আয়ুষ
azadi ka amrit mahotsav

কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর উদযাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

प्रविष्टि तिथि: 20 JUN 2026 4:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ জুন ২০২৬

 

ভারত ২০২৬ সালের ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত; এর মূল অনুষ্ঠানটি ২১ জুন পশ্চিমবঙ্গের কলকাতার বিখ্যাত রেড রোডে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘কমন যোগ প্রোটোকল’ অনুশীলনে দেশবাসীকে নেতৃত্ব দেবেন। স্বাস্থ্য ও সুস্থতার লক্ষ্যে যোগব্যায়ামকে একটি বিশ্বজনীন আন্দোলনে পরিণত করার ভারতের প্রচেষ্টায় এটি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

 

রেড রোডের মূল অনুষ্ঠানটি ভোর ৫টায় শুরু হবে। সেখানে হাজার হাজার যোগ-অনুরাগী সশরীরে উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে ভারত ও বিদেশের লক্ষ লক্ষ নাগরিক ভার্চুয়ালি এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানটি স্বাস্থ্য, সম্প্রীতি ও সামগ্রিক সুস্থতার প্রসারে একটি বিশ্বজনীন আন্দোলন হিসেবে যোগব্যায়ামের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

 

২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয়বস্তু বা থিম হলো ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Ageing)। এটি সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরে। এই থিমটি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পদ্ধতি হিসেবে যোগব্যায়ামের অবদানকে গুরুত্ব দেয়, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক দৃঢ়তা ও আবেগের ভারসাম্য বৃদ্ধি করে।

 

মূল অনুষ্ঠানের আগে আয়ুষ মন্ত্রকের ‘যোগ সঙ্গম পোর্টাল’ একটি বড় মাইলফলক স্পর্শ করেছে; এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নিবন্ধনের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গেছে এবং তা ক্রমাগত বাড়ছে। এই ব্যাপক সাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, সম্প্রদায় ও নাগরিকদের মধ্যে যোগব্যায়ামকে একটি প্রকৃত গণ-আন্দোলনে পরিণত করার প্রবল উৎসাহকেই প্রতিফলিত করে।

 

২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসেও বিশ্বজুড়ে অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সমন্বিত প্রচেষ্টায় বিদেশের ২১০টিরও বেশি ভারতীয় মিশন বিশ্বের প্রায় ২,৫০০টি স্থানে যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করছে। এর মাধ্যমে এটিই প্রমাণিত হচ্ছে যে, ভারতের প্রাচীন জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যোগব্যায়াম কীভাবে সামগ্রিক সুস্থতার লক্ষ্যে একটি বিশ্বজনীন আন্দোলনে পরিণত হয়েছে।

 

২০২৬ সালের আন্তর্জাতিক যোগ দিবসে সাংস্কৃতিক মাত্রা যোগ করতে সংস্কৃতি মন্ত্রক, ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’-এর সহযোগিতায় দেশের ১০০টি আইকনিক বা বিখ্যাত স্থানে বিশেষ যোগব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করছে। এর মাধ্যমে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক নিদর্শন এবং যোগ-ঐতিহ্যের মধ্যে এক মেলবন্ধন গড়ে তোলা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে, ১২টি গুরুত্বপূর্ণ স্থানে বড় আকারের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই স্থানগুলোর মধ্যে রয়েছে—নয়াদিল্লির লাল কেল্লা, উত্তরাখণ্ডের হরিদ্বার, ওড়িশার কোনার্ক, কর্ণাটকের হাম্পি, তামিলনাড়ুর মহাবলীপুরম, মহারাষ্ট্রের মুম্বাই, বিহারের নালন্দা, গুজরাটের আহমেদাবাদ, উত্তরপ্রদেশের সারনাথ, লাদাখের লেহ, তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং আসামের শিলচর। ভারতের সভ্যতার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি দেশের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যোগব্যায়ামকে সবার সামনে তুলে ধরাই এই উদ্যোগের লক্ষ্য।

 

আইডিওয়াই ২০২৬-এ ভার্চুয়ালি অংশগ্রহণকারী নাগরিকদের ‘কমন যোগ প্রোটোকল’ সেশনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগ দিতে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি, যোগব্যায়ামের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আহ্বান জানানো হচ্ছে, যাতে যোগব্যায়াম নিয়ে ভারতের এই সম্মিলিত উদযাপন বিশ্ববাসীর কাছে তুলে ধরা যায়।

 

আয়ুষ মন্ত্রক সর্বস্তরের মানুষকে ২১ জুন ভোর ৫টা থেকে কলকাতার রেড রোডে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। অংশগ্রহণকারীরা অনুষ্ঠানস্থলে ‘আয়ুষ আহার’-এর স্বাদ গ্রহণের সুযোগ পাবেন, যা সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার বার্তা প্রচার করবে।

 

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্য হলো “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”-এর বার্তাটিকে আরও জোরালো করা এবং বিশ্বজুড়ে নাগরিকদের জীবনযাত্রার অংশ হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করতে অনুপ্রাণিত করা।

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2275745) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam