ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যগুলির বাণিজ্যিকীকরণ ও বিশ্ববাজারে তাদের প্রবেশাধিকার ত্বরান্বিত করতে এমএসএমই মন্ত্রক এবং ডিপিআইআইটি - এর মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত

प्रविष्टि तिथि: 11 AUG 2026 11:55AM by PIB Agartala

নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৬

 

ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য-সংক্রান্ত সমৃদ্ধ ঐতিহ্যের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গত ৫ই আগস্ট নতুন দিল্লির বাণিজ্য ভবনে অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রক-এর অধীন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ (ডিপিআইআইটি)-এর মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন এমএসএমই মন্ত্রকের অধিকর্তা মহম্মদ সালিক পারভেজ এবং ডিপিআইআইটি - এর আইপিআর বিভাগের অধিকর্তা শ্রী করণ থাপার।
ভারতে 'জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট, ১৯৯৯'-এর অধীনে ভৌগোলিক নির্দেশক (জিআই)-এর নিবন্ধন ও আইনি সুরক্ষার জন্য ডিপিআইআইটি হ’ল নোডাল বা সমন্বায়ক বিভাগ; অন্যদিকে, সারা দেশে অণু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ঐতিহ্যবাহী শিল্প এবং কারিগরদের বিকাশ, আর্থিক সচ্ছলতা ও সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে সমন্বায়ক হল এমএসএমই মন্ত্রক। দুই পক্ষই মনে করে, জিআই-এর আইনি নিবন্ধন আঞ্চলিক পরিচিতি রক্ষা করলেও, এগুলির অর্থনৈতিক মূল্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন, যাতে স্থানীয় হস্তশিল্প বা পণ্যগুলিকে বড় পরিসরে উৎপাদনযোগ্য, বাণিজ্যিকভাবে লাভজনক এবং রপ্তানি-উপযোগী উদ্যোগে রূপান্তরিত করা যায়। সেই অনুযায়ী, এই সমঝোতাপত্রটি ভারতীয় জিআই পণ্যগুলির বাণিজ্যিকীকরণ, গুণমান নির্ধারণ এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর লক্ষ্যে একটি সহযোগিতামূলক কাঠামো তৈরি করে। এর ফলে দেশীয় কারিগর, তাঁতি ও উৎপাদকদের জীবিকার মানোন্নয়ন ঘটবে এবং একই সঙ্গে দেশের 'ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট' বা 'এক জেলা এক পণ্য' কার্যক্রমের ভিত্তি আরও শক্তিশালী হবে।
যৌথ উদ্যোগ হিসেবে, উভয় সংস্থা তাদের কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে ওডিওপি-কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করবে। তারা যৌথভাবে জিআই-সংশ্লিষ্ট গোষ্ঠী এবং অনুমোদিত ব্যবহারকারীদের 'ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স' ও 'গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস' (GeM)-এর প্ল্যাটফর্মে একটি বিশেষ "ভারত জিআই" ব্যানারের অধীনে যুক্ত হতে সহায়তা করবে। এছাড়া, জিআই পণ্যগুলির দেশীয় ও আন্তর্জাতিক বিপণনের জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতা-বিক্রেতা সম্মেলন এবং প্রদর্শনীতে বিশেষ 'জিআই প্যাভিলিয়ন' আয়োজনেও তারা যৌথভাবে পৃষ্ঠপোষকতা করবে।
এই সমঝোতাপত্রটি মেধা সম্পদের সুরক্ষার ক্ষেত্রে ডিপিআইআইটি - এর দায়িত্ব এবং শিল্পোদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে এমএসএমই মন্ত্রকের দায়িত্বের মধ্যে সমন্বয় সাধনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা হচ্ছে যে, এই সহযোগিতার ফলে কারিগর, তাঁতি ও উৎপাদক গোষ্ঠীগুলির সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বাজারে উন্নত প্রবেশাধিকার নিশ্চিত হবে। এরফলে ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) সংক্রান্ত কার্যক্রম আরও শক্তিশালী হবে। এটি উচ্চমানের দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সাথে জিআই পণ্যগুলির সংযোগ স্থাপনে সহায়তা করবে এবং 'আত্মনির্ভর ভারত' ও 'ভোকাল ফর লোকাল' -এর ভাবনা বাস্তবায়নে অবদান রাখবে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2297715) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Tamil , Telugu , Kannada , Malayalam