তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার সচিব ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি পরিদর্শন করে এর সম্প্রসারণ এবং কন্টেন্ট ক্রিয়েটর ল্যাবের পরিকল্পনা খতিয়ে দেখেছেন
প্রকাশিত:
18 MAR 2026 6:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ ২০২৬
তথ্য ও সম্প্রচার সচিব শ্রী সঞ্জয় জাজু মুম্বাইয়ে এনএফডিসি কমপ্লেক্সে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি –আইআইসিটি পরিদর্শন করে এর বিকাশ ও সম্প্রসারণ পরিকল্পনা পর্যালোচনা করেছেন।
শ্রী জাজুর পৌরোহিত্যে পর্যালোচনা বৈঠকে বোর্ডের সব সদস্য এবং শিল্পমহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কৌশলগত কর্মপরিকল্পনা নিয়ে শ্রী জাজু বিস্তারিত আলোচনা করেন। সৃজনশীল ও ডিজিটাল অর্থনীতির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আইআইসিটি-র পাঠ্যসূচি ও পরিকাঠামো নিয়ে মত বিনিময় হয়। শিল্প ও শিক্ষামহলের বন্ধন জোরদার করার লক্ষ্যে গৃহীত কর্মসূচিও শ্রী জাজু পর্যালোচনা করে দেখেন।
শ্রী জাজু বলেন, আইআইসিটি-র পরিকাঠামো প্রস্তুত, দেড়শো জনের মতো পড়ুয়া ইতিমধ্যেই এখানে শিক্ষা গ্রহণ করছেন। জুলাই মাসের মধ্যে পড়ুয়ার সংখ্যা ৪০০-তে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে ২০টি স্টার্টআপ সরাসরি যোগ দেবে, বহু স্টার্টআপ ভার্চুয়ালি যুক্ত হবে। প্রোডাকশন ও পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে শীর্ষ মানের পরিকাঠামো রয়েছে বলে শ্রী জাজু মন্তব্য করেন। তিনি জানান, বর্তমানে ১১টি স্টার্টআপকে আইআইসিটি-তে ইনকিউবেট করা হচ্ছে। গোরেগাঁও-এর ফিল্ম সিটিতে এই প্রতিষ্ঠানের একটি বৃহত্তম ক্যাম্পাস শীঘ্রই গড়ে উঠবে। ২০২৮ সালের মধ্যে সেখানে ক্লাস শুরু করা যাবে।
শ্রী জাজু জানান, শিল্পমহলের সঙ্গে ভিজ্যুয়াল গেমিং, ভিএফএক্স নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত কন্টেন্ট ক্রিয়েশন ল্যাব নিয়েও তাঁরা কথা বলেছেন। সৃজনশীল অর্থনীতিকে কীভাবে আরও জোরদার করা যায়, তার পন্থা-পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। গতবছর ওয়েভস শীর্ষ সম্মেলনে সৃজনশীল অর্থনীতি সংক্রান্ত উদ্যোগের আওতায় ২০ লক্ষ মানুষকে কন্টেন্ট তৈরি ও সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এই লক্ষ্য অর্জনে কীভাবে এগোনো যায় তা নিয়েও আজকের বৈঠকে কথা হয়েছে।
দেশজুড়ে ১৫ হাজার মাধ্যমিক স্কুল এবং ৫০০টি কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির যে প্রস্তাব রয়েছে, তাই নিয়ে আজ বিশেষভাবে আলোচনা হয়। এই উদ্যোগ ডিজিটাল সৃজনশীলতার প্রসার ঘটাবে, গণমাধ্যম সাক্ষরতা বাড়াবে এবং সৃজনশীল অর্থনীতিতে যেসব সম্ভাবনা রয়েছে তার পূর্ণ সদ্ব্যবহারে পড়ুয়াদের জন্য সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরিতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
শ্রী জাজু প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচি ও পরিকাঠামো খতিয়ে দেখেন, ঘুরে দেখেন উদ্ভাবন হাবগুলি। বোর্ডের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
এই প্রতিষ্ঠানে বর্তমানে অ্যানিমেশন, গেমিং, পোস্ট প্রোডাকশন ও এক্সটেন্ডেড রিয়েলিটি সম্পর্কিত ১৮টি বিশেষ কোর্স করানো হয়। এর মধ্যে গেমিং-এ ৬টি, পোস্ট প্রোডাকশনে ৪টি এবং অ্যানিমেশন, কমিক্স ও এক্সআর-এ ৮টি কোর্স রয়েছে।
এছাড়া আইআইসিটি থ্রিডি ক্যারেক্টার ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, সিনেমাটিক ভার্চুয়াল রিয়েলিটি ফিল্ম মেকিং, ই-স্পোর্টস ম্যানেজমেন্ট এবং চলচ্চিত্রে এআই-এর ব্যবহার নিয়ে ৩ থেকে ৬ মাসের স্বল্প মেয়াদি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করায়।
তথ্য ও সম্প্রচার সচিব আজ ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমাও পরিদর্শন করেন। সেখানে যাওয়া স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি।
SC/SD/AS
(রিলিজ আইডি: 2242438)
ভিজিটরের কাউন্টার : 3