যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

২২ ও ২৩ আগস্ট ২০২৬ ব্রিকস ভুক্ত দেশগুলোর যুব ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে

১১টি সদস্য দেশের যুব ও ক্রীড়ামন্ত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন ড. মনসুখ মান্ডভিয়া

प्रविष्टि तिथि: 21 AUG 2026 1:03PM by PIB Agartala

নয়াদিল্লি, ২১ আগষ্ট ২০২৬: ‘ব্রিকস চেয়ারশিপ ২০২৬’-এর আওতায়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যথাক্রমে ২২ ও ২৩ আগস্ট ‘ব্রিকস যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক’ এবং ‘ব্রিকস ক্রীড়া বিষয়ক মন্ত্রীদের বৈঠক’ আয়োজন করতে চলেছে ভারত । যুব বিষয়ক ও ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করার লক্ষ্যে আয়োজিত মন্ত্রী পর্যায়ের এই বৈঠকগুলোতে ব্রিকস-এর ১১টি সদস্য দেশের মন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা একত্রিত হবেন।

‘ব্রিকস চেয়ারশিপ ২০২৬’-এর মূল প্রতিপাদ্য হলো- ‘সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন’; যা মূলত জনগণ-কেন্দ্রিক ও মানবতাকে অগ্রাধিকার প্রদানকারী একটি দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

মন্ত্রী পর্যায়ের এই বৈঠকগুলো ভারতের পূর্ববর্তী ব্রিকস সভাপতিত্বকালীন সময়ে অনুষ্ঠিত সভা ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড. মনসুখ মান্ডভিয়া এই বৈঠকগুলিতে সভাপতিত্ব করবেন এবং যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সে এতে অংশগ্রহণ করবেন।

যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকরা মন্ত্রিপর্যায়ের এই কর্মসূচিতে যুক্ত থাকবেন- যাদের মধ্যে থাকবেন যুব বিষয়ক সচিব শ্রী সুনীল পালিওয়াল এবং ক্রীড়া সচিব শ্রী হরি রঞ্জন রাও।

আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে যুব মন্ত্রীদের বৈঠকে ড. মান্ডভিয়া দেশের পক্ষ থেকে মূল বক্তব্য রাখবেন এবং শ্রীমতী রক্ষা খাড়সে সমাপনী ভাষণ দেবেন।

আগামী ২২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য ব্রিকস যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যুব উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হবে৷ এতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, সার্বিক কল্যাণ এবং সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

এই বৈঠকে ব্রিকস যুব কাউন্সিল সভা ও ব্রিকস যুব সম্মেলন থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে পর্যালোচনা করা হবে এবং ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতিত্বের অধীনে সহযোগিতার ভবিষ্যৎ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে।

এই বৈঠকের মধ্য দিয়ে ‘ব্রিকস যুব বিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ ঘোষণা’ এবং ‘ব্রিকস যুব সহযোগিতা কাঠামো’ গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য ব্রিকস ক্রীড়ামন্ত্রীদের বৈঠকে ব্রিকসের ১১টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা একত্রিত হবেন এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদারে তাঁদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন।

ব্রিকস -এর সভাপতিত্বকালে ভারতের উদ্যোগে আয়োজিত ক্রীড়া বিষয়ক কার্যক্রমের আওতায় ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলা, ক্রীড়া প্রযুক্তি, ক্রীড়া সরঞ্জাম উৎপাদন এবং যৌথ ঘোষণা চূড়ান্ত করার মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্রিকস ক্রীড়া বিষয়ক যৌথ ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে এই সভার সমাপ্তি ঘটবে।

এই কর্মসূচির আওতায় ‘ব্রিকস ফ্রেন্ডশিপ সাইক্লিং ইভেন্ট’, ব্রিকসের ১১টি সদস্য দেশের প্রতিনিধিদের বক্তব্য, দ্বিপাক্ষিক বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে।

ক্রীড়া মন্ত্রীদের এই সভায় ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলের প্রধানরা বক্তব্য রাখবেন এবং এরপর যৌথ ঘোষণাটি গৃহীত হবে।

ভারতের সভাপতিত্বে ২০২৬ সালের ব্রিকস কার্যক্রমের আওতায় প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে জোরদার করা, অভিজ্ঞতা ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময় এবং যুব উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে যৌথ অগ্রাধিকারগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই দুটি বৈঠক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

*****

PS/DM/KMD


(रिलीज़ आईडी: 2301934) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Gujarati , Assamese , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Malayalam