সহযোগ মন্ত্রক
নাফেড-এর ই-অকশন পোর্টাল নাফেক্স ডট ইন-এর সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ
প্রকাশিত:
23 JUN 2026 4:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ জুন, ২০২৬
নতুন দিল্লিতে আজ ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন বা নাফেড-এর ই-অকশন পোর্টাল নাফেক্স ডট ইন-এর সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান, সমবায় প্রতিমন্ত্রী শ্রী কিষাণ পাল গুর্জর, সমবায় মন্ত্রকের সচিব আশিস কুমার ভুতানি, নাফেড-এর চেয়ারম্যান শ্রী জেঠাভাই আহির প্রমুখ।
স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী বলেন, এই ধরনের পোর্টাল খুবই প্রয়োজনীয়। নাফেক্স ডট ইন-এর পাশাপাশি আজ নাফেড-এর আরও কয়েকটি উদ্যোগের সূচনা হয়েছে। এগুলি হল, দৃষ্টি(ডিআরআইএসএইচটিআই), ইআরপি এবং নাফেড কল্যাণ। তিনি জানান, ২০১৪-য় নাফেড ছিল বন্ধ হয়ে যাওয়ার মুখে। কিন্তু আজ এই সংস্থা দেশের ৭৪ লক্ষ কৃষককে পরিষেবা দিচ্ছে। এর লেনদেনের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা এবং লাভের পরিমাণ ৫০০ কোটি টাকা। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ প্রশাসনের দরুণ।
উৎপাদন এবং ক্রয় দুদিক থেকেই নাফেড দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী জানান। তিনি বলেন, বিগত ৩ বছরে ডাল সহ বিভিন্ন শস্য কৃষকদের থেকে সরাসরি কিনে নেওয়ার উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে। জৈব চাষ, খুচরো ব্যবসা এমনকি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও এই সংস্থা এগিয়ে চলছে দ্রুত গতিতে। নাফেড-এর লাভের ১ শতাংশ উচ্চশিক্ষায় স্কলারশিপ দেওয়ার জন্য সরিয়ে রাখা হয়।
ভাষণের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করেন। পশ্চিমবঙ্গ রাজ্যটির আত্মপ্রকাশ এবং কাশ্মীরকে ভারতে ধরে রাখার বিষয়ে ডক্টর মুখার্জীর অবদানের উল্লেখ করেন অমিত শাহ।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2277314)
ভিজিটরের কাউন্টার : 23