স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত একটি বৈঠকে সভাপতিত্ব করেন

प्रविष्टि तिथि: 06 JUN 2026 8:17PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ জুন ২০২৬

 


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত একটি বৈঠকে সভাপতিত্ব করেন। ত্রিপুরার শালবাগানে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজিপি এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্যের ৮টি সীমান্তবর্তী জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে আরও ভালো সমন্বয় সাধনের মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনাকে আরও উন্নত ও সামগ্রিক করে তোলার ওপর বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষা কেবল একটি বিচ্ছিন্ন দায়িত্ব নয়, বরং এটি একটি সামগ্রিক আঞ্চলিক বা ভূখণ্ডগত দায়বদ্ধতা। তিনি জেলাশাসক, পুলিশ সুপার, পাটোয়ারি, পঞ্চায়েত প্রধান, আধুনিক প্রযুক্তি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে অন্তর্ভুক্ত করে একটি অভেদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিটি সীমান্তবর্তী এলাকাকে শক্তিশালী করে তুলছে। শ্রী শাহ জোর দিয়ে বলেন, শুধুমাত্র কাঁটাতারের বেড়া দেওয়াই নয়, বরং স্থানীয় প্রশাসন, স্মার্ট প্রযুক্তি এবং বিএসএফ-কে কাজে লাগিয়ে সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই একটি সম্পূর্ণ নিরাপদ ও অভেদ্য সীমান্ত সুরক্ষা কাঠামো তৈরি করা সম্ভব।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী নির্দেশ দেন যে, মাদক ও অস্ত্র পাচারের মতো হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের প্রশিক্ষিত করার জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে। তিনি এই শিবিরগুলিতে পাটোয়ারি, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শাহ নির্দেশ দেন যে, স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেলটি সবার আগে ত্রিপুরায় কার্যকর করতে হবে এবং বিএসএফ-এর প্রতিটি ক্যামেরা উন্নতমানের করে সেগুলিকে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

শ্রী অমিত শাহ বলেন যে, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত পুরো চক্রটির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখাটাও সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব। তিনি কালেক্টর এবং জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-এর মাধ্যমে জাল মুদ্রা সংক্রান্ত একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন।

শ্রী শাহ সীমান্তবর্তী এলাকায় আর্থিক লেনদেন, বড় বড় ভবন নির্মাণ এবং সম্পত্তি কেনা-বেচার ওপর কড়া নজর রাখার আহ্বান জানান এবং গত পাঁচ বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই করার নির্দেশ দেন। বৈঠকে জোর দিয়ে বলা হয় যে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সামগ্রিক উন্নয়ন ও সুরক্ষার লক্ষ্যে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। 

 


SC/SB/AS


(रिलीज़ आईडी: 2269973) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil