57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

ইফি ২০২৬-এ ‘ভার্চুয়াল ভারত’ ভারতের বৈচিত্র্যময় গল্প বলার ঐতিহ্য এবং ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক শক্তিকে তুলে ধরবে

প্রকাশিত: 27 NOV 2026 6:27PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342986Views: 8

গোয়া, ২৭ নভেম্বর, ২০২৬

 

আজ ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) ‘ভার্চুয়াল ভারত’ বিষয়ক একটি আলোচনায় ভারতের বৈচিত্র্যময় গল্প বলার ঐতিহ্য, সৃজনশীল স্বাধীনতা এবং চলচ্চিত্রের ক্রমপরিবর্তনশীল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়। এই অধিবেশনে অংশ নেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ভারত বালা এবং বর্তমানে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উপাচার্য এবং ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন -এর ব্যবস্থাপনা পরিচালক ধীরাজ সিং । অভিনেত্রী, প্রযোজক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাণী ত্রিপাঠী টিকু এই অধিবেশনের সঞ্চালনা করেন।

 

 প্রাণবন্ত আলোচনাটিতে তৃণমূল পর্যায়ের খাঁটি আখ্যানগুলোর গুরুত্ব এবং আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়টি উঠে আসে। বাণী ত্রিপাঠী টিকু তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি পুরো আলোচনাটিকে গভীরতা ও সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।

 

‘চলচ্চিত্র নির্মাতাদের প্রথমে নিজেদের দেশের ভেতরের গল্পগুলোকে শনাক্ত করতে হবে এবং সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে’

 

নিজের সৃজনশীল দর্শন সম্পর্কে বলতে গিয়ে ভারত বালা জানান, তিনি মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, কিংবা ফিকশন ও নন-ফিকশনের মধ্যে কোনো পার্থক্য করেন না। তাঁর মতে, যেকোনো মাধ্যমেই গল্প বলা এবং সৃজনশীল প্রকাশই হলো মূল বিষয়।

 

গত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, কীভাবে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্যামেরা নিয়ে পৌঁছেছেন, সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাঁদের আস্থা অর্জন করেছেন এবং তাঁদের নিজেদের গল্প তুলে ধরার জন্য একটি মঞ্চ তৈরি করে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, চলচ্চিত্র নির্মাণের মূল নির্যাস হলো মানুষের প্রকৃত অভিজ্ঞতাকে ধারণ করা - পূর্বনির্ধারিত কোনো আখ্যান চাপিয়ে দেওয়া নয়।

 

‘ভার্চুয়াল ভারত’ উদ্যোগটির কথা তুলে ধরেন তিনি - যেখানে একটি ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্মে ১৪৩টি চলচ্চিত্র একত্রিত করা হয়েছে। ভারত বালা বলেন, ভারতের অসাধারণ সাংস্কৃতিক ও ভৌগোলিক বৈচিত্র্য হলো অকথিত গল্পের এক বিশাল উৎস। তিনি মনে করেন, বিশ্বমঞ্চে অর্থবহ উপস্থিতি গড়ে তোলার আগে চলচ্চিত্র নির্মাতাদের অবশ্যই নিজেদের দেশের ভেতরের গল্পগুলোকে চিনতে হবে এবং সেগুলোকে সামনে নিয়ে আসতে হবে। তিনি মন্তব্য করেন, “ভারতই হলো নতুন বৈশ্বিক বাস্তবতা।” তাঁর মতে, ভারতের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা খাঁটি আখ্যানগুলো বিশ্বের যেকোনো প্রান্তের দর্শকদের হৃদয় স্পর্শ করতে সক্ষম।

 

*‘শিল্পগত প্রকাশ তার শক্তি আহরণ করে মানবিক অভিজ্ঞতা থেকে’*

 

ধীরাজ সিং উল্লেখ করেন যে, ভারতে বিশাল সংখ্যক দর্শক রয়েছে এবং রয়েছে গল্পের এক অসাধারণ ভাণ্ডার । তিনি বিশ্বমঞ্চে গল্প বলার ক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় সিনেমার উচিত বাইরের দৃষ্টিভঙ্গি বা প্রভাবের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নিজস্ব সাংস্কৃতিক চেতনার উৎস থেকে রসদ সংগ্রহ করা। সিনেমা, শিল্পকলা ও বাস্তবতার পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি মন্তব্য করেন যে, শিল্পগত প্রকাশ তার শক্তি আহরণ করে মানবিক অভিজ্ঞতা থেকে এবং শেষ পর্যন্ত তা নিজের একটি স্বতন্ত্র জগৎ তৈরি করে।

 

শ্রী সিং বলেন, চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য কেবল সিনেমা প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর মতে, এই উৎসবগুলো দর্শকদের সিনেমার বৃহত্তর জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, চলচ্চিত্রের প্রতি গভীর বোধ তৈরি করে এবং উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের শেখার, একে অপরের সঙ্গে মতবিনিময়ের ও নিজেদের কাজ তুলে ধরার সুযোগ করে দেয়। তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং অরুণাচল প্রদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-এর শিক্ষার্থীদের মতো তরুণ প্রতিভাদের যুক্ত করার ক্ষেত্রে IFFIর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা অর্জন, সৃজনশীল সুযোগ পাওয়া এবং চলচ্চিত্র সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার একটি মঞ্চ প্রদান করা চলচ্চিত্র শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক।

 

আলোচনায় সৃজনশীল শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব নিয়েও কথা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা সৃজনশীল পেশাজীবীদের জায়গা নিয়ে নেবে - এমন আশঙ্কার জবাবে শ্রী সিং বলেন, আতঙ্কিত না হয়ে বরং প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে নির্মাতাদের সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে, মানুষের সৃজনশীলতা ও শিল্পগত প্রকাশকে কখনোই প্রতিস্থাপন করা সম্ভব নয়, কারণ শিল্প শেষ পর্যন্ত মানুষের কল্পনাশক্তি ও অভিজ্ঞতা থেকেই জন্ম নেয়।

 

ভারত বালা কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি ক্রমবিকাশমান প্রযুক্তি হিসেবে স্বাগত জানান, যা সৃজনশীলতার পরিধি বাড়াতে পারে এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য নতুন নতুন পথ খুলে দিতে পারে। তবে তিনি মনে করেন, গল্প বলার মূল ভিত্তি সবসময়ই মানুষের সৃজনশীলতা ও মৌলিকতার মধ্যেই নিহিত থাকে। তাঁর মতে, প্রযুক্তিগত অগ্রগতি নির্মাতাদের আরও উদ্ভাবনী হতে এবং মৌলিক গল্প বলার সীমানাকে আরও প্রসারিত করতে উৎসাহিত করবে।

 

আলোচনায় ভার্চুয়াল ভারত-এর মতো প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান গুরুত্বের ওপর আলোকপাত করা হয়, যা ভারতের বৈচিত্র্যময় ও খাঁটি গল্পগুলোকে সামনে নিয়ে আসছে। একই সঙ্গে, প্রতিভা বিকাশে, সৃজনশীল আদান-প্রদানকে উৎসাহিত করতে এবং বিশ্ব চলচ্চিত্র মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে চলচ্চিত্র উৎসবগুলোর ভূমিকার ওপরও পুনরায় জোর দেওয়া হয়।

 

এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি দেখুন - 

 https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

 

SC/SB/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342986
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026