স্বরাষ্ট্র মন্ত্রক
পদ্ম পুরস্কার-২০২৭-এর জন্য মনোনয়ন ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত পেশ করা যাবে
प्रविष्टि तिथि:
05 JUN 2026 3:44PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুন, ২০২৬
২০২৭ সালের সাধারণতন্ত্র দিবসে যে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হবে, তার জন্য মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া ১৫ মার্চ, ২০২৬ থেকে শুরু হয়েছে। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই, ২০২৬। এই পুরস্কারের জন্য মনোনয়ন বা সুপারিশ শুধুমাত্র 'রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল' (https://awards.gov.in)-এর মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে।
পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ এবং পদ্মশ্রী—এই তিনটি পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে পড়ে। ১৯৫৪ সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ঘোষণা করা হয়। শিল্প, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও কারিগরি, জনজীবন, সিভিল সার্ভিস, বাণিজ্য ও শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব বা অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। জাতি, পেশা, পদমর্যাদা বা লিঙ্গ নির্বিশেষে যে কোনো ব্যক্তি এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। তবে চিকিৎসক ও বিজ্ঞানী ছাড়া সরকারি কর্মচারীরা (যার মধ্যে রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীরাও অন্তর্ভুক্ত) পদ্ম পুরস্কারের জন্য বিবেচিত হন না।
সরকার পদ্ম পুরস্কারকে জনসাধারণের পুরস্কারে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সকল নাগরিককে মনোনয়ন বা সুপারিশ (যার মধ্যে স্ব-মনোনয়নও অন্তর্ভুক্ত) করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষ করে মহিলা, সমাজের দুর্বলতর অংশ, তফসিলি জাতি ও উপজাতি, দিব্যাঙ্গ এবং যারা সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন—এমন প্রতিভাবান ব্যক্তিদের খুঁজে বের করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো যেতে পারে।
মনোনয়ন বা সুপারিশের ক্ষেত্রে পোর্টালে চাওয়া সমস্ত প্রাসঙ্গিক তথ্য পেশ করতে হবে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির অসাধারণ কৃতিত্ব বা অবদানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট (https://mha.gov.in)-এর 'Awards and Medals' বিভাগ এবং পদ্ম পুরস্কার পোর্টাল (https://padmaawards.gov.in)-এ পাওয়া যাবে। এই পুরস্কার সংক্রান্ত বিধি ও নিয়মাবলী https://padmaawards.gov.in/AboutAwards.aspx লিঙ্কে থাকা ওয়েবসাইটে পাওয়া যাবে।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2269593)
आगंतुक पटल : 4