স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

শিলংয়ে এনইসি-র ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে উত্তর-পূর্বকে উন্নয়ন ও বাণিজ্যের বৈশ্বিক কেন্দ্র করার আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন যুগের সূচনা হয়েছে

ত্রিপুরার সাব্রুমের স্থল বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠবে: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

प्रविष्टि तिथि: 04 JUN 2026 8:10PM by PIB Agartala

শিলং, ৪ জুন, ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী ৪ জুন, বৃহস্পতিবার মেঘালয়ের রাজধানী শিলং'এ উত্তর-পূর্ব পরিষদের (এনইসি) ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরহিত্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের নতুন যুগের সূচনা হয়েছে। ১২টিরও বেশি শান্তি চুক্তির মাধ্যমে এই অঞ্চলে বিদ্রোহ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ১০,৮০০-র বেশি যুবক অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত রেল, সড়ক ও বিমান যোগাযোগ উত্তর-পূর্বের সঙ্গে দেশের অন্যান্য অংশের ভৌগোলিক দূরত্ব কমিয়েছে। ‘অ্যাক্ট ইস্ট’, ‘অ্যাক্ট ফার্স্ট’ ও ‘অ্যাক্ট ফাস্ট’ নীতির মাধ্যমে ‘পূর্বোদয়’-এর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে এবং একসময়ের সংঘাতপূর্ণ অঞ্চল আজ সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তিনি উত্তর-পূর্বের উন্নয়ন, সমৃদ্ধি ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের লক্ষ্যে গঠিত উচ্চ-স্তরের টাস্ক ফোর্সের সুপারিশ শতভাগ বাস্তবায়নের আহ্বান জানান। বিনিয়োগ বৃদ্ধির জন্য সব রাজ্যে সিঙ্গেল উইন্ডো ছাড়পত্র ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত পর্যালোচনার উপরও জোর দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রিপুরার সাব্রুম স্থলবন্দর এবং অন্যান্য বাণিজ্যিক পরিকাঠামো উত্তর-পূর্বকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলবে। তিনি মাছ, ডিম ও দুধ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, দুগ্ধ সমবায় সম্প্রসারণের উদ্যোগের কথাও উল্লেখ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ উত্তর-পূর্বের আগর কাঠ, বাঁশভিত্তিক শিল্প, অত্যাবশ্যকীয় তেল, স্বাস্থ্য ও প্রসাধনী পণ্যের জন্য আন্তর্জাতিক বাজার গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি জিআই-ট্যাগযুক্ত পণ্যের প্রচার, অর্গানিক মিশন, স্বাস্থ্য পর্যটন এবং ‘এক জেলা, এক পর্যটন কেন্দ্র’ উদ্যোগকে ত্বরান্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ.আই), ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং ও ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বৈঠকে ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া, ডোনারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন। এই বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ এবং মুখ্যসচিবগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে ৮টি হাই লেভেল টাস্ক ফোর্সের প্রতিবেদন সংশ্লিষ্ট টাস্ক ফোর্সের কনভেনারগণ উপস্থাপন করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে আগরতলায় অনুষ্ঠিত এন.ই.সি.-র ৭২তম প্লেনারি সেশনে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার উদ্যোগে হাই লেভেল টাস্ক ফোর্সগুলি গঠন করা হয়েছিল। 

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2269183) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Odia