শিল্পওবাণিজ্যমন্ত্রক
ভারত-কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ৫ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার ক্ষেত্রে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল এবং কানাডার বাণিজ্য মন্ত্রী শ্রী মনিন্দর সিধু উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন
প্রকাশিত:
27 MAY 2026 10:42AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মে, ২০২৬
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল তাঁর কানাডা সফরের দ্বিতীয় দিনে টরেন্টোতে সে দেশের শিল্প ও বাণিজ্য মহলের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিনিয়োগকারীদের সঙ্গে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বিনিয়োগে উৎসাহিত করা এবং কৌশলগত ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিয়ে অংশীদারিত্বের মাধ্যমে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করাই তাঁর সফরের মূল উদ্দেশ্য।
শ্রী গোয়েল গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, সিআইআই এবং অ্যাসোচেম-এর উদ্যোগে আয়োজিত ‘কানাডা-ভারত বিল্ডিং ব্রিজেস’ শীর্ষক আলোচনাচক্রে মূল ভাষণ দিয়েছেন। টরেন্টোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এই আলোচনাচক্রে ১৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। উন্নত নির্মাণ, ওষুধ-শিল্প, জৈব-প্রযুক্তি, পরিবেশ-বান্ধব প্রযুক্তি, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন। এর আগে শ্রী গোয়েল এবং কানাডার আন্তর্জাতিক বাণিজ্য দপ্তরের মন্ত্রী শ্রী মনিন্দর সিধু এক আলোচনায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার দিকটি তুলে ধরেন। কানাডায় ভারতীয় বাণিজ্য মহলের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে ভারতে টিম কানাডা ট্রেড মিশন পাঠানো হবে। এই মিশনের মূল উদ্দেশ্য হল, কৃত্রিম মেধা, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, পারমাণবিক শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সেমি-কন্ডাক্টর, পরিবেশ-বান্ধব প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত নির্মাণ পদ্ধতি নিয়ে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো। ভারত-কানাডা সর্বাঙ্গীন অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিমাণ ৫ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার ক্ষেত্রে শ্রী গোয়েল এবং শ্রী সিধু উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দুই মন্ত্রীর পৌরোহিত্যে কানাডা-ভারত বিনিয়োগ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কানাডার শীর্ষস্থানীয় বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কানাডার বিভিন্ন সংস্থার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন।
কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী হাম্বার বে পার্কে কনিষ্ক স্মারকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। সেই বিমান দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। ব্র্যাম্পটোন-এ পিয়ার্সন কনভেনশন সেন্টারে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশে ভাষণ দেন। দুই দেশের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূতদের ভূমিকা স্মরণ করেছেন তিনি। শ্রী গোয়েল তাঁর সফরে ১০০টি ভারতীয় সংস্থার প্রতিনিধিদের নিয়ে গেছেন। তিনদিনের এই সফরের মূল উদ্দেশ্য, দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা।
SC/CB/DM..
(রিলিজ আইডি: 2265775)
ভিজিটরের কাউন্টার : 9