্ত উপস্থাপনাগুলির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ সহমত পোষণ করেছে।।

ভারত ও ফ্রান্সের মধ্যে প্রায় ছয় দশক ধরে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা সিএনইএস (CNES) 'মেঘা-ট্রপিকস' (Megha-Tropiques) ও 'সরল' (SARAL)-এর মতো যৌথ উপগ্রহ মিশনে একযোগে কাজ করছে; পাশাপাশি উভয় পক্ষই পৃথিবী পর্যবেক্ষণ এবং জলবায়ু-সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে আরও সহযোগিতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উদ্ভাবন, গবেষণা, মানব-মহাকাশ যাত্রা, প্রযুক্তি উন্নয়ন এবং বেসরকারি সংস্থার ক্রমবর্ধমান অংশগ্রহণের মাধ্যমে ভারত- ফ্রান্স মহাকাশ-বিষয়ক সহযোগিতাকে গভীরতর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2306769) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Tamil , Telugu , Kannada , Malayalam