রাষ্ট্রপতির সচিবালয়
ভারতের রাষ্ট্রপতি ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ১৫৮তম রেগুলার কোর্স এবং ১৪১তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন
प्रविष्टि तिथि:
13 JUN 2026 11:13AM by PIB Agartala
নতুন দিল্লি, ১৩ জুন ২০২৬
ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু আজ (১৩ জুন, ২০২৬) দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ১৫৮তম রেগুলার কোর্স এবং ১৪১তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের অন্যতম কঠোর প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য অফিসার ক্যাডেটদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই অফিসার ক্যাডেটদের সাহস ও প্রজ্ঞা হবে তাদের শক্তির উৎস। নয়জন মহিলা ক্যাডেটকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন। তিনি বলেন, এটি আইএমএ-র ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। এটি কেবল ভারতের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসের একটি মাইলফলকই নয়, বরং মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের পথে ভারতের যাত্রাপথের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণও বটে। ভবিষ্যতে আরও অনেক মহিলা ক্যাডেট এই অ্যাকাডেমিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি, বন্ধুদেশগুলোর ক্যাডেটদেরও অভিনন্দন জানান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আইএমএ-তে অর্জিত মূল্যবোধ ও তাদের সেবার মাধ্যমে তারা নিজ নিজ দেশের সশস্ত্র বাহিনীর জন্য গৌরব বয়ে আনবেন।
রাষ্ট্রপতি বলেন, আইএমএ-তে বিদেশি ক্যাডেটদের উপস্থিতি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ক্যাডেটদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও পেশাগত বন্ধন গড়ে ওঠে। এই বন্ধন বিভিন্ন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
রাষ্ট্রপতি অফিসার ক্যাডেটদের বলেন যে, তারাই আমাদের দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতার রক্ষক। তারা ১৪০ কোটিরও বেশি জনগণের আস্থার ভার বহন করছেন। তিনি তাদের মনে করিয়ে দেন যে, সেবাই হলো সর্বোচ্চ কর্তব্য। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উন্নয়ন এবং জটিল আন্তর্জাতিক পরিস্থিতির এই যুগে ভারতীয় সেনাবাহিনীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি তরুণ অফিসারদের আজীবন শিক্ষার্থী, সাহসী সিদ্ধান্ত গ্রহণকারী এবং নৈতিকতাসম্পন্ন নেতা হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনীর অফিসার হিসেবে অফিসার ক্যাডেটরা সৈন্যদের নেতৃত্ব দেওয়া, পথপ্রদর্শন করা এবং তাদের দেখশোনার দায়িত্বে থাকবেন। তাদের নেতৃত্ব দিতে হবে, আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে এবং দলগত কাজ ও নিষ্ঠার মনোভাবকে উৎসাহিত করতে হবে। কর্মদক্ষতা ও সৈন্যদের কল্যাণের মধ্যে ভারসাম্য বজায় রেখে তারা বিশ্বাস গড়ে তুলবেন এবং নিজেদের নেতৃত্বাধীন ইউনিটের যুদ্ধক্ষমতা বৃদ্ধি করবেন। তিনি বলেন, এই অফিসাররা সামনে থেকে নেতৃত্ব দেবেন, সৈন্যদের দেখশোনা করবেন এবং আমাদের সশস্ত্র বাহিনীর সর্বোত্তম ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবেন বলেই আশা।
রাষ্ট্রপতির ভাষণ ইংরেজিতে পড়তে এখানে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026613891601.pdf
রাষ্ট্রপতির ভাষণ হিন্দিতে পড়তে এখানে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jun/doc2026613891701.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2273402)
आगंतुक पटल : 7