সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় সমবায় নীতি, ২০২৫-এর অধীন নতুন দিল্লিতে জাতীয় স্তরের নীতি রূপায়ণ এবং তত্ত্বাবধায়ক কমিটির প্রথম বৈঠক

प्रविष्टि तिथि: 09 JUN 2026 5:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ নির্দেশিত পথে এবং স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে সমবায় মন্ত্রক সমবায় ক্ষেত্রকে আধুনিক করার নানা উদ্যোগ নিচ্ছে। এই উপলক্ষে জাতীয় সমবায় নীতি, ২০২৫-এর অধীন জাতীয় স্তরের নীতিনির্ধারণ ও তত্ত্বাবধায়ক কমিটির প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে অটল অক্ষয় উর্জা ভবনে অনুষ্ঠিত হল। বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রকের সচিব ও কমিটির চেয়ারপার্সন ডঃ আশিস কুমার ভুতানি। কমিটি জাতীয় সমবায় নীতি, ২০২৫-এর কার্যকরী রূপায়ণের নকশা নিয়ে আলোচনা করেছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ, কেন্দ্রীয় মন্ত্রক, দপ্তর এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল, জাতীয় ফেডারেশন এবং সমবায়গুলির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তরণ, দক্ষতা প্রসার, সদস্য সংখ্যা বৃদ্ধি ও সমবায়-ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক বিকাশের ওপর।

বৈঠকে উপস্থিত ছিলেন ইফকো-র চেয়ারম্যান দিলীপ সাংহানি, সমবায় মন্ত্রকের অতিরিক্ত সচিব সিদ্ধার্থ জৈন, সমবায় মন্ত্রকের যুগ্ম সচিব অনন্ত কুমার ঝা, রমন কুমার এবং শিবকুমার সিং। ত্রিভুবন সহকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নাবার্ডের চেয়ারম্যান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিকবৃন্দ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ডঃ ভুতানি সমস্ত অংশীদারদের জাতীয় সমবায় নীতি, ২০২৫-এর সুফল তৃণমূল স্তরে পৌঁছে দিতে একযোগে কাজ করার ওপর আহ্বান জানান। তিনি বলেন, শক্তিশালী, স্বচ্ছ, আধুনিক সমবায় প্রতিষ্ঠান গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে এবং বিকশিত ভারত@২০৪৭-এর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কমিটির তরফ থেকে পঞ্চায়েতি রাজ মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, মৎস্য দপ্তর, পশুপালন দপ্তর, দুগ্ধ দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক, কৃষি ও কৃষককল্যাণ দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

প্রাথমিক কৃষিঋণ সোসাইটিগুলির উন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হয়। সেইসঙ্গে প্রত্যেক জেলায় মডেল সমবায় গ্রাম, দুগ্ধ এবং মৎস্য সমবায়গুলির প্রসার, ইআরপি-ভিত্তিক পরিচালন ব্যবস্থার প্রসার, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং সমবায় ক্ষেত্রে সাইবার সুরক্ষাকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। সমবায় সদস্য সংখ্যা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে, সমবায়গুলিতে মহিলা, যুব ও ক্ষুদ্র কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন বাজারের সঙ্গে সমবায় উদ্যোগগুলিকে যুক্ত করার কথাও বলা হয়। জাতীয় সমবায় নীতি, ২০২৫-এ সমবায়ের সদস্য সংখ্যা ২০৩৫ সালের মধ্যে ৫০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে। জাতীয় অর্থনীতিতে সমবায় ক্ষেত্রের অবদান যাতে তিনগুণ বৃদ্ধি পায়, সে বিষয়টিকে নিশ্চিত করার কথা বলা হয়েছে।

কমিটি জাতীয় সমবায় নীতি, ২০২৫-এর সার্থক রূপায়ণের ওপর জোর দিয়েছে এবং কেন্দ্র, রাজ্য, সমবায় প্রতিষ্ঠান ও অংশীদারদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই এই লক্ষ্য সম্পাদন সম্ভব বলে জানানো হয়েছে। 


SC/AB/DM


(रिलीज़ आईडी: 2271029) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Tamil , Kannada