প্রধানমন্ত্রীরদপ্তর
গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী
প্রকাশিত:
11 MAY 2026 9:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ মে , ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সর্দারধাম হস্টেলের উদ্বোধন করেছেন। এই দিনেই সোমনাথ মন্দিরের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান ও আধ্যাত্মিক উদযাপনের এই সমাপতনের উল্লেখ করেন। তিনি ডঃ দুষ্মন্ত ও দক্ষ প্যাটেল কমপ্লেক্স উদ্বোধন করেন, বিভিন্ন শিক্ষা সহায়ক প্রকল্পের সূচনা করেন এবং একগুচ্ছ শিক্ষামূলক প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী বলেন,“মাত্র কয়েক ঘন্টা আগে আমি প্রভাস পতনে সোমনাথ অমৃত মহোৎসব উদযাপন করছিলাম, আর এখন আমরা যুগান্তকারী এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি। ঐতিহ্য ও প্রগতি কিভাবে হাত ধরাধরি করে এগিয়ে চলে, এতারই প্রতীক।”
সর্দারধামের ৭৫ বছরের শিক্ষাগত ঐতিহ্য এবং দেশজুড়ে সংস্থার ক্রমবিস্তৃতির উল্লেখ করে প্রধানমন্ত্রী, তাঁর ২০১১ সালে এই প্রতিষ্ঠানের ছাত্রী আবাসের শিলান্যাস অনুষ্ঠানের কথা স্মরণ করেন। তিনি বলেন, পরবর্তীকালে সুরাট, রাজকোট, ভুজ, মেহেসানা ও দিল্লিতেও এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে। আমেদাবাদের নিকোল এলাকায় এক হাজার ছাত্রীকে রাখার মতো হস্টেল তৈরি হয়েছে। এর ফলে হাজার হাজার ছাত্রী শিক্ষা ও ভবিষ্যতের দিশা নির্দেশ পেয়েছে। আজকের ছাত্রী আবাসের শিলান্যাসও নারী শিক্ষার প্রসারে সর্দারধামের অটল অঙ্গীকারের প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এবং নাগরিক সমাজের সম্মিলিত প্রয়াস ছাড়া সার্বিক রূপান্তর সম্ভব নয়। জাতীয় শিক্ষা নীতিকে পদ্ধতিগত রূপান্তরের এক প্রামাণ্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তিনি বলেন, এতে একদিকে যেমন ভাষাভিত্তিক বৈষম্য দূর করা হয়েছে, তেমনই পাঠক্রমের অন্তর্ভুক্ত হয়েছে দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন।
প্রধানমন্ত্রী বলেন, গুজরাটের যুবসমাজের মধ্যে সহজাত ব্যবসায়িক সংস্কৃতি রয়েছে। স্টার্টআপ ইন্ডিয়া মিশনের মাধ্যমে একে আরও উৎসাহ দেওয়া হচ্ছে। ছোট ছোট শহরগুলিতেও স্টার্টআপের সংখ্যা যেভাবে বাড়ছে এবং মহিলারা যেভাবে উদ্যোগ সৃষ্টিতে এগিয়ে আসছেন তার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে তরুণ উদ্ভাবকরা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলি এড়িয়ে যেতেন, এখন তাঁরা সেদিকেই বেশি করে আকর্ষিত হচ্ছেন। গত একদশকে খেলাধুলো থেকে শুরু করে মহাকাশ প্রযুক্তি পর্যন্ত সবক্ষেত্রেই এই রূপান্তর দেখা গেছে, আগামী দিনে দেশের উৎপাদন ক্ষেত্রে অভূতপূর্ব গতির সঞ্চার হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রম শক্তিতে মহিলাদের অংশগ্রহণকে সভ্যতার অগ্রগতির মূল মাপকাঠি হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, দু-দশক আগেই গুজরাট এই সত্য অনুধাবন করেছিল। মহিলাদের জন্য কোটি কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি গুজরাটে শৌচ ও নিকাশী ব্যবস্থা, পানীয় জল ও জ্বালানির সুবন্দোবস্ত করা হয়েছিল। পরবর্তীকালে সারা দেশে এই নীতি অনুসরণ করা হয়। এই প্রসঙ্গে তিনি মুদ্রা যোজনা এবং আয়ুষ্মান ভারতের মতো সুরক্ষা কাঠামোর উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক অগ্রগতি যে মূলত মহিলাদের অংশগ্রহণের ওপরেই নির্ভর করে গুজরাট তা বুঝে, সেই মতো পদক্ষেপ নেয়, এখন এই সব প্রকল্প গোটা দেশে ছড়িয়ে পড়েছে।
ঐতিহাসিকভাবে পুরুষের আধিপত্য থাকা ক্ষেত্রগুলিতেও মহিলাদের ক্রম অগ্রগতির ছবি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সামরিক বাহিনী, বিমান চালনা এবং রাজনৈতিক ক্ষেত্রেও মহিলারা আজ এগিয়ে এসেছেন। নারী শক্তি বন্দন সংশোধনী রাজনৈতিক প্রতিবন্ধকতার জন্য সংসদে পাশ করানো না গেলেও লিঙ্গসাম্যের প্রতি তিনি তাঁর অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, আজ জাতীয় প্রতিরক্ষা অ্যাকাদেমিতে মহিলা ক্যাডেটরা প্রশিক্ষণ নিচ্ছেন, আমাদের মেয়েরা ফাইটার পাইলট হচ্ছেন এবং মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ ক্রমশই বেড়ে চলেছে।
শ্রী মোদী বলেন, মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে সর্দারধাম তার দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করছে। সামাজিক রূপান্তরের জন্য এমন ধারাবাহিক সংগঠনগত অঙ্গীকারের প্রয়োজন রয়েছে।
সেমি কনডাক্টর, মহাকাশ, উন্নত প্রযুক্তি, দূষণমুক্ত জ্বালানি, আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে গুজরাটের সক্ষমতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তনকে সুযোগে রূপান্তরিত করা, নতুন সম্ভাবনা গ্রহণ করা এবং সময় মতো ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া গুজরাটের কর্মসংস্কৃতির অঙ্গ।
প্রধানমন্ত্রী জানান, গুজরাটের সানন্দে মেড ইন ইন্ডিয়া সেমি কনডাক্টর তৈরি হচ্ছে, কেনইস সেমি কনডাক্টর প্ল্যান্টসে উৎপাদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ধোলেরা ও সুরাটে গড়ে উঠছে বিভিন্ন সেমি কনডাক্টর প্রকল্প। গুজরাট বিশ্বব্যাপী সেমি কনডাক্টর সরবরাহ শৃঙ্খলে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
ভদোদরায় বিভিন্ন চলতি প্রকল্পের বিশদ বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভদোদরা এখন এক উৎপাদন শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে এবং এর উদীয়মান এরোস্পেস ক্ষেত্র এই শহরকে বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্রে রূপান্তরিত করার ইঙ্গিত দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা সঙ্কট থেকে শুরু করে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় এবং পশ্চিম এশিয়ার সংঘাত – সব মিলিয়ে বিশ্ব আজ এক অভূতপূর্ব অস্থিরতার মধ্যে রয়েছে, যার প্রভাব প্রতিটি দেশেই পড়ছে। করোনা সঙ্কট যেভাবে কাটিয়ে ওঠা গেছে, সেইভাবেই সরকারের নিরন্তর প্রয়াসের মাধ্যমে এই অস্থিরতাও কাটিয়ে ওঠা যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সুস্থিতির জন্য সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের কর্তব্যকে অগ্রাধিকার দিতে হবে, জাতীয় সম্পদের ওপর বোঝা কমাতে হবে। অপরিশোধিত তেল সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের আমদানি নির্ভরতা কমানোর ওপর জোর দেন তিনি।
পেট্রোল, ডিজেল সাশ্রয়ের জন্য ব্যক্তিগত যানবাহনের বদলে গণপরিবহন ও পুলকার ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অপ্রয়োজনীয় জ্বালানি খরচ কমাতে ভার্চুয়াল বৈঠক এবং বাড়ি থেকে কাজ করার কথা বলেন।
প্রধানমন্ত্রী ভোজ্য তেলের ব্যবহার এবং সঙ্কটের এই সময়ে সোনা কেনা স্থগিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, রান্নার তেল ও সোনা আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং –এর ক্ষেত্রেও বিদেশী মু্দ্রার সঞ্চয় কমে।
বিদেশের বদলে ভারতে ছুটি কাটানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে স্ট্যাচু অব লিবার্টি এক অসাধারণ গন্তব্য হতে পারে।
ভোকাল ফর লোকাল –এর আবেদন আবারও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশী দ্রব্যের বদলে স্থানীয় পণ্য কিনলে দেশীয় ব্যবসায়ীদের আয় বাড়বে। কৃষি ক্ষেত্রে সৌর পাম্পের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশীয় সার ও প্রাকৃতিক কৃষির প্রসারেরও আহ্বান জানান তিনি।
সর্দার গৌরব রত্ন সম্মান তাঁকে দেওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, সর্দার সাহেবের অসমাপ্ত স্বপ্ন পূরণ করা তাঁর জীবনের ব্রত।
আজ যে প্রকল্পগুলির সূচনা হল সেগুলি শিক্ষা ও নতুন সম্ভাবনার মাধ্যমে জাতির ভবিষ্যৎ গঠনের প্রতি সমাজের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
SC/SD /SG
(রিলিজ আইডি: 2260241)
ভিজিটরের কাউন্টার : 2