স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
সামনের সারির স্বাস্থ্য পরিষেবা প্রদানকে শক্তিশালী করার লক্ষ্যে সংযুক্ত ও যোগ্যতা-ভিত্তিক কাঠামোর আওতায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দলগুলির জন্য সুসমন্বিত প্রশিক্ষণ চালু করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
প্রকাশিত:
08 MAY 2026 12:19PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ মে, ২০২৬
সার্বিক প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সামনের সারির স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা সম্প্রতি সমাপ্ত হওয়া “উদ্ভাবন ও অন্তর্ভুক্তি: ভারতের স্বাস্থ্য ভবিষ্যৎ গঠনে সেরা কার্যপদ্ধতি” শীর্ষক দশম জাতীয় শীর্ষ সম্মেলনে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দলের জন্য সুসমন্বিত প্রশিক্ষণ চালু করেছেন।
এই উদ্যোগ বিচ্ছিন্নভাবে সক্ষমতা বৃদ্ধির পরিবর্তে একটি একক, সুবিন্যস্ত ও দক্ষতা-ভিত্তিক কাঠামোর দিকে একটি যুগান্তকারী পরিবর্তনকে চিহ্নিত করে। এর ফলে, সামনের সারির স্বাস্থ্য কর্মীরা প্রত্যন্ত এলাকাগুলিতেও সার্বিক, নাগরিক কেন্দ্রিক পরিষেবা পৌঁছে দিতে পারবেন।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে ভারত অনেক এগিয়ে আছে। সাম্প্রতিক বছরগুলিতে, সুসমন্বিত প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গোষ্ঠী সংযোগের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এর লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবাকে সবশ্রেণীর মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। এই যাত্রাপথের একটি প্রধান মাইলফলক ছিল আয়ুষ্মান ভারত কর্মসূচির সূচনা, যার আওতায় প্রতিরোধমূলক, উন্নয়নমূলক এবং নিরাময়মূলক সেবার কেন্দ্রবিন্দু হিসেবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলোকে ভাবা হয়। জন আরোগ্য সমিতি, মহিলা আরোগ্য সমিতি, গ্রাম স্বাস্থ্য ও স্যানিটেশন কমিটি এবং আম শিবিরের মতো প্ল্যাটফর্মগুলির মাধ্যমে গভীর গোষ্ঠী সংযোগের ফলে এই দৃষ্টিভঙ্গি আরও জোরালো হয়ে উঠেছে।
ভারত যখন সুস্থিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, তখন এমন স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন, যেটি কেবল সহজলভ্য হলেই চলবে না, তাকে একইসঙ্গে সংবেদনশীল ও উচ্চ গুণমানেরও হতে হবে। দেশজুড়ে হাজার হাজার প্রাথমিক স্বাস্থ্যসেবা দল নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর সেবা করে চলেছে। তাদের কার্যকর সেবা প্রদানের ক্ষমতা কেবল পরিকাঠামোর উপরই নয়, জ্ঞান, দক্ষতা এবং আত্মবিশ্বাসের উপরও নির্ভর করে।
সেবার মান উন্নত করতে, উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রগুলোর ওপর চাপ কমাতে এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা জোরদার করতে একটি প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী প্রাথমিক স্বাস্থ্যকর্মীদল অপরিহার্য। এটি প্রতিরোধমূলক ও প্রচারমূলক স্বাস্থ্যসেবার প্রতি ভারতের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে—যা এক স্বাস্থ্যকর ও অধিক উৎপাদনশীল জাতি গঠনের মূল ভিত্তি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত @২০৪৭’ –এর স্বপ্ন বাস্তবায়নেও এটি সক্রিয় ভূমিকা নেবে।
জনকেন্দ্রিক স্বাস্থ্যসেবার এই স্বপ্নকে আরও জোরদার করতে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “প্রকৃত অগ্রগতি জনকেন্দ্রিক। চিকিৎসা বিজ্ঞানে যতই অগ্রগতি হোক না কেন, একেবারে শেষ প্রান্তের শেষ ব্যক্তিটির কাছেও পরিষেবা পৌঁছানো নিশ্চিত করতে হবে।”
প্রাথমিক স্বাস্থ্যকর্মী দলগুলির জন্য সমন্বিত প্রশিক্ষণ এই ভিত্তিকে শক্তিশালী করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি তাদের প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণ থেকে শুরু করে চিকিৎসা ও ফলো-আপ পর্যন্ত সমন্বিত সেবা প্রদানের জন্য প্রস্তুত করে, যাতে মানুষ সঠিক সময়ে, তাদের বাড়ির কাছাকাছি সঠিক সেবা পান। ভারতের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে, আইগট কর্মযোগীর মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ধারাবাহিক শিক্ষার ব্যবস্থা করবে। এর ফলে, শ্রমশক্তি শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে উঠবে।
এই উদ্যোগটি দুটি গুরুত্বপূর্ণ দিক থেকে অনন্য। প্রথমত, এটি সহানুভূতিশীল, সংবেদনশীল এবং উচ্চ-মানের সেবা প্রদানের জন্য গোষ্ঠী-ভিত্তিক কর্মশক্তির সক্ষমতা বাড়িয়ে তুলবে। দ্বিতীয়ত, যারা প্রাথমিক স্বাস্থ্যসেবার মেরুদণ্ড—এই কর্মশক্তির ৭০ শতাংশেরও বেশি, এটি সেই নারীদের ক্ষমতায়ন করে। এর মধ্যে আশা, এএনএম এবং সিএইচও অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে নারী শক্তির গুরুত্বের উপর জোর দিয়েছেন এবং এই উদ্যোগ সেই দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রতিচ্ছবি।
SC/SD/SKD...
(রিলিজ আইডি: 2259009)
ভিজিটরের কাউন্টার : 6