গোয়া, ২৬ নভেম্বর ২০২৬: ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নিজেদের চলচ্চিত্র ‘স্কাইলার্ক’-এর ভারত প্রিমিয়ারের পর, আজ গোয়ায় প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন পরিচালক ও চিত্রনাট্যকার নারঘিজা দোতিয়েভা এবং প্রযোজক গুলনারা কাসমামবেতোভা। চলচ্চিত্র নির্মাতারা এই ছবিটির অনুপ্রেরণা হিসেবে কাজ করা বাস্তব জীবনের অভিজ্ঞতা, মধ্য এশিয়ায় সোভিয়েত-পরবর্তী সীমান্ত নির্ধারণের ফলে মানবজীবনে যে মূল্য দিতে হয়েছে তার অন্বেষণ এবং ভারতীয় চলচ্চিত্রের প্রতি তাঁদের দীর্ঘদিনের অনুরাগের বিষয়ে আলোচনা করেছেন।
৮৫ মিনিটের এই কিরগিজ চলচ্চিত্রটি কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তের বাস্তব ঘটনা ও সংবাদ প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে৷ সেখানে নতুন করে সীমানা নির্ধারণের ফলে শতাব্দী ধরে একসঙ্গে বসবাস করে আসা জনগোষ্ঠী বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ সিনেমার মূল চরিত্র কিশোর আইবেক, যাকে বড় করেছেন তার দাদি ‘এনে’৷ দাদির মৃত্যুর পর, আইবেক এক কঠিন নৈতিক ও আবেগীয় পরীক্ষার মুখোমুখি হয়; সে তার দাদির শেষ ইচ্ছা পূরণ করতে চায়-তাজিকিস্তানের সীমান্তে অবস্থিত সেই কবরস্থানে, যেখানে তার স্বামীর সমাধি রয়েছে।
‘আমুর অটাম ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ গ্র্যান্ড প্রিক্স বিজয়ী ‘স্কাইলার্ক’ চলচ্চিত্রটি হল মধ্য এশিয়ার মৌখিক গল্প বলার ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক চলচ্চিত্ররীতির এক অনন্য সংমিশ্রণ।
পরিচালক দোতিয়েভা জানান, সিনেমাটি সরাসরি সীমান্ত এলাকার বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত৷ কাসমামবেতোভা তুলে ধরেন যে, কীভাবে আকস্মিক সীমানা বিভাজন বাতকেন অঞ্চলের পরিচিত চারণভূমি এবং পূর্বপুরুষদের সমাধিস্থলগুলোকে নিষিদ্ধ এলাকায় পরিণত করেছে৷ কিরগিজ লোককাহিনীতে ভেড়ার পিঠে শান্তভাবে বাসা বাঁধানো ‘স্কাইলার্ক’ বা ভরত পাখি শান্তি ও সম্প্রীতির প্রতীক৷ এই প্রতীকটিই চলচ্চিত্রটির মূল বার্তা-সংঘাতের মাঝেও মানুষের টিকে থাকার অদম্য শক্তিকে ফুটিয়ে তোলে।
ভারতের সঙ্গে নিজেদের সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে চলচ্চিত্র নির্মাতারা জানান, সোভিয়েত-যুগের কিরগিজস্তানে কীভাবে ভারতীয় চলচ্চিত্র তাঁদের শৈশবকে গড়ে তুলেছিল৷ তাঁরা মনে করেন, পরিবারের সঙ্গে বসে বলিউড সিনেমা দেখার কথা; পাড়ার শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় জড়ো হয়ে গান গাওয়া কিংবা ‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার মিঠুন চক্রবর্তীর নাচের ভঙ্গি অনুকরণ করার স্মৃতি। তাঁরা জানান, এমন এক সমাজে-যেখানে জনসমক্ষে রোমান্টিক অনুভূতির প্রকাশ ছিল সীমিত-ভারতীয় চলচ্চিত্র আবেগের এক নতুন ও গুরুত্বপূর্ণ দুয়ার খুলে দিয়েছিল।
পরিচালক আরও উল্লেখ করেন যে, রাজ কাপুরের ধ্রুপদী সিনেমা থেকে শুরু করে অমিতাভ বচ্চন অভিনীত চলচ্চিত্রগুলো-সবই কিরগিজস্তানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এর কারণ হলো এসব সিনেমার উষ্ণতা, চমৎকার গল্প বলার শৈলী এবং মানবিক সম্পর্কের উদযাপন। অধিবেশনটি সঞ্চালনা করেন বৃন্দা রণদীপ সুদান।
*****
PS/DM/KMD