রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ন্যায়বিচারের ধারণার একটি অপরিহার্য উপাদান হল সময়ে ন্যায়বিচার প্রদান: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রকাশিত: 26 NOV 2026 7:43PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৬ নভেম্বর ২০২৬

 

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নয়াদিল্লিতে ভারতের সুপ্রিম কোর্ট আয়োজিত সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। 

 

রাষ্ট্রপতি সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন যে, ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের মানুষ দেশের সংবিধান গ্রহণ করেছিলেন। ২০১৫ সালে, আমাদের সংবিধানের প্রধান স্থপতি ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতি বছর এই দিনটিতে 'সংবিধান দিবস' পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

রাষ্ট্রপতি বলেন যে, "সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জেলা ও নিম্ন আদালতগুলি আমাদের প্রজাতন্ত্রের গৌরবময় যাত্রাপথে এক অমূল্য অবদান রেখে চলেছে। বিগত দশকগুলিতে জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে। বিশেষ করে, প্রযুক্তি এবং গণমাধ্যমের প্রভাব ক্রমশ ব্যাপক ও গভীর হয়েছে। পরিবর্তিত পরিস্থিতি ও প্রত্যাশার সঙ্গে নিজেদের ভূমিকা খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি বিচার বিভাগ ন্যায়বিচারের মৌলিক আদর্শকে সমুন্নত ও শক্তিশালী করেছে।"

রাষ্ট্রপতি বলেন যে, সময়ে ন্যায়বিচার প্রদান করা ন্যায়বিচারের ধারণার একটি অপরিহার্য উপাদান। সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, যেমন – পদ্ধতির সরলীকরণ, প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ আদালত প্রতিষ্ঠা। তিনি উল্লেখ করেন যে, এই সমস্ত প্রয়াস সত্ত্বেও, বিচারাধীন মামলার বিশাল জট আমাদের বিচার ব্যবস্থায় একটি বড় প্রতিবন্ধকতা হয়ে রয়েছে। 

 

 

রাষ্ট্রপতি বলেন যে, "হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামর্থ্য সকলের থাকে না। আমাদের সংবিধানে সমান সুযোগের ভিত্তিতে ন্যায়বিচার প্রদানের বিধান রয়েছে, যার মধ্যে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানও অন্তর্ভুক্ত। এই বিধানের উদ্দেশ্য হলো, অর্থনৈতিক সীমাবদ্ধতা বা অন্য কোনও ধরনের প্রতিকূলতার কারণে কোনও নাগরিক যেন ন্যায়বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হন। রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন যে, একটি দেশের প্রকৃত অগ্রগতি নিহিত রয়েছে প্রত্যেক নাগরিকের উন্নতি ও সফল হওয়ার সমান সুযোগ নিশ্চিত করার মধ্যে। তিনি প্রত্যেক শিশুকে উন্নত শিক্ষার সমান সুযোগ প্রদানের গুরুত্বের ওপর জোর দেন।

রাষ্ট্রপতি বলেন যে, আমাদের দেশে আইন শিক্ষায় আইন অধ্যয়নের পাশাপাশি সহানুভূতি এবং নৈতিকতাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। তরুণ আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, শ্রেষ্ঠত্বের সঙ্গে সহানুভূতি এবং দক্ষতার সঙ্গে করুণার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া উচিত।

রাষ্ট্রপতি বলেছেন যে, বিচারক ও আইনজীবী মহলে নারীদের বৃহত্তর ও অধিক সক্রিয় অংশগ্রহণ আমাদের সমাজকে আরও ন্যায্য, ন্যায়পরায়ণ, সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সাহায্য করবে। 

রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম ব্যক্তি, অ্যাসিড হামলার শিকার ব্যক্তি, ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী ব্যক্তিদের মামলাকে অগ্রাধিকার দিয়ে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও কার্যকর মামলা ব্যবস্থাপনা ও তালিকাভুক্তকরণ, ডিজিটাল রূপান্তরকে উৎসাহিত করা এবং বিরোধের সৌহার্দ্যপূর্ণ নিষ্পত্তিতে প্রেরণা দেওয়ার জন্য গৃহীত পদক্ষেপগুলির প্রশংসা করেন। তিনি এই আস্থা প্রকাশ করে বলেন যে, আমাদের বিচার বিভাগ সেই আদর্শকে সমুন্নত রাখবে, যে আদর্শকে সামনে রেখে গণ পরিষদের সদস্যরা বিচার সংক্রান্ত বিধানগুলি প্রণয়ন করেছিলেন।

 

রাষ্ট্রপতির ভাষণ দেখতে এখানে ক্লিক করুন:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/nov/doc_10592_20261126_19424501.pdf

 

 SC/MP/CS


(রিলিজ আইডি: 2342454) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Telugu , Malayalam