57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

‘হনুমান অংশ’ নিম করোলি বাবার আধ্যাত্মিক জীবনযাত্রার অন্বেষণ, দর্শকদের আত্মানুসন্ধানে উদ্বুদ্ধ করে

প্রকাশিত: 28 NOV 2026 3:22PMby PIB Kolkataরিলিজ আইডি: 2343173Views: 10

গোয়া, ২৮ নভেম্বর,২০২৬

 

জীবনের সবচেয়ে জটিল প্রশ্নগুলির উত্তর যদি আমাদের চারপাশের অতি সাধারণ বিষয়গুলির মধ্যেই নিহিত থাকে, তাহলে কেমন হয়? নিম করোলি বাবার আধ্যাত্মিক জীবনযাত্রার মধ্য দিয়ে এই ভাবনাকেই তুলে ধরেছে ‘হনুমান অংশ’। ২০২৬ সালের ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে প্রদর্শিত এই চলচ্চিত্র দর্শকদের কিছুক্ষণের জন্যে থামতে, ভাবতে এবং নিজেদের অন্তরের দিকে ফিরে তাকাতে আহ্বান জানায়।

 

ডঃ বিশাল চতুর্বেদী পরিচালিত এই চলচ্চিত্রে বর্তমান উত্তরপ্রদেশের একটি গ্রামে জন্মগ্রহণকারী লক্ষ্মীনারায়ণের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। জীবন, মৃত্যু এবং মানুষের দুঃখ-দুর্দশার প্রকৃত অর্থের অনুসন্ধান ধীরে ধীরে তাঁকে এমন এক আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়, যা পরবর্তীকালে অগণিত মানুষের জীবনকে স্পর্শ করে।

 

 পিআইবি-র উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ ছবির পরিচালক ডঃ বিশাল চতুর্বেদী চলচ্চিত্রটির প্রেরণা এবং নির্মাণের নেপথ্যে থাকা সৃজনশীল দর্শন সম্পর্কে জানান। আরও জানার ও অন্বেষণের জন্য তাঁকে উৎসাহিত করার কৃতিত্ব তিনি তাঁর মাকে দিয়ে বলেন, এই চলচ্চিত্র দর্শকদের নিজেদের অন্তরের দিকে ফিরে তাকানোর এক আহ্বান। ডঃ চতুর্বেদী চলচ্চিত্রের কাহিনি ও বাস্তব জীবনের অভিজ্ঞতার মধ্যে ব্যবধান দূর করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন। তাঁর মতে, দর্শকদের সঙ্গে সহজ ও আকর্ষণীয়ভাবে সংযোগ স্থাপন করতে হলে কোনও কাহিনিকে অবশ্যই বাস্তব জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে তুলতে হবে।

চলচ্চিত্রটির নির্মাণ সম্পর্কে বলতে গিয়ে ডঃ চতুর্বেদী জানান, একটি মাঝারি বাজেটের হিন্দি চলচ্চিত্র নির্মাণে সাধারণত যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এই ছবিটি নির্মাণে তার প্রায় এক-দশমাংশ অর্থ ব্যয় হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, সারল্য ও ন্যূনতম উপকরণ ব্যবহারের নীতির ওপর ভিত্তি করেই ছবিটি নির্মিত হয়েছে, যা ছবিটিতে তুলে ধরা আধ্যাত্মিক যাত্রার মর্মকথাকেই প্রতিফলিত করে। জীবনকে সরল করে তোলা এবং অপ্রয়োজনীয় জটিলতা থেকে দূরে থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ডঃ বিশাল বলেন, সহজ সমাধানগুলি প্রায়শই আমাদের একেবারে কাছেই থাকে, কিন্তু আধুনিক জীবনের নানা জটিলতার মধ্যে নজর এড়িয়ে যায়।

 

পরিচালক সংগীত ও অভিনয়শিল্পীদের উপস্থাপনা সম্পর্কে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি সৃজনশীল প্রতিভা বিকাশের জন্য উপযুক্ত সুযোগ করে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। চলচ্চিত্রে ব্যবহৃত সংগীতের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংযোগের কথা উল্লেখ করে ডঃ চতুর্বেদী জানান, গায়কদের অনেক আগেই চিহ্নিত করা হয়েছিল। তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া এবং চলচ্চিত্রের সৃজনশীল যাত্রায় অর্থবহ অবদান রাখার সুযোগ দেওয়াই ছিল এর উদ্দেশ্য।

 

অভিনেতাদের ক্ষেত্রেও তিনি তাঁদের নিজস্ব দক্ষতা ও প্রতিভা বিকাশের জন্য বিস্তৃত সৃজনশীল পরিসর দিতে চেয়েছেন। তাঁর বিশ্বাস, একজন চলচ্চিত্র পরিচালকের ভূমিকা হওয়া উচিত অভিনেতাকে নির্দেশ দেওয়া নয়, কেবল তাঁর প্রতিভাকে নির্দিষ্ট পথে পরিচালিত করা।

 

সংগীত রচনা সম্পর্কে চতুর্বেদী জানান, পার্বতী গানটির সংগীত মূলত তার প্রাথমিক খসড়া সংস্করণেই রাখা হয়েছিল এবং তাতে সামান্য কিছু পরিবর্তন করা হয়। এর ফলে সংগীতশিল্পীর কণ্ঠস্বর ও অভিব্যক্তি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে।

 

তিনি আরও জানান, ছবির একটি গান একাদশ শতাব্দীর নাথযোগী গোরক্ষনাথের দোঁহা থেকে অনুপ্রাণিত। এর মধ্যে দিয়ে চলচ্চিত্রের আধ্যাত্মিক ভাবধারার সঙ্গে ভারতের সমৃদ্ধ দার্শনিক ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। নিজের জীবনকে পরিচালিত করে এমন শিক্ষার প্রসঙ্গে চতুর্বেদী ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণীর উল্লেখ করেন। তিনি ফলের প্রতি আসক্ত না হয়ে কর্ম করে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেন।

 

চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের একটি আকর্ষণীয় অভিজ্ঞতার কথা জানিয়ে পরিচালক বলেন, চিত্রকূটে যে ঘরে নিম করোলি বাবাকে সকলের সঙ্গে আহার ভাগ করে নিতে দেখা যায়, সেটি আসলে সেই ঘর, যেখানে মহারাজজি নিজে থাকতেন। ফলে ওই স্থানে চলচ্চিত্রের শুটিংয়ের অভিজ্ঞতা তাঁদের কাছে হয়ে উঠেছিল একান্তই বিশেষ এবং গভীরভাবে ব্যক্তিগত।

 

‘হনুমান অংশ’ একটি ট্রিলজির প্রথম পর্ব। এই চলচ্চিত্রমালায় উত্তর ভারত জুড়ে লক্ষ্মীনারায়ণের জীবনযাত্রার কাহিনি তুলে ধরা হয়েছে। সাধুসন্ত এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর বিভিন্ন সাক্ষাৎ ও অভিজ্ঞতা জীবন এবং আধ্যাত্মিকতা সম্পর্কে তাঁর উপলব্ধিকে সমৃদ্ধ করে তোলে। নিম করোলি গ্রামের কাছে এক রহস্যময় সাক্ষাতের সূত্র ধরেই তাঁর নাম হয় নিম করোলি বাবা। চলচ্চিত্রে তাঁর এই ক্রমবিকাশের কাহিনি তুলে ধরা হয়েছে—কীভাবে তিনি এক শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বে পরিণত হন, যাঁর শিক্ষা ও আদর্শ পরবর্তীকালে স্টিভ জোবস, মার্ক জাকারবার্গ এবং জুলিয়া রবার্টস-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে অনুপ্রাণিত করেছে।

 

কাহিনি উপস্থাপনা এবং আত্মানুসন্ধানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ‘হনুমান অংশ’ দর্শকদের এই বার্তা দিতে চায় যে, বিশ্বজগৎকে উপলব্ধি করার যাত্রা প্রায়শ:ই নিজের সত্তাকে জানার মধ্য দিয়েই শুরু হয়।

 

কুলদীপ মীনা এই সাংবাদিক সম্মেলনটি সঞ্চালনা করেন।

 

SC.......


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2343173
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026