গোয়া, ২৪ নভেম্বর, ২০২৬
‘লালু – কৃষ্ণ সদা সহায়তে’ নামের ২০২৫ সালের গুজরাটি আধ্যাত্মিক ছবিটি আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) ‘ইন্ডিয়ান প্যানোরামা’ বিভাগে প্রদর্শিত হয়েছে। অঙ্কিত ভূপতভাই সাখিয়া পরিচালিত এই সিনেমাটিতে এমন একজন সংগ্রামী রিকশাচালকের গল্প তুলে ধরা হয়েছে, যাঁর অতীত ছিল যন্ত্রণাময় এবং বর্তমান জীবন দারিদ্র্যক্লিষ্ট। ঘটনাক্রমে সে একটি প্রত্যন্ত খামারবাড়িতে আটকা পড়ে যায়; সেখানে সে নিজের অপরাধবোধের মুখোমুখি হয় এবং ভগবান কৃষ্ণের দর্শনের মাধ্যমে মুক্তির পথ খুঁজে পাওয়ার চেষ্টা করে। আজ উৎসবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালক সাখিয়া চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া, এর আধ্যাত্মিক বিষয়বস্তু এবং বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্যের যাত্রার কথা তুলে ধরেন।
মূলত, এই চলচ্চিত্রটি হল, বিশ্বাস ও ঘুরে দাঁড়ানোর অদম্য শক্তির জয়গান। ভগবান কৃষ্ণ এখানে প্রধান চরিত্রের নীরব সঙ্গী হিসেবে আবির্ভূত হন, যা তাকে আত্ম-অনুসন্ধান ও নিরাময়ের পথে চালিত করে। পরিচালক জানান, ভালোবাসা, বিশ্বাস এবং অভ্যন্তরীণ পরিবর্তনের মতো সর্বজনীন বিষয়গুলির মাধ্যমে দর্শকদের সাথে একটি আবেগীয় সংযোগ স্থাপন করাই ছিল তাঁর লক্ষ্য।
চলচ্চিত্রটির নামকরণের ব্যাখ্যায় সাখিয়া জানান, ‘লালু’ হলো ভগবান কৃষ্ণের একটি আদুরে নাম, যা সাধারণত ছোট ছেলেদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালক হিসেবে এটিই সাখিয়ার প্রথম কাজ। স্বল্প বাজেটের এই ছবিটিতে তাঁর বন্ধুরা কেবল আর্থিক সহায়তাই দেননি, বরং তাঁরা অভিনয়ের সঙ্গেও যুক্ত হয়েছিলেন।
সাখিয়া জানান, মানুষের মুখে মুখে প্রচারের মাধ্যমেই ছবিটি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে এবং শেষ পর্যন্ত প্রায় ১৩০ কোটি টাকা আয় করে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করেন, যেখানে দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিওগুলি চলচ্চিত্রটির পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছিল। এছাড়া, নিজের গ্রামে চলচ্চিত্রটি প্রদর্শনের বিশেষ অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন, যেখানে তিনি গ্রামের মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছিলেন।
ছবিটির সৃজনশীল দিক নিয়ে আলোচনার সময় সাখিয়া জানান, এর সংগীতে ‘গরবা’ (গুজরাটি লোকনৃত্য ও সঙ্গীত) ধারার প্রভাব রয়েছে এবং আবেগ ফুটিয়ে তোলার জন্য ক্লোজ-আপ শট ব্যবহার করা হয়েছে। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক অস্ট্রেলিয়া থেকে কাজ করেছেন। এতে জমকালো দৃশ্যায়ন বা আড়ম্বরের চেয়ে স্বাভাবিক অভিনয়, সংলাপ এবং গভীর আবেগের ওপর বেশি জোর দেওয়া হয়েছে।
গুজরাটি চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে সাখিয়া বলেন, গুজরাটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে এমন অনেক গল্প লুকিয়ে রয়েছে, যা এখনও বলা বাকি। তিনি আঞ্চলিক চলচ্চিত্রের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আশা ব্যক্ত করেন এবং বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অর্থবহ গল্প বলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
SC/MP/SB