মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিট (ইউজি) পরীক্ষা সুরক্ষিত ও সফলভাবে আয়োজনের বার্তা দিয়ে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের

প্রকাশিত: 25 MAY 2026 6:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ মে, ২০২৬ 

 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান দেশের সমস্ত মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসকদের কাছে চিঠি লিখে ২১ জুন, ২০২৬ তারিখে নির্ধারিত নিট (ইউজি) পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ এবং সফলভাবে আয়োজনের জন্য তাঁদের সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে চলতে থাকা তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রীয় মন্ত্রী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রগুলিতে সমস্ত প্রয়োজনীয়  সুযোগ-সুবিধা যেন নিশ্চিত করা হয়।


নিজের চিঠিতে শ্রী প্রধান লিখেছেন: “বর্তমানের তাপপ্রবাহের পরিস্থিতির কথা বিবেচনা করে, আমি আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি,  আপনি যেন আপনার রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে পরীক্ষা আয়োজনকারী জেলা কর্তৃপক্ষ এবং সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি উপযুক্ত নির্দেশ জারি করেন, যাতে পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রয়োজনীয় মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়। এই সুযোগ-সুবিধাগুলির মধ্যে রয়েছে, নিরাপদ পানীয় জল, বসার পর্যাপ্ত ব্যবস্থা, সচল পাখা/কুলার, পরিচ্ছন্ন শৌচাগার, ছায়াযুক্ত প্রতীক্ষালয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যেখানে প্রয়োজন সেখানে ভ্রাম্যমান শৌচাগারের ব্যবস্থা।”

শিক্ষার্থীদের স্বার্থ ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার, এই বিষয়টির ওপর জোর দিয়ে তিনি সমস্ত রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন  পরীক্ষার দিন, অর্থাৎ ২১ জুন, পরীক্ষার্থীদের জন্য যেন পর্যাপ্ত পরিবহনের বন্দোবস্ত করা হয়।


শ্রী প্রধান এই আশাপ্রকাশ করে বলেছেন যে, নিট (ইউজি) ২০২৬ পরীক্ষাটি যাতে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে পারে, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারগুলি তাঁদের পূর্ণ সহযোগিতা করবে। 

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2265464) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam