রাষ্ট্রপতিরসচিবালয়
আর্থিক বিনিয়োগ এবং অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল সুরক্ষা : রাষ্ট্রপতি
প্রকাশিত:
23 DEC 2025 1:45PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ‘জনমুখী জাতীয় সুরক্ষা: বিকশিত ভারত নির্মাণে সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখেন।
আইবি-র শতবর্ষ উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় শ্রীমতী মুর্মু বলেন, দেশবাসীর সুরক্ষা এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আইবি। তিনি বলেন, আমাদের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা তুলে ধরা হয়েছে। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সংবাদ মাধ্যম, নাগরিক সমাজের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন এবং অন্যদের এইসব কর্তব্য সম্পর্কে প্রচার করা উচিত। দেশের সুরক্ষার ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের কথা স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে ‘জন ভাগীদারি’-র কথা উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশের পুলিশ এবং অভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে মানুষের প্রতি সেবার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। শ্রীমতী মুর্মু বলেন, নিরাপত্তার ক্ষেত্রে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা প্রভৃতি আমাদের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে সাইবার অপরাধ বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রীমতী মুর্মু বলেন, ‘সমৃদ্ধ ভারত’ নির্মাণের ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় হল ‘সুরক্ষিত ভারত’ গড়ে তোলা।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশ থেকে অতিবাম উগ্রপন্থা বিলুপ্তির পথে। এক্ষেত্রে আদিবাসী এবং প্রত্যন্ত এলাকাগুলিতে আর্থ সামাজিক অন্তর্ভুক্তির বিশেষ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, নাগরিক কল্যাণ এবং আমাদের কৌশলগত ক্ষেত্রে মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের নাগরিকদের ক্ষমতায়ন করতে পারি। মানুষের অংশগ্রহণের মাধ্যমে সদা সতর্ক, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং সমৃদ্ধ ভারতের পথে দেশ দ্রুত এগিয়ে চলেছে বলে মত প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতির বক্তব্যের পুরো অংশ এই লিঙ্কে দেখুন
Please click here to see the President's Speech-
SC/MP/CS
(রিলিজ আইডি: 2207812)
ভিজিটরের কাউন্টার : 34