পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর দোহা, কাতার সফর, ৯-১০ এপ্রিল ২০২৬

প্রকাশিত: 10 APR 2026 2:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১০ এপ্রিল, ২০২৬

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী গত ৯ এপ্রিল বিকেলে দুদিনের সরকারি সফরে দোহায় যান। তিনি কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং ‘কাতারএনার্জি’-র প্রেসিডেন্ট ও সিইও, শ্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠক করেন।

শ্রী পুরী, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সেই সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি-র প্রতি শুভেচ্ছা, সংহতি ও সমর্থনের বার্তা পৌঁছে দেন।

সংঘাত শুরুর পর, ২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী মোদী এবং কাতারের আমিরের মধ্যে দুবার টেলিফোনে কথা হয়। সেই আলাপচারিতার উল্লেখ করে শ্রী পুরী বলেন, উভয় নেতাই সংলাপ ও কূটনীতির মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। কাতারের প্রবাসী ভারতীয় সম্প্রদায়কে কাতার সরকার যে যত্ন ও সহায়তা প্রদান করেছে, তার জন্য প্রধানমন্ত্রী মোদী, আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

উভয় মন্ত্রী উচ্চ-পর্যায়ের যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, নাগরিক সংযোগ সহ দুই দেশের কৌশলগত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার এবং ভারত ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা প্রকাশ করেন।

সাদ শেরিদা আল-কাবি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে ভারতের পাশে থাকার বিষয়ে কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভারতের সঙ্গে জ্বালানি সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

উভয় মন্ত্রী গত ৮ এপ্রিল থেকে শুরু দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানান এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সৃষ্ট বিঘ্ন দ্রুত অবসানের পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারের গুরুত্বের ওপর জোর দেন। এই প্রসঙ্গে, বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল সচল রাখতে জাহাজ-চলাচলের অবাধ স্বাধীনতা এবং বাণিজ্যের প্রবাহ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর তাঁরা গুরুত্ব আরোপ করেন।

শ্রী পুরী কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কাবির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই মন্ত্রী সহমত হন।


SC/SD/SKD


(রিলিজ আইডি: 2250845) ভিজিটরের কাউন্টার : 12