শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
ইএসআইসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য বিমাভুক্ত ব্যক্তির সন্তান কোটার আওতায় এমবিবিএস, বিডিএস এবং বি.এসসি নার্সিং কোর্সে ভর্তির আবেদনপত্র আহ্বান করেছে
प्रविष्टि तिथि:
05 JUN 2026 12:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুন, ২০২৬
ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীন এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন - ইএসআইসি, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ‘বিমাভুক্ত ব্যক্তির সন্তান’ কোটার আওতায় স্নাতকস্তরে মেডিকেল এবং নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করেছে। এই ভর্তির সুযোগটি শুধুমাত্র এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স প্রকল্পের আওতাভুক্ত কর্মীদের নির্ভরশীল সন্তানদের জন্য। এর মধ্য দিয়ে বিমাভুক্ত কর্মীদের পরিবারকে সামাজিক সুরক্ষা এবং শিক্ষাগত সুবিধা প্রদানের ক্ষেত্রে ইএসআইসি -এর ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ‘বিমাভুক্ত ব্যক্তির সন্তান’ কোটার আওতায় মোট ৭৮৩টি আসন সাময়িকভাবে বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২২টি মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং প্রতিষ্ঠানে ৬৯৫টি এমবিবিএস আসন, ২৮টি বিডিএস আসন এবং ৬০টি বি.এসসি নার্সিং আসন রয়েছে। বিমাভুক্ত ব্যক্তির যোগ্য সন্তানদের জন্য আসন সংরক্ষিত রাখা হয়েছে বিভিন্ন রাজ্যে অবস্থিত ইএসআইসি মেডিকেল কলেজ এবং নির্দিষ্ট রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলিতে। কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা মহাপরিচালক।
ইএসআইসি-র অন্যতম প্রধান কল্যাণমূলক উদ্যোগ হল ‘বিমাভুক্ত ব্যক্তির সন্তান’ কোটা। এর লক্ষ্য শ্রমিক পরিবারের শিক্ষাগত আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা ভর্তুকিযুক্ত টিউশন ফিতে পেশাদার চিকিৎসা ও নার্সিং শিক্ষা গ্রহণ করতে পারে। এই কোটার অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এমবিবিএস ও বিডিএস কোর্সের জন্য বার্ষিক মাত্র ২৪,০০০ টাকা এবং বি.এসসি নার্সিং কোর্সের জন্য ১০,০০০ টাকা টিউশন ফি দিতে হয়। এই কোটার অধীনে ভর্তির জন্য কোনো অনুদান দিতে হয় না।
অভিভাবককে অবশ্যই ইএসআই আইনের অধীনে একজন নিবন্ধিত বিমাভুক্ত ব্যক্তি হতে হবে এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী ইএসআই প্রকল্পে সক্রিয় থাকতে হবে। আবেদনকারীকে অবশ্যই বিমাভুক্ত ব্যক্তির নির্ভরশীল সন্তান হতে হবে, ২০২৬ সালের নিট (ইউজি) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ন্যাশনাল মেডিকেল কমিশন, ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং মেডিকেল কাউন্সেলিং কমিটি দ্বারা নির্ধারিত যোগ্যতার শর্তাবলী পূরণ করতে হবে। পুরুষ প্রার্থীদের বয়স ০৮ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী ২১ বছরের বেশি হবে না, তবে ১৯৪৮ সালের ইএসআই আইনের সংস্থান অনুযায়ী বিমাভুক্ত ব্যক্তির নির্ভরশীল অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বয়সের এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়।
যোগ্য প্রার্থীদের ইএসআইসি-র জারি করা শংসাপত্র সংগ্রহ করতে হবে, যা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক। সার্টিফিকেট পাওয়ার জন্য সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে ইএসআইসি পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে। আবেদনকারীদের নির্ধারিত বিবরণ জমা দিতে হবে এবং প্রয়োজনীয় নথি, যেমন—ছবি, বয়সের প্রমাণপত্র, NEET (UG) 2026 অ্যাডমিট কার্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক সার্টিফিকেট আপলোড করতে হবে।
এই শংসাপত্রের জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন ২০২৬। বিমাভুক্ত ব্যক্তির মোবাইল নম্বর ইএসআইসি ডেটাবেসে সঠিকভাবে আপডেট করা থাকতে হবে, কারণ আবেদন প্রক্রিয়ায় OTP-ভিত্তিক প্রমাণ চাওয়া হয়। শংসাপত্র পাওয়ার পর প্রার্থীদের কেন্দ্রীয় কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য মেডিকেল কাউন্সেলিং কমিটি পোর্টালে আলাদাভাবে নিবন্ধন করতে হবে।
নিয়োগকর্তা, বিমাভুক্ত ব্যক্তি, আঞ্চলিক কার্যালয়, শাখা কার্যালয়, হাসপাতাল এবং রাজ্য ESI কর্তৃপক্ষকে যোগ্য সুবিধাভোগীদের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সক্রিয়ভাবে তথ্য প্রচার করার জন্য ইএসআইসি আবেদন জানিয়েছে। ইএসআই প্রকল্পের আওতাভুক্ত নিয়োগকর্তাদের তাদের কর্মীদের এই সুযোগ সম্পর্কে অবহিত করতে, কর্মস্থলে ভর্তির বিজ্ঞপ্তিটি স্পষ্টভাবে প্রদর্শন করতে এবং ইএসআইসি রেকর্ডে মোবাইল নম্বর যাচাই ও আপডেট করার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। তৃণমূল স্তরের কার্যালয়গুলিকেও সচেতনতামূলক প্রচার অভিযানের আয়োজন করতে এবং আবেদনকারীদের সময়মতো আবেদনপত্র জমা ও প্রক্রিয়াকরণে সহায়তা করার পরামর্শ দেওয়া হয়েছে।
এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক সুরক্ষা সংস্থা। এটি কর্মী ও তাদের পরিবারকে চিকিৎসা সেবা, অসুস্থতাজনিত সুবিধা, মাতৃত্বকালীন সুবিধা, অক্ষমতাজনিত সুবিধা এবং নির্ভরশীলদের সুবিধাসহ সামাজিক সুরক্ষার এক ব্যাপক প্যাকেজ প্রদান করে।
যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং ভর্তি-সংক্রান্ত তথ্যের জন্য প্রার্থীরা ইএসআইসি-র ওয়েবসাইট http://www.esic.gov.in এবং মেডিকেল কাউন্সেলিং কমিটির পোর্টাল http://www.mcc.nic.in দেখতে পারেন।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2269246)
आगंतुक पटल : 6