শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ঐতিহাসিক কানাডা সফর সমাপ্ত করলেন

প্রকাশিত: 28 MAY 2026 9:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ মে ২০২৬

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ২৮ মে ২০২৬-এ অত্যন্ত ফলপ্রসূ এবং ঐতিহাসিক তিন দিনের কানাডা সফর শেষ করেছেন। অত্যন্ত ব্যস্ত কর্মসূচিতে টরেন্টোতে অতি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন শিক্ষা, উদ্ভাবন, সরকার, বাণিজ্যিক পরিষদ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ভারতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে আলোচনায়। আলোচনায় বিশেষ করে জোর দেওয়া হয় ভারত-কানাডা অর্থনৈতিক অংশীদারিত্বে সুস্থায়ী গতি দিতে। তুলে ধরা হয় লগ্নি, প্রযুক্তি সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য সারা বিশ্বে সর্বোত্তম গন্তব্য হিসেবে ভারতের উঠে আসাকে। 

দিনের শুরুতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল টরেন্টো বিশ্ববিদ্যালয়ে বিশেষ মর্যাদাসম্পন্ন মুঙ্ক স্কুল অফ গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক পলিসিতে শিক্ষাবিদ, গবেষক এবং ছাত্রছাত্রীদের সামনে ভাষণ দেন। আন্তর্জাতিক সম্পর্ক এবং জননীতি নিয়ে পড়াশোনায় এটি বিশ্বের অন্যতম প্রথম সারির প্রতিষ্ঠান। শ্রী গোয়েল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, রূপান্তরকারী সংস্কার এবং ক্রমবর্ধমান বিশ্ব নেতৃত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি দুই দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে, শিল্পে নীতি প্রণেতাদের মধ্যে আরও গভীর আলোচনার প্রভূত সম্ভাবনার কথা তুলে ধরেন দ্বিপাক্ষিক বাণিজ্য, লগ্নি এবং মানুষে মানুষে সম্পর্ক আরও জোরদার করতে।

এর পরে শ্রী পীযূষ গোয়েল অন্টারিও সেন্টার অফ ইনোভেশন সফর করলেন। শ্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে কর্মরত আঞ্চলিক বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন বাণিজ্য সহযোগিতা শক্তিশালী করা এবং বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করার পথ খুঁজতে। বিশেষ উল্লেখযোগ্য, শ্রী পীযূষ গোয়েল অন্টারিও-র প্রধান ডাগফোর্ড-এর সঙ্গে দেখা করেন এবং ভারত-অন্টারিও সহযোগিতা গভীর করার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শ্রী পীযূষ গোয়েল একটি ফলপ্রসূ বৈঠক করেন বিজনেস কাউন্সিল অফ কানাডার প্রেসিডেন্ট ও সিইও শ্রী গোল্ডি হাইডারের সঙ্গে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গভীর করতে ভারত-কানাডা সিইও ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তাঁরা মতবিনিময় করেন। 

অন্টারিও টিচার্স পেনশন প্ল্যানের প্রেসিডেন্ট এবং সিইও শ্রীমতী জো টেলরের সঙ্গে দেখা করেন শ্রী পীযূষ গোয়েল এবং আলোচনা করেন পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, আর্থিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, প্রযুক্তি এবং ডিজিটাল অর্থনীতিতে ভারতের লগ্নি করার সুযোগ নিয়ে। সিপিপি ইনভেস্টমেন্টস-এর প্রেসিডেন্ট ও সিইও শ্রী জন গ্রাহামের সঙ্গেও দেখা করেন শ্রী পীযূষ গোয়েল। আলোচনা হয় দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানিক বিনিয়োগের প্রসার নিয়ে। 

শ্রী পীযূষ গোয়েল ফলপ্রসূ আলোচনা করেন তাঁর সফরসঙ্গী বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে। স্বচ্ছশক্তি, বিমান পরিষেবা, খাদ্য প্রক্রিয়াকরণ, বিরল খনিজ, পরিকাঠামো এবং প্রযুক্তির মতো ক্ষেত্রে অংশীদারিত্ব এবং বিনিয়োগের সুযোগ খুঁজতে সক্রিয় হওয়ার পরামর্শ দেন বণিক মহলকে। শ্রী পীযূষ গোয়েল তাঁর তিন দিনের কানাডা সফর সমাপ্ত করেন কানাডা-ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে বৈঠক করে। এবারই প্রথম এতো বড় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে গেলেন কানাডায় শ্রী পীযূষ গোয়েল। ছিলেন ১০০টির বেশি ভারতীয় কোম্পানির শিল্পপতিরা। ভারত-কানাডা অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ উদ্ধারের লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ মোটামুটি ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। এটিকে ২০৩০-এর মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে দুই দেশের সরকার। 

 

SC/AP/NS…


(রিলিজ আইডি: 2266150) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil , Malayalam