সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
হজ নীতি ২০২৭ ঘোষিত; সম্ভাব্য হজযাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান হজ কমিটি অফ ইন্ডিয়ার
प्रविष्टि तिथि:
22 JUN 2026 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২২ জুন, ২০২৬
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক আজ হজ নীতি ২০২৭ ঘোষণা করেছে। কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদীয় বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু এই নীতি প্রকাশ করেন। হজ কমিটি অফ ইন্ডিয়া আজ থেকে হজ-২০২৭-এর জন্য সম্ভাব্য তীর্থযাত্রীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে বলে তিনি জানান।
সম্ভাব্য তীর্থযাত্রীরা হজ কমিটি অফ ইন্ডিয়া পোর্টাল (http://hajcommittee.gov.in) এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে হজ-২০২৭-এর জন্য আবেদন করতে পারবেন। এতে আবেদন প্রক্রিয়া আরও নমনীয় ও সহজ হবে, সকলের নাগালের মধ্যে আসবে। হজ কমিটি অফ ইন্ডিয়া এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে কোটার বণ্টন ৭০:৩০ অনুপাতে অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। হজ কমিটি অফ ইন্ডিয়ার জন্য ১,২২,৫১৮টি আসন এবং বেসরকারি ক্ষেত্রের জন্য ৫২,৫০৭টি আসন থাকবে। গত বছর হজ কোটায় ১,৭৫,০২৫টি আসন ছিল, ভারত সরকার এবার ভারতীয় তীর্থযাত্রীদের জন্য হজ কোটা আরও বাড়ানোর চেষ্টা করবে।
১৮ জুন ২০২৬ তারিখে কেন্দ্রীয় মন্ত্রীর পৌরোহিত্যে হজ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় হজ-২০২৬ আয়োজনের পর্যালোচনা এবং হজ-২০২৭-এর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
হজ নীতি ২০২৭-এ প্রত্যেক হাজীর জন্য তীর্থযাত্রাকে আরও আরামদায়ক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলার চেষ্টা করা হয়েছে। এটি হজ-২০২৬-এর হাজী-কেন্দ্রিক উদ্যোগ, যেমন—মিনায় সোফা-কাম-বেড, মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির ট্রেনে ভ্রমণ, মক্কায় হোটেল-সদৃশ আবাসন এবং ২০-দিনের সংক্ষিপ্ত হজ প্যাকেজের উপর ভিত্তি করে তৈরি। এইসব প্রয়াসের স্বীকৃতিস্বরূপ, ইন্ডিয়ান হজ মিশনকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রক হজ ২০২৬-এর জন্য “শ্রেষ্ঠ হজ সমন্বয় ও যোগাযোগ” বিভাগে দুটি লাব্বাইতুম পুরস্কারে ভূষিত করেছে।
নতুন নীতিতে পরিদর্শক ও হজযাত্রীর অনুপাত উন্নত করা হয়েছে। আগে ১৫৫ জন হজযাত্রী পিছু একজন পরিদর্শক ছিলেন। এবার ১৩৫ জন হজযাত্রী পিছু একজন পরিদর্শক রাখার কথা বলা হয়েছে। অপেক্ষমান তালিকা ক্রমশ বাড়তে থাকায় এবার হজ ২০২৬-এর চূড়ান্ত অপেক্ষমাণ তালিকার আবেদনকারীদের মধ্যে শীর্ষ ২০ শতাংশকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্ট হজ প্যাকেজ, প্রথম বছরেই প্রবল সাড়া পেয়েছিল। সেটি বহাল রাখা হচ্ছে। প্রবল চাহিদার পরিপ্রেক্ষিতে কলকাতাকে একটি অতিরিক্ত যাত্রার স্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই নীতিতে সৌদি চিকিৎসা নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে, দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের হজের জন্য ছাড়পত্র দেওয়া হয় না।
মন্ত্রক হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একগুচ্ছ নতুন উদ্যোগও গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে এআই-সহায়তায় হজযাত্রীদের আবেদনপত্র ও নথিপত্র যাচাই, বিভিন্ন প্রস্থানস্থল থেকে ফ্লাইট বরাদ্দের জন্য চাহিদা যাচাই এবং অভিযোগ তৎক্ষণাৎ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেওয়া। সরকারের প্রযুক্তি-নির্ভর হজ আয়োজনের প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে এই উদ্যোগগুলি পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এই প্রচেষ্টার একটি প্রধান অংশ হলো হজযাত্রীদের জন্য কথোপকথনমূলক এআই সহায়তা ব্যবস্থা। এটি হিন্দি, উর্দু এবং প্রধান আঞ্চলিক ভাষাগুলিতে সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে, যার মাধ্যমে হজযাত্রীরা সাধারণ ভয়েস বা টেক্সটের মাধ্যমে নিজেদের ভাষায় প্রশ্ন করতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশ পেতে পারবেন। আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া থেকে শুরু করে অর্থপ্রদান, ফ্লাইট, বাসস্থান ও লাগেজ সংক্রান্ত তথ্য সংগ্রহ, অভিযোগ জানানো এবং জরুরি সহায়তা চাওয়া পর্যন্ত — প্রতিটি পদক্ষেপে তীর্থযাত্রীদের সাহায্য করা এর উদ্দেশ্য। এর ফলে, আবেদনপত্রে ভুল ও প্রত্যাখ্যানের হার কমবে, মধ্যস্থতাকারীদের উপর নির্ভরতা হ্রাস পাবে এবং প্রথমবারের তীর্থযাত্রী ও বয়স্ক তীর্থযাত্রীদের কাছে সঠিক তথ্য সহজলভ্য হবে। সৌদি নুসুখ প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্তির পরিকল্পনাও করা হয়েছে, যাতে ভারত ও সৌদি আরব, উভয় ব্যবস্থার তীর্থযাত্রী পরিষেবাগুলি নির্বিঘ্নে একসঙ্গে কাজ করতে পারে এবং তীর্থযাত্রীরা তাদের পুরো যাত্রাপথে ধারাবাহিক ও তাৎক্ষণিক তথ্য পান।
কেন্দ্রীয় মন্ত্রী যোগ্য তীর্থযাত্রীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করেছেন এবং হজ কমিটি অফ ইন্ডিয়া ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এক মসৃণ ও স্বচ্ছ আবেদন প্রক্রিয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি প্রত্যেক ভারতীয় তীর্থযাত্রীর জন্য নিরাপদ, আরামদায়ক, স্বচ্ছ এবং মর্যাদাপূর্ণ হজ নিশ্চিত করার বিষয়ে ভারত সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2276977)
आगंतुक पटल : 7