গোয়া, ২৮ নভেম্বর, ২০২৬
ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ২০২৬-এর ‘সেরা ওয়েব সিরিজ (ওটিটি)’ পুরস্কারের জুরি বোর্ডের সদস্যরা—চেয়ারম্যান জেডি মাজেঠিয়া এবং সদস্য কৃষ্ণা হেব্বালে, শৈলেন্দ্র ঝা ও গরিমা ওয়াহাল—ওটিটি প্ল্যাটফর্মে গল্প বলার পদ্ধতির বিবর্তন, দর্শকদের পরিবর্তিত পছন্দ এবং সৃজনশীল প্রতিভাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যে নতুন সুযোগ তৈরি করে দিয়েছে, সে বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
বিনোদন শিল্পের বিকাশ প্রসঙ্গে জুরি চেয়ারম্যান জেডি মাজেঠিয়া বলেন, ইন্টারনেট সুবিধা ও ওটিটি প্ল্যাটফর্মের প্রসারের ফলে দর্শকরা এখন বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলের কনটেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, যা গল্প বলার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি গোয়া এবং IFFI-কে এমন একটি মঞ্চ হিসেবে অভিহিত করেন, যা ভারতের বিনোদন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম।
ওটিটি পুরস্কারের জন্য ওয়েব সিরিজ মূল্যায়নের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে মাজেঠিয়া জানান, জুরির প্রতিটি সদস্য এই প্রক্রিয়ায় নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেছেন। মূল্যায়নের ক্ষেত্রে গল্পের বুনন, চরিত্রায়ন, অভিনয়, নির্মাণশৈলী এবং কোনো সিরিজ দর্শকের মনে কতটা গভীর ছাপ ফেলতে পেরেছে—সে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে একাধিক প্রধান চরিত্রের সমন্বয়ে গঠিত ‘এনসেম্বল কাস্ট’ এবং চরিত্র-কেন্দ্রিক গল্পের জনপ্রিয়তা বাড়ছে। তিনি আরও বলেন, ওয়েব সিরিজের দীর্ঘ ফরম্যাট গল্প ও চরিত্রগুলোকে বিস্তারিতভাবে গড়ে তোলার ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা দেয়। এছাড়া, তিনি লক্ষ্য করেন যে, কোভিড-১৯ মহামারি ওটিটি ক্ষেত্রটির বিকাশে গতি সঞ্চার করেছিল।
জুরি সদস্য কৃষ্ণা হেব্বালে ওয়েব সিরিজের চিত্রনাট্যের মান ক্রমাগত উন্নত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, কোনো গল্পের কাহিনি যদি দর্শকদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হয়, তবে তারা খুব সহজেই অন্য কোনো শো-এর দিকে ঝুঁকে পড়তে পারেন। ওয়েব সিরিজে অভিনয়কে টেস্ট ক্রিকেট খেলার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই ফরম্যাটে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক দক্ষতার প্রয়োজন হয়, পাশাপাশি এটি অভিনেতাদের নিজেদের চরিত্রগুলোকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলার সুযোগ করে দেয়।
শৈলেন্দ্র ঝা বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলো এমন সব সৃজনশীল মানুষের জন্য নতুন পথ খুলে দিয়েছে, যারা হয়তো প্রচলিত বিনোদন শিল্পে সুযোগ পেতেন না। তিনি এই ফরম্যাটে একাধিক বিবর্তনশীল চরিত্রের ওপর গুরুত্ব আরোপ করেন; দর্শকরা এসব চরিত্রের যাত্রার সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরবর্তী ঘটনাপ্রবাহ জানার জন্য উৎসুক হয়ে ওঠেন। এছাড়া তিনি উল্লেখ করেন যে, সাবটাইটেল ভাষার বাধা দূর করতে সাহায্য করছে, যার ফলে দর্শকরা বিভিন্ন ভাষাগত পটভূমির গল্পগুলো খুঁজে পাওয়ার সুযোগ পাচ্ছেন।
জুরি সদস্য গরিমা ওয়াহাল মন্তব্য করেছেন যে, ওয়েব সিরিজগুলো বিভিন্ন ধরনের গল্প, আবেগ এবং সৃজনশীল প্রতিভার মাধ্যমে দর্শকদের সামনে ভারতের বৈচিত্র্যময় রূপ তুলে ধরার একটি সুযোগ করে দেয়। এই অভিজ্ঞতাকে বই পড়ার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই মাধ্যমটি দর্শকদের সঙ্গে আরও নিবিড় সংযোগ স্থাপনে সহায়ক। তিনি আরও যোগ করেন যে, বিভিন্ন ঘরানার জনপ্রিয়তা বৃদ্ধি এবং পুরো গল্প একসঙ্গে দেখে ফেলার (বিঞ্জ- ওয়াচিং) সুবিধা বিনোদনের পরিধিকে প্রসারিত করেছে এবং নতুন প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করেছে।
জুরি সদস্যরা ওটিটি প্ল্যাটফর্মগুলোর ভূমিকার ওপর জোর দেন; যা নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষাকে উৎসাহিত করে, সৃজনশীল সুযোগের পরিধি বাড়ায় এবং সারা দেশের দর্শকদের কাছে বৈচিত্র্যময় গল্প ও কণ্ঠস্বর পৌঁছে দেয়।
৫৭তম IFFI -তে আয়োজিত এই আলোচনাটি গল্প বলার বিভিন্ন ধরনকে উদ্যাপন করে এবং চলচ্চিত্র ও বিনোদন জগতের পরিবর্তনশীল প্রেক্ষাপটকে স্বীকৃতি দিয়ে উৎসবটির বৃহত্তর দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে । পুরো শিল্পাঙ্গনের বিভিন্ন কণ্ঠস্বরকে একত্রিত করার মাধ্যমে, IFFI নতুন মাধ্যম, বিবর্তনকারী সৃজনশীল চর্চা এবং ভারতের অডিও-ভিস্যুয়াল ক্ষেত্রের ভবিষ্যৎ গঠনকারী সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করে চলেছে।
সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন শ্রী মহেশ কুমার।
পড়ুন IFFILOID -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/SB/AS