প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

তামিলনাডুর তিরুচিরাপল্লিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ

প্রকাশিত: 11 MAR 2026 6:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৬ 

 

শ্রী পীযূষ গোয়াল, ডঃ এল. মুরুগান, শ্রী ইদাপ্পাদি কে. পালানিস্বামী, শ্রী নাইনার নগেন্দ্রন, শ্রী থাঙ্গাম তেন্নারাসু, আমার তামিল ভাই ও বোনেরা, ভানাক্কাম!

বন্ধুগণ, 

এই অসাধারণ তিরুচি শহরে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 
আজকের এই অনুষ্ঠান তামিলনাড়ুর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ৫ হাজার ৬০০ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পগুলি হল: পরিচ্ছন্ন জ্বালানীর জন্য পরিকাঠামো, পেট্রোলিয়াম-সম্পর্কিত উৎপাদন, মহাসড়ক, রেলপথ এবং গ্রামীণ সড়ক। এগুলি তামিলনাড়ুর যুবকদের জন্য জ্বালানী সুবিধা, সংযোগ বৃদ্ধি করবে এবং হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

বন্ধুগণ,

আমি আনন্দিত যে, ভারত পেট্রোলিয়ামের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এই নেটওয়ার্কটি তামিলনাড়ুর নীলগিরি এবং ইরোড জেলা জুড়ে বিস্তৃত। প্রায় ৯ লক্ষ পরিবার এবং শত শত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে পাইপযুক্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। পাইপযুক্ত গ্যাস সরাসরি বাড়িতে পৌঁছনোর ফলে জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। প্রাকৃতিক গ্যাস একটি পরিবেশ-বান্ধব জ্বালানী, বায়ু দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাকে বলা হয়েছে যে, মাত্র আট বছরে এই প্রকল্পের ইতিবাচক পরিবেশগত প্রভাব চার কোটি গাছ লাগানোর সমতুল!

বন্ধুগণ,

আজ, চেন্নাইতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ল্যুব ব্লেন্ডিং প্ল্যান্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হ’ল। আপনারা জেনে গর্বিত হবেন যে, এটি বিশ্বের অন্যতম বৃহৎ। এই প্ল্যান্টটি তামিলনাড়ু এবং তার বাইরেও অনেক গুরুত্বপূর্ণ শিল্পের চাহিদা পূরণ করবে। ল্যুব্রিকেন্টের স্থানীয় উৎপাদন বৃদ্ধিতে আমদানী হ্রাস পাবে, ফলে অর্থ সাশ্রয় হবে।

বন্ধুগণ, 

আজ, আমরা ৩৭০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ রাস্তার উদ্বোধন করেছি। এই কাজটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাধীন। এই প্রতিটি রাস্তা কেবল বাহ্যিক পরিকাঠামোর একটি অংশ নয়। রোগীরা উন্নত স্বাস্থ্য পরিষেবাও পাবেন। ছাত্রছাত্রীরা স্বাচ্ছন্দ্যে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে। কৃষকরা পণ্য বিক্রি করতে বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে সহজে যাতায়াত করতে পারবেন। সামগ্রিকভাবে, প্রতিটি রাস্তা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটাবে এবং জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাবে।

বন্ধুগণ,

গত বছর, আদি তিরুবতীরাই উৎসবে গঙ্গাইকোন্ডা চোলাপুরমে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। আমরা সম্রাট রাজেন্দ্র চোল নির্মিত বিশাল মন্দির নির্মাণের হাজার বছর উদযাপন করেছি। এটি একটি ইউনেস্কো স্বীকৃত স্থান, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আজ, আমরা সেখানে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি। মহাসড়কটি মন্দিরের খুব কাছ দিয়ে যাবে। ফলে, তীর্থযাত্রী এবং পর্যটকদের সুবিধা হবে। 

বন্ধুগণ,

গত সপ্তাহেই, মাদুরাই থেকে, আমরা অমৃত ভারত কর্মসূচির আওতায় আটটি আধুনিক এবং পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করেছি। আজ, বেশ কয়েকটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। এগুলি নাগেরকয়েল, কোয়েম্বাটোর, রামেশ্বরম, তিরুনেলভেলি, মায়িলাদুথুরাই, কারাইক্কুডির মতো স্থানগুলিকে অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত করবে। এই নতুন ট্রেন পরিষেবা পর্যটনের প্রসার ঘটাবে, স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং যুবকদের জন্য প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে। আমাদের লক্ষ্য - উন্নত ভারতের জন্য উন্নত তামিলনাড়ু তৈরি করা। কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাজ্যের অগ্রগতির জন্য দিনরাত কাজ করছি। এই কাজ আমরা চালিয়ে যাব।

 

নন্দ্রি

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2238780) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam