গোয়া, ২৭ নভেম্বর,২০২৬
একটি গ্রাম ক্রিকেট খেলায় এক সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তিন বন্ধু বন্ধুত্ব, হৃদয়ভাঙার যন্ত্রণা এবং বড় হয়ে ওঠার অনিশ্চয়তার মধ্য দিয়ে নিজেদের পথ খুঁজে নেয়। আর এক চলচ্চিত্র নির্মাতা তাঁর ক্যামেরার লেন্স ঘুরিয়ে ধরেন নারীদের জীবন এবং সমাজে প্রায়শই উপেক্ষা করা হয় যে বাস্তবতাগুলিকে সেইদিকে। ব্যতিক্রমী কাহিনিনির্ভর এই তিনটি চলচ্চিত্রের হাত ধরে ২০০১ সাল হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম স্মরণীয় বছর হয়ে ওঠে।
লগান, দিল চাহতা হ্যায় এবং চাঁদনি বার শুধু দর্শকদের মনোরঞ্জনই করেনি; প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছে, নতুন দিগন্তের উন্মোচন করেছে এবং চলচ্চিত্র নিয়ে আলোচনার ধারাকেই বদলে দিয়েছে। লগান বিদ্রোহের চেতনাকে উদযাপন করেছে, দিল চাহতা হ্যায় একটি প্রজন্মের মনোভাব ও জীবনবোধকে তুলে ধরেছে এবং চাঁদনি বার সমাজের আড়ালে থেকে যাওয়া নারীদের জীবন ও তাঁদের বাস্তবতার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
২৫ বছর পর এই কালজয়ী চলচ্চিত্রগুলির নেপথ্যের সৃজনশীল ব্যতিক্রমী ব্যক্তিত্ব—আশুতোষ গোয়ারিকর, ফারহান আখতার এবং মধুর ভান্ডারকর—গোয়ায় অনুষ্ঠিত ভারতের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI) পুনরায় একত্রিত হন। ‘The Legendary 25s’ শীর্ষক এই বিশেষ অধিবেশনে এমন সব চলচ্চিত্রকে উদযাপন করা হয়, যেগুলি প্রচলিত ছক ভেঙে নতুন পথ দেখানোর সাহস দেখিয়েছিল এবং সেইসব স্রষ্টাকে সম্মান জানানো হয়, যাঁরা নিজেদের স্বতন্ত্র পথ বেছে নিয়েছিলেন।
*“কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চলচ্চিত্র নির্মাণের ধরন বদলে দিতে পারে, কিন্তু মানুষের আত্মাকে প্রতিস্থাপন করতে পারে না”*
সমাজের প্রতিচ্ছবি হিসেবে চলচ্চিত্রের ভূমিকার কথা তুলে ধরে চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর বাস্তব জীবন থেকে উঠে আসা কাহিনি বলার প্রতি তাঁর অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে, যে কাহিনিগুলি এতদিন অনালোচিত থেকেছে এবং যে বাস্তবতাগুলি উপেক্ষিত হয়েছে, সেগুলিকে সমাজের সামনে তুলে ধরতেই তিনি আগ্রহী বলে জানান।
এক সময় চলচ্চিত্র জগৎ যখন নারীদের নিয়ে প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী উপস্থাপনাকে সহজে গ্রহণ করতে দ্বিধাগ্রস্ত ছিল, সেই সময় নারীপ্রধান বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তাঁকে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল, সে কথাও স্মরণ করেন তিনি। চাঁদনি বার, কর্পোরেট এবং ফ্যাশন-এর মতো চলচ্চিত্র কীভাবে নারীদের বহুমাত্রিক ব্যক্তিত্ব, দুর্বলতা এবং শক্তিকে তুলে ধরার তাঁর দৃঢ় বিশ্বাস থেকে নির্মিত হয়েছিল, তা-ও তিনি ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “আমি সবসময় এমন বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি, যে বিষয়গুলি নিয়ে মানুষ কথা বলতে বা এমনকি অনুসন্ধান করতেও দ্বিধা বোধ করেন। পর্দার আড়ালে থাকা কাহিনি এবং জনসমক্ষে সচরাচর উঠে আসে না এমন বাস্তবতাগুলি আমাকে আকৃষ্ট করে। আমার কাছে চলচ্চিত্র বরাবরই সমাজের দর্পণ। আমি আদর্শায়িত কাল্পনিক জীবন তুলে ধরার পরিবর্তে বাস্তব জীবনকে অনুসন্ধান করতেই বেশি আগ্রহী।”
সৃজনশীল সাহসিকতা ও আত্মবিশ্বাসের গুরুত্বের ওপর জোর দিয়ে ভান্ডারকর চলচ্চিত্র নির্মাতাদের আহ্বান জানান, শিল্পজগতের প্রচলিত প্রবণতা কিংবা দর্শকদের প্রত্যাশার দ্বারা প্রভাবিত না হয়ে তাঁরা যেন নিজেদের বিশ্বাসযোগ্য কাহিনির প্রতি অবিচল থাকেন।
চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা নিয়েও তিনি মত প্রকাশ করেন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভিজ্যুয়াল এফেক্টস দৃশ্যনির্ভর গল্প বলার ক্ষেত্রে নতুন ও আকর্ষণীয় দিগন্ত উন্মোচন করতে পারে। তবে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, চলচ্চিত্রের আবেগময় গভীরতা যে মানবিক উপাদানের ওপর নির্ভরশীল, প্রযুক্তি কখনোই তার বিকল্প হতে পারে না।
তিনি আরও বলেন, “এআই এবং ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) নিঃসন্দেহে দৃশ্যগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারে এবং চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাকে প্রসারিত করতে পারে। কিন্তু এগুলি কখনোই মানবিক স্পর্শের বিকল্প হতে পারে না। প্রযুক্তি ছবি তৈরি করতে পারে, কিন্তু মানুষের আবেগ, সংবেদনশীলতা এবং সেই আবেগের সংযোগকে পুনর্নির্মাণ করতে পারে না, যা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে।”
*“প্রতিটি চলচ্চিত্রই শূন্য থেকে নতুন করে শুরু করার মতো। অভিনয়ের জাদু লুকিয়ে থাকে কথার মাঝের নীরবতায়”*
নিজের সৃজনশীল যাত্রার কথা স্মরণ করে আশুতোষ গোয়ারিকর প্রতিটি নতুন চলচ্চিত্রকে ‘শূন্য থেকে নতুন করে শুরু’ করার সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, এর জন্য প্রয়োজন নতুন দৃষ্টিভঙ্গি, উন্মুক্ত মন এবং গল্প বলার শিল্পকে নতুন করে আবিষ্কার করার মানসিকতা।
প্রচলিত ধারার বাইরে নির্মিত চলচ্চিত্রগুলির সামনে থাকা চ্যালেঞ্জগুলির কথা তুলে ধরে তিনি বলেন, “নতুন, ভিন্নধর্মী কিংবা প্রচলিত ধারার বাইরে যে কোনও বিষয়ের জন্য নিজস্ব দর্শক খুঁজে পেতে আরও বেশি সময়ের প্রয়োজন হয়। কোনও চলচ্চিত্রের বিচার শুধুমাত্র মুক্তির প্রথম সপ্তাহান্তের সাফল্যের নিরিখে করা উচিত নয়।”
অভিনয়শিল্পের নানা দিক সম্পর্কে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, একটি চরিত্রকে জীবন্ত করে তুলতে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা, অভিব্যক্তি এবং সংলাপের মাঝে বিরতির বিশেষ গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, “আমার কাছে প্রকৃত অভিনয়ের সার্থকতা প্রকাশ পায় সংলাপের মধ্যবর্তী বিরতিগুলিতে। মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা একজন অভিনেতার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। কোনও সংকেত বা সংলাপ শোনার পর একজন অভিনেতা কীভাবে তা গ্রহণ করেন এবং প্রতিক্রিয়া জানান, সেটিও সমান গুরুত্বপূর্ণ।”
দর্শকরা কী চান, তা আগাম অনুমান না করে চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের কাহিনির ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দর্শকদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে চলচ্চিত্রের ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার গুরুত্বের ওপরও জোর দেন।
*“নির্ভয়ে নিজের গল্প বলুন। অহংবোধকে দরজার বাইরে রেখে আসুন”*
মৌলিকতা ও সৃজনশীল সাহসিকতার পক্ষে সওয়াল করে ফারহান আখতার নবীন চলচ্চিত্র নির্মাতাদের নিজেদের অন্তরের উপলব্ধির ওপর আস্থা রাখতে এবং নিজস্ব দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় এমন কাহিনি তুলে ধরার আহ্বান জানান।
প্রচলিত চিন্তাধারা থেকে বেরিয়ে আসার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, “একজন পরিচালক বা চিত্রনাট্যকারের হৃদয় ও মন সর্বদা উন্মুক্ত রাখা উচিত এবং নিজের অহংবোধকে দূরে সরিয়ে রাখা উচিত। নির্ভীক হোন, নিজের দৃষ্টিভঙ্গির ওপর বিশ্বাস রাখুন এবং যে গল্পটি সত্যিই বলতে চান, সেটিই তুলে ধরুন।”
চিত্রনাট্যকে ‘জীবন্ত ও প্রাণবন্ত এক সত্তা’ হিসেবে বর্ণনা করে ফারহান বলেন, লেখক, অভিনেতা এবং কলাকুশলীদের সম্মিলিত সৃজনশীল ভাবনার মধ্য দিয়ে একটি কাহিনি কীভাবে ক্রমশ বিকশিত হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, চলচ্চিত্র নির্মাণ একটি যৌথ প্রয়াস। যেখানে ব্যক্তিগত অহংবোধ সরিয়ে রাখতে পারলে একটি কাহিনি বিকশিত হওয়ার এবং নিজস্ব স্বর খুঁজে পাওয়ার সুযোগ পায়।
অতিরিক্ত প্রচারের ফলে যেন চলচ্চিত্রের মূল সত্তা আড়ালে চলে না যায়, সে বিষয়েও তিনি সতর্ক করেন। তাঁর মতে, অর্থবহ কাহিনি উপস্থাপন এবং দর্শকদের সঙ্গে আন্তরিক সংযোগ স্থাপনই সর্বদা অগ্রাধিকার পাওয়া উচিত।
আলোচনা শেষ হওয়ার প্রাক্কালে একটি গুরুত্বপূর্ণ ভাবনা বিশেষভাবে উঠে আসে—সৃজনশীল সাহসিকতা, মৌলিক গল্প বলার ধরন এবং প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানানোর মানসিকতা থেকেই জন্ম নেয় শ্রেষ্ঠ চলচ্চিত্র।
লগান, দিল চাহতা হ্যায় এবং চাঁদনি বার ভারতীয় সমাজের বিভিন্ন দিক তুলে ধরে চলচ্চিত্রের প্রচলিত ধারায় নতুন মাত্রা সংযোজন করেছিল। ২৫ বছর পরেও এই চলচ্চিত্রগুলির নির্মাতারা মানবিক অভিজ্ঞতাভিত্তিক কাহিনির চিরন্তন শক্তির কথা পুনর্ব্যক্ত করেন।
‘সীমানাহীন কাহিনি’ (Stories Without Borders) শীর্ষক ভাবনাকে কেন্দ্র করে আয়োজিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল চেতনার প্রতিফলন ঘটিয়ে এই আলোচনা তুলে ধরে, সংস্কৃতি কিংবা ভৌগোলিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও কীভাবে অকৃত্রিম কাহিনি সমস্ত সীমারেখা অতিক্রম করে বিশ্বের সর্বত্র দর্শকদের হৃদয়ে পৌঁছে যেতে পারে। প্রযুক্তি যখন ক্রমাগত চলচ্চিত্র নির্মাণের ধরন বদলে দিচ্ছে, তখনও মানুষের আবেগ, সৃজনশীল প্রত্যয় এবং গল্প বলার সর্বজনীন আবেদনই চলচ্চিত্রের চিরন্তন আকর্ষণের মূল ভিত্তি হয়ে রয়েছে।
বিশিষ্ট অভিনেত্রী ও প্রযোজক খুশবু সুন্দর এই অধিবেশনটি সঞ্চালনা করেন।
SC..