রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেলমন্ত্রী কবচ প্রযুক্তি প্রয়োগের অগ্রগতি পর্যালোচনা করেছেন

প্রকাশিত: 26 MAR 2026 6:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৬

 

রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা স্বয়ংক্রিয় রেল সুরক্ষা ব্যবস্থা – কবচ প্রযুক্তি প্রয়োগের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এই প্রযুক্তিকে দ্রুততার সঙ্গে রেললাইন এবং রেল ইঞ্জিনে ব্যবহার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রেল চলাচলকে আরও দক্ষ করে তুলতে উন্নত প্রযুক্তির প্রয়োগও বৈঠকে স্থান পেয়েছে।

ভারতীয় রেল কবচ প্রযুক্তিতে অত্যাধুনিক উপাদান যুক্ত করেছে। ইউনিভার্সাল ব্রেকিং অ্যালগোরিথম যুক্ত করার পাশাপাশি, সফটওয়্যারের মানোন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ আরও নির্ভুলভাবে করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে রেল ইঞ্জিন, ইন্টারলকিং সিস্টেম এবং রেললাইনের মধ্যে সমন্বয় ঘটানোর কাজ আরও নিখুঁতভাবে সম্পন্ন করা যাবে। ‘সুরক্ষা’ নজরদারি ব্যবস্থার মাধ্যমে কবচ-এর প্রয়োগ এবং এর রক্ষণাবেক্ষণের দিকটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ৩,১০৩ কিলোমিটার পথ এই প্রযুক্তির আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এছাড়াও, যেসব রুটে বেশি ট্রেন চলাচল করে, সেই ধরনের রেলপথ সহ মোট ২৪,৪২৭ কিলোমিটার রেলপথে কবচ বসানো হচ্ছে। কবচ-এর অত্যাধুনিক সংস্করণ – কবচ-৪.০ দিল্লি-হাওড়া এবং দিল্লি-মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ রেলপথে চালু করা হয়েছে। সম্প্রতি ভারতীয় রেল দিল্লি-হাওড়া ব্যস্ত রেলপথের প্রয়াগরাজ-কানপুর শাখার ১৯০ কিলোমিটার পথে কবচ প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। ৭,১০০ কিলোমিটার রেলপথে কবচ বসানোর কাজ চলছে। ১,১৮৩টি টেলিকম টাওয়ার ৮,৯২১ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবলকে কবচ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রেরণে সহায়তা করছে। দেশের ৭৬৭টি রেল স্টেশনে কবচ ডেটা সেন্টার বসানো হয়েছে। ৪,২৭৭টি রেল ইঞ্জিনে এই প্রযুক্তির প্রয়োগ শুরু হয়েছে। খুব শীঘ্রই আরও ৮,৯৭৯টি ইঞ্জিনকে এই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হবে।

আগামী দু’বছরে ভারতীয় রেল ৯,০০০ কিলোমিটার রেলপথকে কবচ প্রযুক্তির আওতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। আগামীদিনে প্রতি বছর ১০,০০০ কিলোমিটার রেলপথে কবচ প্রযুক্তি প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে।


SC/CB/DM


(রিলিজ আইডি: 2245920) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada